লাইভ, 'ছাগলকাণ্ডে' আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিচার শুরু

'ছাগলকাণ্ডে' আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে নারী কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলা থেকে বিজেপি নেতা এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে মুক্তি দিয়েছে দিল্লির এক আদালত। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

    বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বাংলাদেশের বিরোধী দলের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় তিনি এই কথা বলেন।

    তার মতে, "এখন আমাদের বিরোধী দলের সম্মানিত নেতারা বাইরে যে ভাষায় কথা বলছেন, (যেমন) পাঁচ বছর (সরকার পরিচালনা) করতে দেবো না, এ ভাষায় কথা বলতেন আমাদের হাসিনা।"

    নব্বইয়ের দশকে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল আরও বলেন, "শেখ হাসিনা তখন বলতো, 'একটা দিনের জন্যও শান্তিতে থাকতে দিবো না।' আজকে সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন বিরোধী দলের নেতারা...আমরা তাদের (বিরোধী দল) প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।"

    "তারা অবশ্যই সমালোচনা, বিরোধিতা করবেন এবং সরকার যে ভুলগুলো করবেন, সেগুলো দেখিয়ে দিবেন। কিন্তু সেটা পার্লামেন্টের ভেতর হলেই গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে," যোগ করনে তিনি।

    তার দাবি, একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি ঠিক হচ্ছে না। এটি পুরোপুরি ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যা যা স্বাক্ষর করেছে তা অবশ্যই পুরণ করা হবে। বিরোধী দল সংবিধান সংশোধনের যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে।

    তিনি আরও বলেন, "সংস্কার নাকি সংশোধন হবে, এটার জন্য সংসদে আসুন, আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই। তখন যদি একমত না হন, বেরিয়ে যাবেন না হয়। কিন্তু (আগে) আলোচনা করেন।"

  2. ভারতীয় নারী কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলায় খালাস বিজেপির ব্রিজ ভূষণ শরণ সিং

    ব্রিজ ভূষণ শরণ সিং

    ছবির উৎস, Sonu Mehta/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, ব্রিজ ভূষণ শরণ সিং

    বিজেপি নেতা এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং নারী কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলা থেকে তাকে মুক্তি দিয়েছে দিল্লির এক আদালত। ছয়জন নারী কুস্তিগীর ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।

    এই মামলাকে কেন্দ্র করে ২০২৩ সালে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তর। ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তি এবং ফেডারেশন ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরঙ পুনিয়া-সহ একাধিক আন্তর্জাতিকস্তরে বিখ্যাত ভারতীয় কুস্তিগীর।

    আইন সংক্রান্ত সংবাদ প্রকাশকারী ওয়েবসাইট ‘লাইভ ল’-এর তথ্য অনুযায়ী, সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পাশাপাশি এই মামলায় আরেক অভিযুক্ত তথা কুস্তি সংস্থার প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমরকেও এই মামলা থেকে মুক্তি দিয়েছে।

    আদালতের রায় প্রকাশ্যে আসার পর বিজেপির সাবেক সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, “আদালত বলেছে, ব্রিজ ভূষণ সিং এবং বিনোদ তোমর, আপনারা দুজনেই সম্মানে সাথে খালাস পেলেন। একেবারে প্রথম দিনই আমি বলেছিলাম যে, যদি আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসে বা কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি আত্মহত্যা করব। আজ আদালত আমাকে সম্মানের সাথে খালাস দিয়েছেন। এটা আমার এবং আমার অনুরাগীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি আর কিছু বলব না আজ।”

    অন্যদিকে, মামলার রায় প্রকাশ্যে আসার পর কুস্তিগীর ও কংগ্রেস নেত্রী ভিনেশ ফোগাট অভিযোগ করেছেন যে, শুরু থেকেই ব্রিজ ভূষণ সিংকে বাঁচানোর চেষ্টা করেছে সরকার।

    এক বিবৃতিতে তিনি বলেছেন, “শাসক দলের একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে রাস্তায় নেমে এফআইআর দায়ের করতে আমাদের অনেক সাহসের প্রয়োজন হয়েছে। নিজের ক্ষমতা ও পেশীশক্তি ব্যবহার করে ব্রিজ ভূষণ অনেক মেয়েকে ভয় দেখিয়ে তাদের নাম প্রত্যাহার করতে বাধ্য করেছে।”

    তিনি লিখেছেন, “কিন্তু অনেক নারী কুস্তিগীর রুখে দাঁড়িয়ে আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। আমরা গভীরভাবে মর্মাহত যে, নারী কুস্তিগীরদের আনা যৌন নির্যাতনের অভিযোগে আদালত ব্রিজ ভূষণ শরণ সিংকে দোষী সাব্যস্ত করেনি।”

    অন্যদিকে, কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, “আজকের রায় এটা স্পষ্ট করে দিয়েছে যে, তাদের হাতেই সমস্ত ক্ষমতা, তাদের সবকিছুই আছে। তারা সাক্ষীদের ভেঙে দিয়েছে। আমরা এখন আদালতের বিস্তারিত আদেশ জানার চেষ্টা করছি। কোন ভিত্তিতে তাকে খালাস দেওয়া হয়েছে আমরা বুঝতে পারছি না।”

  3. 'ছাগলকাণ্ডে' আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিচার শুরু

    ঢাকার মহানগর আদালত

    প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 'ছাগলকাণ্ডে' আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

    আগামী ১৪ই সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

    সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এ আদেশ দেয়।

    মতিউর রহমানের বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আর গত বছরের ১৪ই জানুয়ারি মতিউর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

    মূলত, ২০২৪ সালে কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনা নিয়ে তিনি আলোচনায় আসেন। সেসময় এক তরুণ ওই ছাগলটি কিনে। তারপর সেই খবরটি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এবং পরে বের হয় যে ওই তরুণ মি. রহমানের-ই সন্তান।

    যদিও মতিউর রহমান তখন সংবাদমাধ্যমের কাছে তা অস্বীকার করেছিলেন।

    পরে তৎকালীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য একাধিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন যে, ওই তরুণ মি. রহমানের সন্তান এবং তার।

    পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে শুরু করে দুর্নীতি দমন কমিশন।

    ছাগলকাণ্ড নিয়ে আরও পড়তে পারেন...

  4. গতকাল যা যা ঘটেছে:

    • সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য বাংলাদেশ সরকার ল' ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার জামিন বাতিল করা যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
    • সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি দাবি করেছেন, খুব শীগ্রই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে।
    • চব্বিশের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থানার সামনের ঘটনা তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
    • সমকামিতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে রয়েছে সেখানকার পরিবেশ।
    • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অগাস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
    • ইরানকে হামলার জন্য নয় বরং হুথিদের প্রতিরোধ করতে সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ যোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
    • সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস দুইটি মামলায় জামিন পেয়েছেন। তবে আরো মামলা থাকায় আপাতত তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাই'য়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার-সহ গতকালের প্রধান খবরগুলো পড়তে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে