শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ

বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো পথে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিক্ষোভকারীরা। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের খবর পাওয়া গেছে।
আজ বুধবার পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বিভিন্ন স্থান অবরোধ করে। এতে অন্যান্য শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।
ঢাকার সায়েন্সল্যাব মোড় থেকে শুরু করে উত্তরার বিএনএস সেন্টারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হয়।
শিক্ষার্থীদের এই আন্দোলনে ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় তাদেরকে "মিলন – ভুয়া...মিলন – ভুয়া" কিংবা "দফা এক, দাবি এক – শিক্ষামন্ত্রীর পদত্যাগ", "তুমি কে, আমি কে – ফার্মের মুরগি", "আপস না সংগ্রাম – সংগ্রাম, সংগ্রাম" ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ বুধবারের পরীক্ষা বন্ধ না করার জন্য তারা আজ আন্দোলনে নেমেছেন। কারণ গতকাল যারা রাত অবধি আন্দোলন করেছিরেন, তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি।
ঢাকার বাইরে জয়পুরহাট, বরিশালেও একই দাবিতে রাস্তায় নেমেছে অনেক শিক্ষার্থী।
চলমান পরিস্থিতিতে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

