আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় খসড়া পাস

সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন, এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৬ জন, আহত ৪০

    রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হেনেছে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক গভর্নর।

    ড্রোনটি সমুদ্রসৈকতে আঘাত হানার আগে সেটিকে প্রতিহত করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

    তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটির লক্ষ্যবস্তু সম্ভবত সৈকত থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে থাকা একটি রুশ নৌঘাঁটি ছিল। এ ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে বিবিসি ভেরিফাই।

    এদিকে, মস্কোর প্রায় ১১২ মাইল (প্রায় ১৮০ কিলোমিটার) পূর্বে অবস্থিত অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

  2. নির্বাচিত হয়ে আসলেই যে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন, এটা আপনাকে কে বলছে? প্রশ্ন নাহিদ ইসলামের

    বাংলাদেশ নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, "তারা বলছে, আমরা নির্বাচিত হয়ে আসছি। কিন্তু নির্বাচিত হয়ে আসলেই যে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন, এটা আপনাকে কে বলছে? আপনার সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর। কিন্তু সর্বনিম্ন কত, সেটি আপনাকেই ঠিক করতে হবে।"

    ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তি ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার "বিতাড়ন" এবং পাঁচই অগাস্টের পরে জাতীয় ঐক্যের ভিত্তি হলো "নতুন বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বিচার" উল্লেখ করে তিনি আরও বলেন, "যদি তারেক রহমান বিচার করতে পারে, যদি সংস্কার বাস্তবায়ন করতে পারে, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হবো। ফ্যাসিবাদকে রোধ করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হবো।"

    "কিন্তু আপনি কিছুই করবেন না, শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন আর কার্ড বিতরণ করবে, আর আপনার লোকেরা দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, আমাদের ছোট ভাইয়ের চোখ কেড়ে নিবে, চান্দাবাজি আর টেন্ডারবাজি করবেন, আর আপনাদের জাতীয় ঐক্যে আমাদের যেতে হবে, এরকম জাতীয় ঐক্যের সাথে জনগণ, এনসিপি নাই।"

    বিএনপি যদি সুশাসন না প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তারা দেশ পরিচালনা করতে পারবেন না বলে মত তার।

    "আওয়ামী লীগের পুনর্বাসনের কথা হচ্ছে...আপনারা এটা একবার করে দেখেন। আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারও থাকে, তাহলে তার যদি সাহস থাকে-হিম্মত থাকে, তাহলে সে সেটা করে দেখান," বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    আজ সোমবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, "আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ পাঁচই অগাস্ট ঘোষণা দিয়েছে, মুজিবের মূর্তি ভেঙ্গে মুজিববাদকে নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ; এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি।"

    "এখন পত্রিকার মাধ্যমে, টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে, এত সহজ যদি হতো, তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে।''

  3. বিজেপির ৩৫ বছরের দুর্গে ফাটল ধরিয়ে বিহারের উপ-নির্বাচনে জয় প্রশান্ত কিশোরের

    দীর্ঘ ৩৫ বছর ধরে বিজেপির দুর্গ বলে যে আসন পরিচিত ছিল, সেই বাঁকিপুর আসনের উপনির্বাচনে জয়লাভ করলেন জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোর।

    নির্বাচন স্ট্র্যাটেজিস্ট বলে সুপরিচিত প্রশান্ত কিশোর বিহার বিধানসভায় জয়লাভ করতে না পারলেও নীতিন নবীন রাজ্যসভা এমপি পদে মনোনীত হলে খালি হয়ে যায় বাঁকিপুর আসনটি।

    সেখানে বিজপি প্রার্থী নিরজ কুমারকে ১৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করলেন প্রশান্ত কিশোর।

    উল্লেখ্য, নীতিন নবীন হলেন বর্তমানে বিজেপির জাতীয় সভাপতি।

    ইতিমধ্যেই প্রশান্ত কিশোরকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

    বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহা, অর্থাৎ নীতিন নবীনের বাবার মৃত্যুর পর ২০০৬ সালে নীতিন নবীন নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন এবং তৎকালীন পাটনা পশ্চিম কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন।

    নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশনের পর তিনি ২০১০, ২০১৫, ২০২০ এবং ২০২৫ সালে ধারাবাহিকভাবে বাকিপুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন।

    প্রতিটি নির্বাচনে তিনি জয়লাভ করে এই আসনে নিজের আধিপত্য প্রতিষ্ঠিত করেছিলেন। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে নবীন ৯৮,২৯৯টি ভোট পেয়ে আরজেডি প্রার্থীকে ৫১,৯৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

    প্রায় ৩.৮ লক্ষ ভোটারের এই কেন্দ্রে জয়টি কোনোভাবেই সাধারণ ছিল না, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, এটি ছিল তাঁর নিরঙ্কুশ আধিপত্যের বহিঃপ্রকাশ।

  4. সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় খসড়া পাস

    সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন, এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।।

    বর্তমানে প্রচলিত ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’-এ কেউ সম্পত্তি দান করলে সেটির মালিকানা ও ভোগদখলের অধিকার গ্রহীতার কাছে চলে যায়। তবে নতুন সংশোধনী অনুযায়ী, সম্পত্তির মালিকানা হস্তান্তর হলেও দাতা জীবদ্দশায় তা ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার সংরক্ষণ করতে পারবেন।

    একই বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এ আইন গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করবে বলে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    ​আইনটিতে গুম হওয়া ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং সাক্ষী, অভিযোগকারী, তথ্য প্রকাশকারী ও ভুক্তভোগীর গোপনীয়তা ও নিরাপত্তার বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

    ভুক্তভোগীদের তদন্তের অগ্রগতি, ঘটনার প্রকৃত তথ্য এবং গুম হওয়া ব্যক্তির অবস্থান বা পরিণতি জানার অধিকার স্বীকৃত হয়েছে। তাদের জন্য সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ তহবিল গঠন এবং দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে; তা সম্ভব না হলে রাষ্ট্র কর্তৃক ক্ষতিপূরণ প্রদানের বিধান যুক্ত করা হয়েছে।

    এছাড়া, ‘অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ২০২৬’ এবং ‘ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে ১৯৯৪ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা বহাল থাকবে।

  5. বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সমন্বিত তদন্ত চলছে। এর মাধ্যমে দায়ীদের শনাক্ত করা এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

    তিনি বলেন, আমরা তদন্ত করছি, কারা জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা নিরূপণ করা হবে।

    তিনি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

    খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলো আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।

    তিনি আরও বলেন, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ সংগঠন এবং বিদেশ থেকে পরিচালিত কিছু গোষ্ঠীর কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

  6. বরিশালে 'হ্যান্ডমেড' বোমা বিস্ফোরণ, আহত তিনজন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুইজনের অবস্থা গুরুতর।

    বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বিবিসি বাংলাকে বিবিসি বাংলাকে বলেন, ভোর ছয়টার সময় ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

    তিনি আজ সন্ধ্যায় জানান, আহতদের একজন পুরুষ ও দুইজন নারী; এদের মাঝে একটি শিশুও আছে, যার বয়স ১৫ বছর। তাদের তিনজনকেই প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিলো। কিন্তু আহতদের মাঝে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

    কী ধরনের বোমা ছিল এবং কারা ঘটিয়েছে, জানতে চাইলে ওসি বলেন, "কী ধরনের বোমা জানি না। এটা লোকালি তৈরি। হ্যান্ডমেড। পেট্রোল টাইপের। আর, কারা রেখেছে তা জানি না এখনও, চেষ্টা চলছে জানার।"

  7. ভারতের ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ

    দিন কয়েক আগেই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁস-সহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর যার আঁচ ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে।

    এবার পড়ুয়াদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে ঝাড়খণ্ড।

    গত ২৯শে জুলাই থেকে এই ছাত্রছাত্রীরা ঝাড়খণ্ড প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন।

    ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এ অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে জড়ো হয়েছেন তারা।

    রোববার সন্ধ্যায় বিপুল পরিমাণে পরীক্ষার্থীরা বিক্ষোভে সামিল হন।

    ঝাড়খণ্ডের প্রশাসনিক ও অন্যান্য সরকারি চাকরিতে নিয়োগের প্রধান প্রতিষ্ঠান হলো জেপিএসসি এবং জেএসএসসি।

    বিক্ষোভকারীদের অভিযোগ, এই কমিশনগুলো দ্বারা পরিচালিত পরীক্ষায় দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। যার ফলে লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হয়েছে। জেপিএসসি, ২০২৫-এর প্রিলিমিনারি (প্রাথমিক স্তর)-র ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ প্রকাশ্যে আসে। তারপর মূল পরীক্ষা স্থগিত করা হয়।

    বিতর্ক তীব্র আকার ধারণ করলে রাজ্য সরকার এই মামলার তদন্তের ভার সিআইডির হাতে তুলে দেয়।

    এরপর সিআইডির জিজ্ঞাসাবাদের পর ২২শে জুলাই জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। রাঁচিতে বিক্ষোভস্থলে জড়ো হওয়া বিক্ষোভকারীদের প্রধান দাবি এই মামলার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হোক।

    প্রসঙ্গত, বিক্ষোভে সামিলদের মধ্যে এই পরীক্ষার প্রার্থী ছাড়াও বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবং ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা সমর্থিত ছাত্র সংগঠনও এই বিক্ষোভে যোগ দিয়েছে।

    রোববার বিক্ষোভস্থলে এসে ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো অনশনের করার কথা ঘোষণা করেন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাঁচি কেন্দ্র থেকে জেএলকেএম-এর প্রার্থী ছিলেন।

  8. আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না: ইসমাইল বাঘাই

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের ওপর "ব্যাপক" হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। তারপর বলেছেন যে আজ সোমবার থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনা শুরু হবে।

    কিন্তু ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান বর্তমানে হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে চলমান আলোচনাতেই মনোযোগ দিচ্ছে। গত আট দিন ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

    তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো ওমানের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে অস্থায়ীভাবে হলেও যত দ্রুত সম্ভব একটি পথ নির্ধারণ করা, যা দিয়ে আমরা হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে পারবো। "

    তিনি আরও বলেন যে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। ওমানের সাথে কোনো বিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়নি।

    ওমানের সঙ্গে সমঝোতা মানেই এটা নয় যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে উল্লেখ করে তিনি এও বলেন, "নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা প্রণালি খোলার একটি শর্ত, তবে এটিই একমাত্র শর্ত নয়।"

  9. আসামের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি

    আসামের বন্যা পরিস্থিতিতে সামান্য উন্নতি হয়েছে। তবে সরকারি তথ্য অনুযায়ী এখনো পাঁচটা জেলার এখনো ব্যাপকভাবে প্রভাবিত। এই তালিকায় রয়েছে শিবসাগর, ধেমাজি, চরাইদেও, জোড়হাট এবং গোলাঘাট।

    ‘আসাম স্টেট ডিসাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি’ (এএসডিএমএ)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন এক লক্ষ ৩৬ হাজার ২০৩ জন। এবং মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জন। ফসলি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এএসডিএমএ-এর তথ্য অনুযায়ী, ১৫,৪২২ হেক্টর জমি এখনো জলের নীচে রয়েছে।''

    প্রশাসনের তরফে ত্রাণ ও উদ্ধারের কাজ চালানো হচ্ছে। বহু মানুষ এখনো আশ্রয় শিবিরে রয়েছেন। যে অঞ্চলে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে সেখানে পুনর্বাসনের চেষ্টা চলছে। কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতার কথা ভুলতে পারছেন না অনেকেই।

    আসামের শিবসাগর জেলার নেপালিকুটি অঞ্চলের চার-পাঁচটা গ্রাম মিলিয়ে প্রায় হাজারজন বাসিন্দা বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, কোনোমতে তাদের উদ্ধার করেন স্থানীয়রাই।

    সোহন চৌধুরী নামে এক স্থানীয় বাসিন্দা সেই অভিজ্ঞতার কথা বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন।

    তিনি বলেছেন, “আমরা বাড়িতে ছিলাম হঠাৎই জলস্তর বাড়তে থাকে। তখন কোনো কিছু ভাবার অবকাশ ছিল না। বাড়ি-ঘরের কথা না ভেবে আমরা অন্যদের উদ্ধারের জন্য বেরিয়ে পড়ি। আমাদের লোকেরা গভীর জলে দাঁড়িয়ে ছিল।” “আমরা নিজেরাই নৌকা বের করে জলে নেমে পড়ি। আশপাশের চার-পাঁচটা গ্রাম মিলিয়ে আমরা এক হাজার জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছি।”

  10. বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

    তিনি বলেন, "আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজতর করতে সরকার সক্রিয়ভাবে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করছে।" খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এজন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।

    তিনি বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ‘ল’ ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে।

    সালাহউদ্দিন আহমদ বলেন, তার (বেনজীর) আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

    তিনি আরও বলেন, সরকার সন্দেহ করছে যে সাবেক পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। এ বিষয়টি সরকারের আইনি কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

  11. বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

    বাংলাদেশের বিরোধী দলের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় তিনি এই কথা বলেন।

    তার মতে, "এখন আমাদের বিরোধী দলের সম্মানিত নেতারা বাইরে যে ভাষায় কথা বলছেন, (যেমন) পাঁচ বছর (সরকার পরিচালনা) করতে দেবো না, এ ভাষায় কথা বলতেন আমাদের হাসিনা।"

    নব্বইয়ের দশকে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল আরও বলেন, "শেখ হাসিনা তখন বলতো, 'একটা দিনের জন্যও শান্তিতে থাকতে দিবো না।' আজকে সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন বিরোধী দলের নেতারা...আমরা তাদের (বিরোধী দল) প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।"

    "তারা অবশ্যই সমালোচনা, বিরোধিতা করবেন এবং সরকার যে ভুলগুলো করবেন, সেগুলো দেখিয়ে দিবেন। কিন্তু সেটা পার্লামেন্টের ভেতর হলেই গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে," যোগ করনে তিনি।

    তার দাবি, একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি ঠিক হচ্ছে না। এটি পুরোপুরি ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যা যা স্বাক্ষর করেছে তা অবশ্যই পুরণ করা হবে। বিরোধী দল সংবিধান সংশোধনের যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে।

    তিনি আরও বলেন, "সংস্কার নাকি সংশোধন হবে, এটার জন্য সংসদে আসুন, আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই। তখন যদি একমত না হন, বেরিয়ে যাবেন না হয়। কিন্তু (আগে) আলোচনা করেন।"

  12. ভারতীয় নারী কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় খালাস বিজেপির ব্রিজ ভূষণ শরণ সিং

    বিজেপি নেতা এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং নারী কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলা থেকে তাকে মুক্তি দিয়েছে দিল্লির এক আদালত। ছয়জন নারী কুস্তিগীর ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।

    এই মামলাকে কেন্দ্র করে ২০২৩ সালে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তর। ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তি এবং ফেডারেশন ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরঙ পুনিয়া-সহ একাধিক আন্তর্জাতিকস্তরে বিখ্যাত ভারতীয় কুস্তিগীর।

    আইন সংক্রান্ত সংবাদ প্রকাশকারী ওয়েবসাইট ‘লাইভ ল’-এর তথ্য অনুযায়ী, সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পাশাপাশি এই মামলায় আরেক অভিযুক্ত তথা কুস্তি সংস্থার প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমরকেও এই মামলা থেকে মুক্তি দিয়েছে।

    আদালতের রায় প্রকাশ্যে আসার পর বিজেপির সাবেক সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, “আদালত বলেছে, ব্রিজ ভূষণ সিং এবং বিনোদ তোমর, আপনারা দুজনেই সম্মানে সাথে খালাস পেলেন। একেবারে প্রথম দিনই আমি বলেছিলাম যে, যদি আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসে বা কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি ফাঁসি যেতে রাজি। আজ আদালত আমাকে সম্মানের সাথে খালাস দিয়েছেন। এটা আমার এবং আমার অনুরাগীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি আর কিছু বলব না আজ।”

    অন্যদিকে, মামলার রায় প্রকাশ্যে আসার পর কুস্তিগীর ও কংগ্রেস নেত্রী ভিনেশ ফোগাট অভিযোগ করেছেন যে, শুরু থেকেই ব্রিজ ভূষণ সিংকে বাঁচানোর চেষ্টা করেছে সরকার।

    এক বিবৃতিতে তিনি বলেছেন, “শাসক দলের একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে রাস্তায় নেমে এফআইআর দায়ের করতে আমাদের অনেক সাহসের প্রয়োজন হয়েছে। নিজের ক্ষমতা ও পেশীশক্তি ব্যবহার করে ব্রিজ ভূষণ অনেক মেয়েকে ভয় দেখিয়ে তাদের নাম প্রত্যাহার করতে বাধ্য করেছে।”

    তিনি লিখেছেন, “কিন্তু অনেক নারী কুস্তিগীর রুখে দাঁড়িয়ে আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। আমরা গভীরভাবে মর্মাহত যে, নারী কুস্তিগীরদের আনা যৌন নির্যাতনের অভিযোগে আদালত ব্রিজ ভূষণ শরণ সিংকে দোষী সাব্যস্ত করেনি।”

    অন্যদিকে, কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, “আজকের রায় এটা স্পষ্ট করে দিয়েছে যে, তাদের হাতেই সমস্ত ক্ষমতা, তাদের সবকিছুই আছে। তারা সাক্ষীদের ভেঙে দিয়েছে। আমরা এখন আদালতের বিস্তারিত আদেশ জানার চেষ্টা করছি। কোন ভিত্তিতে তাকে খালাস দেওয়া হয়েছে আমরা বুঝতে পারছি না।”

  13. 'ছাগলকাণ্ডে' আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিচার শুরু

    প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 'ছাগলকাণ্ডে' আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

    আগামী ১৪ই সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

    সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এ আদেশ দেয়।

    মতিউর রহমানের বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আর গত বছরের ১৪ই জানুয়ারি মতিউর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

    মূলত, ২০২৪ সালে কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনা নিয়ে তিনি আলোচনায় আসেন। সেসময় এক তরুণ ওই ছাগলটি কিনে। তারপর সেই খবরটি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এবং পরে বের হয় যে ওই তরুণ মি. রহমানের-ই সন্তান।

    যদিও মতিউর রহমান তখন সংবাদমাধ্যমের কাছে তা অস্বীকার করেছিলেন।

    পরে তৎকালীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য একাধিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন যে, ওই তরুণ মি. রহমানের সন্তান এবং তার।

    পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে শুরু করে দুর্নীতি দমন কমিশন।

    ছাগলকাণ্ড নিয়ে আরও পড়তে পারেন...

  14. গতকাল যা যা ঘটেছে:

    • সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য বাংলাদেশ সরকার ল' ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার জামিন বাতিল করা যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
    • সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি দাবি করেছেন, খুব শীগ্রই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে।
    • চব্বিশের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থানার সামনের ঘটনা তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
    • সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে রয়েছে সেখানকার পরিবেশ।
    • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অগাস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
    • ইরানকে হামলার জন্য নয় বরং হুথিদের প্রতিরোধ করতে সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ যোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
    • সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস দুইটি মামলায় জামিন পেয়েছেন। তবে আরো মামলা থাকায় আপাতত তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাই'য়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার-সহ গতকালের প্রধান খবরগুলো পড়তে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে