বুধবার সারাদিন যা যা হলো:
- এখন থেকে বাংলাদেশে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না, এ বিষয়ে নির্দেশ জারি করেছে সরকার।
- চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
- গ্যাস, বিদ্যুৎ সংকট ও ঋণখেলাপি ইস্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই দিন বিরোধী দলের সার সংকট নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন।
- বাংলাদেশে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশুর মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০২ জনে।
- মার্কিন ও হুথি হামলার জেরে জুলাইয়ের পর আন্তর্জাতিক বাজারের প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার বা ৭৪ পাউন্ড ছাড়িয়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম জুলাইয়ের পর আর এত বেশি হয়নি।
- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প দেওয়া হবে।
- ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।
- ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬৩ জন।
- ইরাক থেকে পাওয়া খবরে বলা হয়েছে, পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ইরাকের প্রায় ২০ লাখব্যারেলজ্বালানি তেল ছিল,বুধবার দেশটির জলসীমায় সেই তেলবাহী জাহাজটি ড্রোন হামলার শিকার হয়েছে।
বিবিসি বাংলা'র লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।










