আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না

বাংলাদেশে আগামী দুই অর্থবছরে করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করে অর্থবিল ২০২৬ পাস হয়েছে। পরের বছরগুলোতেও এই সীমা বাড়বে। সেই সাথে ব্যাংক হিসাব, জমি নিবন্ধনে টিআইএনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • পশ্চিমবঙ্গের সব ধর্মাবলম্বী মানুষদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিবাহ, উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদের মতো দেওয়ানি বিষয়গুলিকে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে।
    • ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দিয়েছে সরকার।
    • বাংলাদেশে করমুক্ত আয়ের আগামী দুই করবর্ষের জন্য সীমা চার লাখ টাকা করা হয়েছে। পরের করবর্ষগুলোতেও এই সীমা বাড়ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য আনা অর্থবিলটি ৬৪টি সংশোধনীসহ জাতীয় সংসদে পাস হয়েছে।
    • পূর্বের শেয়ার মালিকদের পুনরায় ব্যাংকের পরিচালনায় ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছিল যে আইনে, সেই ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাদ দেওয়ার হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে এবারের বাজেট অধিবেশনের ওপর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
    • ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদি দোকান করের আওতার বাইরে থাকবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ডায়ালাইসিস ফিল্টার, হার্টের ভালভ, স্টেন্ট, পেসমেকার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার কাঁচামালসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট ও ট্যাক্স সর্বোচ্চ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ব্যবসা-কৃষিখাতসহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
    • গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে হামে কেউ মারা না গেলেও এবার ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন।
    • ভেনেজুয়েলায় সোমবার ভোরে একটি শক্তিশালী আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পন আঘাত হেনেছে। এর ফলে গত সপ্তাহে জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আবারো কেঁপে উঠেছে।
    • ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার লাগুয়াইরা শহরের একটি বিধ্বস্ত ভবন থেকে ১৮ দিন বয়সী সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়েছে তার মাকে।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. পশ্চিমবঙ্গে সব ধর্মের জন্য একই দেওয়ানি বিধি আনা হবে

    পশ্চিমবঙ্গের সব ধর্মাবলম্বী মানুষদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    বিবাহ, উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদের মতো দেওয়ানি বিষয়গুলিকে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে।

    সব ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হলেও এর আওতার বাইরে থাকবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।

    বিজেপির জন্মলগ্ন, এবং তারও আগে জনসংঘের আমল থেকেই সারা দেশে সব ধর্মাবলম্বীদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি করা হয়ে আসছে। বিজেপির 'কোর' বা 'মূল' দাবিগুলির অন্যতম এই অভিন্ন দেওয়ানি বিধি।

    অন্য যে 'মূল' দাবিগুলি বিজেপির ছিল, তার মধ্যে ছিল ৩৭০ ধারা অনুযায়ী ভারতশাসিত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক রক্ষাকবচের বিলোপ ঘটানো, তিন তালাক প্রথার বিলোপ এবং অযোধ্যায় রাম মন্দির নির্মান।

    ইতোমধ্যেই গুজরাত, উত্তরাখণ্ড এবং আসামে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে ওই রাজ্যের বিজেপি সরকারগুলি।

    শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় জানিয়েছেন যে ওই রাজ্যগুলির মডেল অনুসরণ করেই পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে।

    তিনি বলেন, দোসরা জুলাই রাজ্য মন্ত্রিসভায় ওই বিধির খসড়া পেশ করা হবে। বিধি প্রণয়নের সুপারিশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন মি. অধিকারী।

    কমিটি চার সপ্তাহের সময় পাবে, তারপরে অগাস্ট মাসে এ সংক্রান্ত বিলটি বিধানসভায় পেশ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

  3. তুরাগ ও ফরিদপুরের ঘটনায় দ্রুত, স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি এইচআরএসএসের

    ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

    একইসঙ্গে এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    সোমবার এক বিবৃতিতে সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেছেন, দুটি ঘটনাই জনমনে নিরাপত্তা, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

    “রাষ্ট্রের হেফাজতে থাকা কোনও ব্যক্তির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। ফলে হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসনের সঙ্গে সরাসরি সম্পর্কিত” বলে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে।

    ঢাকার তুরাগ নদ থেকে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনাও উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে সংগঠনটি।

    “প্রতিটি অস্বাভাবিক মৃত্যু, বিশেষ করে রাষ্ট্রের হেফাজতে মৃত্যু কিংবা রহস্যজনকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনা, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি রাখে। তদন্তে কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত যেন না থাকে এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা হয়” বিবৃতিতে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

    উভয় ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে প্রকৃত সত্য উদঘাটন, দোষীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

  4. পুরনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাদ দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

    পূর্বের শেয়ার মালিকদের পুনরায় ব্যাংকের পরিচালনায় ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছিল যে আইনে, সেই ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাদ দেওয়ার হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    সোমবার জাতীয় সংসদে এবারের বাজেট অধিবেশনের ওপর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

    অংশীজনদের মতামতের ভিত্তিতে ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬, এর বিতর্কিত ১৮(ক) ধারা বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

    “সরকারের বার্তা স্পষ্ট যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা হবে” বলেন তিনি।

    গত ১০ই এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশটি আইনে পরিণত করে বর্তমান সরকার।

    আইনটি সংসদে পাসের আগে ১৮(ক) নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছিল।

    ওই ধারায় বলা হয়েছিল, যারা ব্যাংক রেজোল্যুশনের আওতায় কোনো ব্যাংকের শেয়ারের মালিক ছিলেন, তারা আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ বা দায় নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও সেই সুযোগ দিতে পারবে।

    এই ধারা যুক্ত করার পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার থৈরি হয়। বিরোধীরা অভিযোগ করেন যে, বিতর্কিত ব্যবসায়ীদের আবার ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে সরকার এই সুযোগ তৈরি করছে।

  5. ৬৪টি সংশোধনীসহ অর্থ বিল পাস জাতীয় সংসদে

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য আনা অর্থবিলটি জাতীয় সংসদে পাস হয়েছে।

    জনমত যাচাইয়ে পাঠানোর প্রস্তাব বাতিল হওয়ার পর ৬৪টি সংশোধনীসহ অর্থ বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

    অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন।

    পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি ভোটের জন্য দেন। “হ্যাঁ” কণ্ঠভোটে এই বিলটি পাস হয়।

  6. ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উত্তরে শক্তিশালী আফটারশক অনুভূত

    ভেনেজুয়েলায় সোমবার ভোরে একটি শক্তিশালী আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পন আঘাত হেনেছে। এর ফলে গত সপ্তাহে জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আবারো কেঁপে উঠেছে।

    ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এই তথ্য জানিয়েছে।

    মার্কিন এই ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল সাতটার কিছু পরে (বিএসটি ১২:০০) কারাকাস উপকূলের কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে চার দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

    বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  7. চীন সফরে বাংলাদেশ কোনো ঋণ বা বিনিয়োগের আশ্বাস পেয়েছে কি না জানতে চান রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশ কোনো ঋণ বা বিনিয়োগের আশ্বাস পেয়েছে কি না সেটি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কিছু না জানাননি বলে সমালোচনা করেছেন ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

    সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এমন সমালোচনা করেন।

    তিনি বলেন, প্রতিবছর বাজেট দেওয়ার সময় নির্ঝরের মতো স্বপ্ন দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্ন ভঙ্গের ফল ভোগ করতে হয়।

    এই বাজেটে ব্যয় ধরা হয়েছে নয় লক্ষ ৩৮ হাজার কোটি টাকা। আয় মাত্র ছয় লক্ষ ৯৫ হাজার কোটি টাকা।

    “ঘাটতি দুই লক্ষ ৪৩ হাজার কোটি টাকা। এটুকু হলেই হতো। কিন্তু আয় ছয় লক্ষ ৯৫ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কোনো বছরই এই আয় রাজস্ব আদায় করা যায় না। ফলে যেটা হয় ঘাটতি বাড়তেই থাকে এবং সেই ঘাটতির জন্য আমরা দেশি-বিদেশি ঋণ কিংবা বিনিয়োগের ওপর নির্ভর করি” বলেন মিজ ফারহানা।

    সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের কথা উল্লেখ করে স্পিকারের মাধ্যমে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চান তিনি।

    “আমি আপনার মাধ্যমে জানতে চাই চীনের কাছ ঋণের কোনো আশ্বাস আমরা পেয়েছি কী না? পেয়ে থাকলে সেই ঋণের পরিমাণ কত? কিংবা বাংলাদেশে তারা কোনো বিনিয়োগ করবে কিনা এরকম কোনো আশ্বাস এসছে কিনা সেটাও আপনার মাধ্যমে জানতে চাইছি” বলেন মিজ ফারহানা।

    একইসঙ্গে, তিনি এটিও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন। তাকে সাংবাদিকরা এই সংক্রান্ত প্রশ্ন করায় তিনি সরাসরি উত্তর দেননি বলে উল্লেখ করেন মিজ ফারহানা।

    “তিনি সরাসরি উত্তর না দিয়ে বেশ অস্বস্তির সাথে বলেছিলেন, আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে? না আমি আশা করি না, বাংলাদেশের মন্ত্রী-মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষা করতে যাবেন”, বলেন মিজ ফারহানা।

    তিনি বর্তমানের অথনৈতিক অবস্থা তুলে ধরে বলেন, বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে রাখলে হবে না।

  8. 'যতদিন ও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকব': ১৮ দিন বয়সী শিশুসহ উদ্ধার হওয়া মা

    ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার লাগুয়াইরা শহরের একটি বিধ্বস্ত ভবন থেকে ১৮ দিন বয়সী সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়েছে তার মাকে।

    বিবিসিকে তিনি জানিয়েছেন, কীভাবে তার সদ্যজাত এই ছেলে তাকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছিল।

    গত বুধবারে যখন সাত দশমিক দুই ও সাত দশমিক পাঁচ মাত্রার জোড়া ভূমিকম্প দেশটিতে আঘাত হানে, তখন ডায়ানা পাতিনো তার ছেলে হুয়ান ডেভিডকে নিয়ে উত্তরের উপকূলীয় অঞ্চল লা গুয়াইরার একটি আট তলা অ্যাপার্টমেন্টে ছিলেন।

    তিনি জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথেই দ্রুত ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তিনি।

    কিন্তু এরপরই তার মনে হয়েছিল, তিনি যেন বাতাসে “উড়ছেন।”

    “আমার মনে হচ্ছিল আমি পানি আর মাটির নিচে তলিয়ে যাচ্ছি আর এরপর আমি একটা গর্তের মধ্যে গিয়ে পড়ি এবং সেখানেই আটকে থাকি” বলেন মিজ পাতিনো।

    তিনি বলেন, “আমি জানি না ছিটকে পড়ার সময় কীভাবে আমি আমার বাচ্চাকে হাতছাড়া হতে দেইনি। আমি আসবাবপত্রের সাথে ধাক্কা খেয়েছিলাম।”

    বৃহস্পতিবার রাতে তাদের চিৎকার শোনার আগে পর্যন্ত সেই ধ্বংসস্তুপের নিচেই আটকে পড়েছিলেন তিনি ও তার ১৮ দিন বয়সী শিশু।

    অবশেষে ওইদিন বৃহস্পতিবার রাতে উদ্ধারকারী দল তাদের দুজনকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়।

    মিজ পাতিনো বলেন, “ও যতক্ষণ বেঁচে ছিল, আমারো বেঁচে থাকার তাগিদ ছিল। আমি একটু পরপরই ওর নাকে হাত দিয়ে দেখতাম ও শ্বাস নিচ্ছে কিনা।”

    তাদের এই নাটকীয় উদ্ধারের ভিডিওটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ১৮ দিনের হুয়ান ডেভিড দেশটির মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠেছে।

    গত বুধবারের জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

  9. কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে:সংসদে অর্থমন্ত্রী

    ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদি দোকান করের আওতার বাইরে থাকবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

    তিনি জানান, সরকার ট্যাক্স নীতি প্রণয়নে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চায়। “পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা-বাণিজ্য প্রসারের উদ্যোগ নিয়েছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্রবিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেইটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি” বলেন অর্থমন্ত্রী।

    সংসদ অধিবেশনে তিনি আশ্বস্ত করেন, এর ফলে কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে।

    “আমি এ বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচাবাজার, ক্ষুদ্র মুদি দোকান এর আওতার বাইরে থাকবে। এটা নিয়ে একটু কনসার্ন ছিল এজন্য আমি জোর দিয়ে বললাম, যে মুদির দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আসবে কিনা এরা করের আওতার বাইরে থাকবে” বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

    এছাড়াও ড্যাশবোর্ডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে নজরদারি করা হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। এই ড্যাশবোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে বলে জানান তিনি।

  10. গত ২৪ ঘণ্টায় হামে কেউ মারা না গেলেও এবার ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন

    গত ২৪ ঘণ্টায় হামে কেউ মারা না গেলেও এবার ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন।

    স্বাস্থ্য অধিদপ্তরের দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

    ডেঙ্গুর তথ্য সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন- মোট পাঁচজন মারা গেছেন।

    এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন।

    আর ওই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯২৪ জন।

    এদিকে, হামের তথ্য সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে কেউ মারা যায়নি। তবে, হামের উপসর্গজনিত রোগে মারা গেছেন চারজন।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে মারা গেছেন ৯৩ জন। আর হামের উপসর্গজনিত রোগে ওই একই সময়ে মারা গেছেন ৬২৩ জন।

  11. বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ

    বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এই বাজেটের অন্যতম একটি লক্ষ্য হলো, অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

    বিরোধী দলীয় নেতাও ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি।

    “বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরইমধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট পাঠিয়েছে এবং শুধু তাই নয় এই মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো” বলেন প্রধানমন্ত্রী।

    মি. রহমান বলেন, “১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে যারা এই কাজগুলো করে তাদের সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসপোজাল এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার।”

    বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইন-কানুনের মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্ভব পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনা যায়, তা আনা হবে বলেও সংসদে জানান তিনি।

  12. ডায়ালাইসিস এবং ক্যান্সার চিকিৎসার কাঁচামালসহ বেশ কিছু সরঞ্জামের ওপর ভ্যাট ও ট্যাক্স সর্বোচ্চ কমানো হচ্ছে

    ডায়ালাইসিস ফিল্টার, হার্টের ভালভ, স্টেন্ট, পেসমেকার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার কাঁচামালসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের ওপর ভ্যাট ও ট্যাক্স সর্বোচ্চ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক বক্তব্যে তিনি জানান, পরিবারে কেউ অসুস্থ হলে একটি পরিবার নিঃস্ব হয়ে যায় এমন বিবেচনায় এসব উপাদানের ওপর কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    “সেদিকে লক্ষ্য রেখেই অর্থমন্ত্রীসহ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ডায়ালাইসিস ফিল্টার, হার্টের স্টেন্ট, হার্টের ভালভ, পেসমেকার, অক্সিজেনেটর, পেরিফিলেটর ভাসকুলার স্ট্যান্ড, রেডিও ফ্রিকোয়েন্সি, ওভুলেশন ফাইবার, চোখের লেন্স এবং ক্যান্সার চিকিৎসার যে কাঁচামাল, এগুলোর ওপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি” বলেন প্রধানমন্ত্রী।

    তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে বাজেট পাস হওয়ার পরদিন থেকে এসব চিকিৎসা সেবা গ্রহণকারীদের খরচ অর্ধেকে নেমে আসবে।

    “এর ফলে আমরা হিসাব করে দেখেছি, একজন লোকের যদি এখন হাতে স্টেইন করতে এক লক্ষ টাকা লাগে, আগামী পরশুদিন এই বাজেট পাস হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট ফিফটি পারসেন্ট অর্থাৎ ৫০ শতাংশে চলে আসবে” বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  13. পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বেতনের আয় করমুক্ত করতে প্রধানমন্ত্রীর অনুরোধ

    পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ব্যবসা-কৃষিখাতসহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার জাতীয় সংসদে এবারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে এমন অনুরোধ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, “দেশের তিনটি পার্বত্য জেলায় বিশেষ করে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী ব্যক্তিগণের যে বেতন এবং তাদের আর্থিক পরিসম্পদ হতে যে অর্জিত আয়, এটা ব্যতীত পার্বত্য জেলার পরিচালিত যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যে অর্জিত আয়- সেটিকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে উপস্থাপিত যে বাজেট তাতে।”

    একইসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে তাদের বেতনের আয়ও করমুক্ত করার অনুরোধ জানিয়েছেন মি. রহমান।

    “পার্বত্য জেলার যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছেন, করমুক্ত আয়ের এই সুবিধাটা আরেকটু বাড়িয়ে তাদের ব্যবসা-কৃষিখাতসহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করা হোক” সংসদে বলেন প্রধানমন্ত্রী।

    এই সুবিধা পাহাড়ি এবং সমতল উভয় স্থানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানান তিনি।

  14. ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনে টিআইএন লাগবে না

    ব্যাংক হিসাব খুলতে ও কিছু দলিল সম্পাদনের ক্ষেত্রে টিআইএন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দিতে যাচ্ছে সরকার।

    সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ''বাজেটে প্রস্তাব করা হয়েছিল যে, স্টুডেন্টসহ কয়েকটি ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়েছিল।''

    ''এছাড়া বন্টননামা দলিল রেজিস্ট্রেশন, সম্পত্তির দলিল মিউটেশনের ক্ষেত্রেও টিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। এ নিয়ে জনমনে বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে প্রস্তাব করবো যেন এই বিষয়টিও প্রত্যাহার করা হয়।''

  15. করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব

    বাংলাদেশে করমুক্ত আয়ের আগামী দুই করবর্ষের জন্য সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে করদাতারা আরো ৫০ হাজার টাকা করমুক্ত আয়ের সুযোগ পাবেন।

    এর আগে বাজেটে এই সীমা ৩ লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল।

    অর্থবিল পাসের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে এই প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি সংসদে বলেন, ''সরকার এমন একটি রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ব বোধ করবেন। এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ কর বছরের জন্য তিন লক্ষ ৭৫ হাজার টাকা এবং ২০২৮-২৯ এবং ২৯-৩০ করবছরের জন্য চার লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য চার লক্ষ্য ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।''

    ''ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এবং সেকারণে মাননীয় স্পিকার ২০২৬-২৭ কর বছরের জন্য চার লাখ টাকা, ২০২৮-২৯ এবং ২৯-৩০ কর বছরের জন্য ৪ লক্ষ ৫০ হাজার এবং ২০৩০-৩১ কর বছরের জন্য পাঁচ লাখ টাকা করার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ রাখছি,'' বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  16. রোববার সারাদিন যা যা হয়েছে

    • চব্বিশের জুলাই আন্দোলনের নেতা ও মাস্টারমাইন্ড কে? এমন প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। অন্যদিকে, "এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না" বলেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
    • ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সেদেশের কর্তৃপক্ষ। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ বলে ধারণা করছে উদ্ধার কার্যক্রমে জড়িত সংস্থাগুলো।
    • জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমন প্রশ্ন তুলেছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
    • বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দ্বারা 'প্রায় দশজন হত্যা হয়েছে' দাবি করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে চাই বিএনপি কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে।
    • জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও আরো দুইজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের মাঠে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে কয়েকজন সাবেক শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের মধ্যে নারী শিক্ষার্থীও ছিল। ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
    • টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এই আটটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলার আরো খবর রয়েছে মূলপাতায়

    খবরের অডিও, ভিডিও এবং বিস্তারিত বিশ্লেষণ সরাসরি উপভোগ করতে যুক্ত হতে পারেন বিবিসি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরাখবরের নোটিফিকেশন পেতে ফলো করতে পারেন বিবিসি নিউজ বাংলা ফেসবুক পেজ