লাইভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ঢাকার কয়েকটি স্থানে এই বিক্ষোভের খবর পাওয়া গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

    ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ
    ছবির ক্যাপশান, ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই গতকাল সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

    মঙ্গলবার ঢাকার কয়েকটি এলাকায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি তারা আরো দুটি দাবি তুলেছে। সোমবার যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি তাদের পরীক্ষা নেওয়া এবং বন্যা বা জলাবদ্ধতা পুরোপুরি না কাটা পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার দাবি জানিয়েছে।

    ঢাকার বাইরেও কয়েকটি জায়গায় পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ হচ্ছে বলেও স্থানীয় গণমাধ্যমে খবর আসছে।

    মঙ্গলবার সকালে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ধানমন্ডি থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    এরপর সেখান থেকে বিক্ষোভকারীরা ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে রওনা দেয়।

    এদিকে, বেলা সাড়ে বারোটার দিকে উত্তরায় বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে সেখানকার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। এ সময় বিমান বন্দরের দিকে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়।

  2. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের বিরোধিতা করে সংসদ থেকে বিরোধী দলের সদস্যরা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে ওয়াক আউট করেছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল করবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, "হরমুজ প্রণালি খোলা আছে এবং ইরান রাজি হোক অথবা না হোক, এটি খোলাই থাকবে। আমরা 'ইরানীয় অবরোধ' পুনর্বহাল করছি। ওদিকে ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
    • যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘোষণা করেছেন যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করা হবে। মাহমুদ নতুন সরকারি ক্ষমতা ব্যবহার করে এই গোষ্ঠীটির প্রতি সমর্থন নিষিদ্ধ করবেন। সংগঠনটির যুক্তরাজ্যে প্রাণনাশের হুমকি, হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
    • গাইবান্ধায় উঁচু একটি রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরনীদাসকে অর্থপাচার মামলায় গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
    • বাংলাদেশের সব অঞ্চলেই মাঝারী, ভারী কিংবা অতিভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ বলেছে, দেশের ছয়টি বিভাগের কোথাও ভারী, আবার কোথাও অতিভারী বর্ষণ হতে
    • সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানের অবতরণ ঠেকাতে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠীর একজন মুখপাত্র এই হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছেন। তারা এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।
  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে