মঙ্গলবার সারাদিন যা যা হয়েছে
- জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় ব্যর্থতাসহ সরকারের কিছু পদক্ষেপ এবং মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর ক্ষমতার একটি "সুশৃঙ্খল" হস্তান্তর নিশ্চিত করার লক্ষ্যে স্যার কিয়ের স্টারমার মঙ্গলবার অ্যান্ডি বার্নহামের সাথে বৈঠক করেছেন।
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
- আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ থাকলেও দলটি মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচারের পর রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, সেটি নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
- ফ্রান্সের ইতিহাসে এ যাবতকালের উষ্ণতম দিন ছিল মঙ্গলবার। গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ জন মারা গেছে দেশটিতে।
- আগামী ৪৮ ঘণ্টায় লালমনিরহাট, রংপুর জেলার নিম্নাঞ্চলে পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সতর্ক বার্তা দিয়েছে।
- অনলাইনে জুয়া ও বেটিং প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ পাস হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদে।
- চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, শিবলী রুবাইয়াত উল ইসলাম এবং নাজমুল আহসান কলিমুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বাংলা বিভাগের আরেক শিক্ষক তাশরিক-ই-হাবিব এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আজমল হোসেন ভুঁইয়াকে শিক্ষা ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের ভারত সফর নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি (প্রাইভেট) পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন। তার সার্ক ভিসা ছিল।
- ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে একটি বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়া নিয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীর সাথে বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে খতিয়ে দেখার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
- আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।