আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে, চট্টগ্রামে ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মুকিমুল আহসান, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • এখন থেকে বাংলাদেশে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না, এ বিষয়ে নির্দেশ জারি করেছে সরকার।
    • চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
    • গ্যাস, বিদ্যুৎ সংকট ও ঋণখেলাপি ইস্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই দিন বিরোধী দলের সার সংকট নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন।
    • বাংলাদেশে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশুর মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০২ জনে।
    • মার্কিন ও হুথি হামলার জেরে জুলাইয়ের পর আন্তর্জাতিক বাজারের প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার বা ৭৪ পাউন্ড ছাড়িয়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম জুলাইয়ের পর আর এত বেশি হয়নি।
    • বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প দেওয়া হবে।
    • ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।
    • ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬৩ জন।
    • ইরাক থেকে পাওয়া খবরে বলা হয়েছে, পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ইরাকের প্রায় ২০ লাখব্যারেলজ্বালানি তেল ছিল,বুধবার দেশটির জলসীমায় সেই তেলবাহী জাহাজটি ড্রোন হামলার শিকার হয়েছে।

    বিবিসি বাংলা'র লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইয়েমেনে ‘৪০টি বিমান হামলা’ হয়েছে দাবি হুথিদের

    বার্তা সংস্থা এএফপি ইয়েমেনের হুথিদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ এলাকাসহ বিভিন্ন স্থানে ৪০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। এসব এলাকায় হুথি বাহিনী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।

    ইয়েমেনের হুথি এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট নিয়মিতভাবে সামরিক হামলার মাধ্যমে একে অপরের অবস্থান লক্ষ্য করে আঘাত হানছে।

    পাকিস্তান ইয়েমেনের হুথিদের সমালোচনা করেছে এবং সতর্ক করে দিয়েছে যে, সৌদি আরবের ওপর হামলা অব্যাহত থাকলে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’ সক্রিয় করা হতে পারে।

  3. লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু, সবশেষ অবস্থা নিয়ে যা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ

    বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

    বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

    তিনি জানান, মঙ্গলবার থেকেই মি. বসুর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, যে কারণে চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছিলেন। সবশেষ বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

    পরিচালক মি. আসাদুজ্জামান বলেন, “অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। কাল রাত থেকে তার শ্বাসকষ্ট বেড়েছে। যে কারণে তাকে আইসিইউ থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, আশা করি খারাপ কিছু হবে না”।

    এর আগে গত সোমবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়।

  4. গ্যাস-বিদ্যুৎ ও ঋণখেলাপি ইস্যুতে সংসদে সরকারের কড়া সমালোচনা রুমিন ফারহানার

    গ্যাস, বিদ্যুৎ সংকট ও ঋণখেলাপি ইস্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে সরকারের কড়া সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

    বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

    মিজ ফারহানা বলেন, “প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে, আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না- এটা হইতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আবার সারের সংকট হবে না, গরিব কৃষক সার কারখানায় গিয়ে সেটা লুট করবেন না, সেইটাও হইতে পারে না”।

    তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, ছয় লাখ ছয় হাজার কোটি টাকার ওপর ঋণ খেলাপি হওয়া ইত্যাদি.. ইত্যাদি”।

    মিজ ফারহানা যখন এই বক্তব্য রাখছিলেন তখন সরকারদলীয় সংসদ সদস্যরা তুমুল হট্টগোল তৈরি করলে ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।

    পরে রুমিন ফারহানা বলেন, “এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। মজা মন্দ না। আওয়ামী লীগকে যখন বলতাম তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপির একই ধরনের আচরণ করছে। আরও খারাপ আচরণ বরং বলি”।

    সংসদে ঋণখেলাপিদের অংশগ্রহণ নিয়ে মিজ ফারহানা বলেন, “এই সংসদে বেশিরভাগ সদস্য ঋণ খেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা এগুলো আমাদের পুরোনো সংস্কৃতি। এগুলো আমরা বহু দেখেছি”।

  5. কৃষকদের পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়ার ঘোষণা তারেক রহমানের

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে”।

    বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য তাজউদ্দীন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে একথা জানান।

    তারেক রহমান বলেন, “বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে, যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয় সবগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে আমরা সৌর বিদ্যুতের আওতায় নিয়ে যাব”।

    তিনি বলেন, “সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। ইতোমধ্যে ২০২৬ হতে ২০৩০ মেয়াদে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। উক্ত কৌশলপত্র অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্ভাবনা ও বাস্তবতা বিবেচনায়, ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে নিম্নোক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে”।

  6. সৌদি আরব ইয়েমেনের ৩২টি জায়গায় বিমান হামলা চালিয়েছে- দাবি হুথিদের

    ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।

    হুথিরা সৌদি আরবে ধারাবাহিক হামলা চালানোর একদিন পর এই হামলা চালায় সৌদি আরব।

    হুথি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, “গত কয়েক ঘণ্টায় সৌদি আরব বিভিন্ন এলাকার ৩২টি জায়গায় বিমান হামলা চালিয়েছে।

    যদিও এটি নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।

    এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং বেশ কয়েকজন আহতও হয়েছে।

    সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনার ওপর হুথিদের হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন সৌদি নাগরিক আহত হয়েছেন।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, "নিরপরাধ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের অব্যাহত হামলার গুরুতর পরিণতি হতে পারে।"

  7. ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু

    ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬৩ জন।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, একজন ময়মনসিংহ বিভাগে এবং অপরজন রংপুর বিভাগে মারা গেছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৯৩৮ জন।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ১৭৪ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন।

  8. ইরাকি তেলের ট্যাংকারে ড্রোন হামলা

    ইরাক থেকে পাওয়া খবরে বলা হয়েছে, পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ইরাকের প্রায় ২০ লাখব্যারেলজ্বালানি তেল ছিল,বুধবার দেশটির জলসীমায় সেই তেলবাহী জাহাজটি ড্রোন হামলার শিকার হয়েছে।

    ইরাকি বন্দরের কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দেশটির উদ্ধারকারী নৌযানগুলো ‘নিউ অ্যান্ড্রোস’ নামের ট্যাংকারটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এই হামলায় জাহাজটির ২২ জন নাবিকের কেউ হতাহত হননি।

    তবে এই হামলা নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

    এর আগে নৌ চলাচল পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসজানিয়েছিল, পারস্য উপসাগর ও ওমান উপসাগরীয় এলাকায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

    এর আগে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকারী ২০টি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান।

  9. হাম ও উপসর্গ নিয়ে বাংলাদেশে শিশু মৃত্যু এক হাজার ছাড়াল

    বাংলাদেশে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশুর মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০২ জনে।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হামের উপসর্গে মারা গেছে ৯০২ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ১০০ শিশু।

    তবে, গত ২৪ ঘণ্টায় তিনজনই মারা গেছে হামের উপসর্গে, নিশ্চিত হামে নয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১১৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের।

    ১৫ই মার্চ থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে।

  10. জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মার্কিন ও হুথি হামলার জেরে জুলাইয়ের পর আন্তর্জাতিক বাজারের প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার বা ৭৪ পাউন্ড ছাড়িয়ে গেছে।

    ব্রেন্ট ক্রুডের দাম জুলাইয়ের পর আর এত বেশি হয়নি। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি হলেও পরে তা ভেস্তে গেছে।

    ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি তারা লোহিত সাগরে তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

    ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯.৯০ ডলারে নেমে এলেও, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সংঘাত দেখা দিলে এর দাম আবার বেড়ে যেতে পারে।

    চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা হয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বেড়ে যাওয়ায় তেলের দামের ওপর চাপও তীব্র হয়েছে।

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার বা ৫২ পাউন্ড।

    পরে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

    তেলের দাম বাড়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশে পেট্রোলের দামও ব্যাপকভাবে বেড়েছে এবং গাড়িচালকদের জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

  11. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা

    এখন থেকে বাংলাদেশে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।

    বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে "মহামান্য ও মাননীয় শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে" সরকার।

    পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন সব দপ্তরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  12. চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনে দুই জন সেনাসদস্য নিহত: আইএসপিআর

    চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

    তারা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

    আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও আইএসপিআর জানিয়েছে।

  13. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানিসহ সংশ্লিষ্ট কিছু সেবার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘জাতিগত নিধন’ বলেও আখ্যা দিয়েছে দেশটি।
    • যুক্তরাজ্যের পদক্ষেপের পাল্টা জবাবে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সাথে যাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ১২ জন ব্রিটিশ এমপিকে ও কয়েকজন ব্রিটিশ নাগরিককে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
    • প্রতারণার মামলায় আটকের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ৫৭১ জন।
    • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
    • অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
    • অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, তার ওপর ইতালির ভেনিসে যে হামলা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে সেটি নিয়ে অভিযুক্তদের বিষয়ে মামলা করছেন তিনি। তিনি বলেছেন, “আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না”।
    • তথ্য গোপনের অভিযোগে একজন আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের কিছু বক্তব্যের জের ধরে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে