আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন করবে ডিএমপি'
নিউ এইজ পত্রিকার খবর- DMP to deploy 18,000 cops on AL founding anniversary অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩শে জুন রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এদিন ঢাকাজুড়ে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
ডিএমপির তথ্যমতে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ২০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা তল্লাশি চালানো হবে। রাজধানীর প্রবেশপথগুলোতেও নজরদারি ও তল্লাশি জোরদার করা হবে।
নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটসহ বিশেষায়িত ইউনিট মাঠে থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও পরিচালনা করা হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হবে এবং অতিরিক্ত রিজার্ভ ফোর্সও মোতায়েন থাকবে।
এদিকে রোববার মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় আকস্মিক মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্দেহভাজন ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ডিএমপি আরও জানিয়েছে, ১লা থেকে ২০শে জুন পর্যন্ত একই ধরনের প্রস্তুতির অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়া দিগন্ত পত্রিকার খবর- ইলিয়াসকে 'হজমের' কথা ফোনে জানান জিয়াউল
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর ও লোমহর্ষক জবানবন্দী দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসানের এক সময়কার রানার ও বর্তমান সেনা কর্মকর্তা ইমরুল কায়েস।
জবানবন্দীতে তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করার পর জিয়াউল আহসানের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারেক আহমেদ সিদ্দিকীর ফোনালাপের বিবরণ এবং র্যাবের অভিযানে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার প্রত্যক্ষ বিবরণ তুলে ধরেছেন।
গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো: শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই জবানবন্দী রেকর্ড করা হয়।
প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরী।
বর্তমানে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত সাক্ষী ইমরুল কায়েস আদালতে সাক্ষ্য দেয়ার পর নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।
আজকের পত্রিকার খবর- চাঁদাবাজির অভিযোগে এমপিপুত্র আটক।
চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে নারায়ণগঞ্জে আনা হয় এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেগুলো যাচাই করতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে তাঁকে হেফাজতে নেওয়ার পর পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়।
পরে সন্ধ্যায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Hospital beds up, doctors still missing অর্থাৎ সরকার দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ালেও প্রয়োজনীয় চিকিৎসক সংকট সমাধানে তেমন অগ্রগতি হয়নি, ফলে রোগীসেবার মান নিয়ে প্রশ্ন উঠছে।
বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই আগের সরকারগুলোর মতোই হাসপাতাল সম্প্রসারণ কর্মসূচি নিয়েছে এবং সরকারি হাসপাতালে আরও ১,১০০টি শয্যা যুক্ত করার অনুমোদন দিয়েছে। কিন্তু এই সম্প্রসারণের সময়ই প্রায় ৯,৪০৭টি চিকিৎসক পদ শূন্য রয়েছে, যা মোট অনুমোদিত পদের প্রায় ২৩ শতাংশ।
এর পাশাপাশি সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে ৫০ শয্যা বা তার কম ধারণক্ষমতার ৪০০টির বেশি স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন প্রয়োজন হবে।
বিশেষজ্ঞদের মতে, এই ব্যাপক সম্প্রসারণ কার্যকর করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো জরুরি হলেও বর্তমান নিয়োগ ব্যবস্থা তা পূরণে যথেষ্ট নয়।
সরকার চারটি বিসিএস পরীক্ষার মাধ্যমে ৪,১১৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়ায় রয়েছে এবং আরও ৫,০০০ চিকিৎসক নিয়োগের প্রস্তাব দিয়েছে।
তবে এই সংখ্যা বিদ্যমান শূন্যপদ পূরণ ও ভবিষ্যৎ চাহিদা মেটাতে যথেষ্ট নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দেশ রূপান্তর পত্রিকার খবর- দিনে ৩৪০০ মামলা! দেশে দীর্ঘদিন ধরে মামলার সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় বিচারব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আইন ও বিচার বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এতে বিচারপ্রার্থীদের দুর্ভোগও অনেক বেড়েছে।
২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার সময় দেশে বিচারাধীন মামলা ছিল প্রায় ১৬ লাখ। প্রায় ১৯ বছরে সেই সংখ্যা তিনগুণ বেড়ে এখন প্রায় ৪৮ লাখে পৌঁছেছে। একই সময়ে দেশের জনসংখ্যাও ১৪ কোটির কিছু বেশি থেকে বেড়ে ১৮ কোটিতে দাঁড়িয়েছে।
সুপ্রিম কোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত দেশের উচ্চ ও অধস্তন আদালতে মোট বিচারাধীন মামলা ৪৭ লাখ ৯১ হাজার ৯২১টি।
এর মধ্যে আপিল বিভাগে ৩৮ হাজার ৯৭৩, হাইকোর্টে ৬ লাখ ৭৪ হাজার ৫১৬ এবং অধস্তন আদালতে ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলা রয়েছে।
গত ছয় বছরে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ৪৪৩টি নতুন মামলা আদালতে এসেছে, যা বিচারব্যবস্থার ওপর চাপ আরও বাড়িয়েছে।
মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর- কম আয়ের মানুষের করের বোঝা বেশি।
বেসরকারি গবেষণা সংস্থা 'সেন্টার ফর পলিসি ডায়ালগ' (সিপিডি) মনে করে, প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতের আয়কর কাঠামোয় বড় ধরনের বৈষম্য রয়েছে।
পাশাপাশি নতুন কর ব্যবস্থায় তুলনামূলক কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি বাড়ছে, অথচ উচ্চ আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে করের দায় বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম।
রোববার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত বাজেট পর্যালোচনার মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডি'র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এই তথ্য জানান।
ফাহমিদা খাতুন জানান, যাদের বার্ষিক করযোগ্য আয় ৬ থেকে ১৫ লাখ টাকা, নতুন বাজেটে তাদের করের দায় ১২.৫ থেকে ১৬.৭ শতাংশ পর্যন্ত বাড়বে।
প্রথম আলো পত্রিকার খবর- শ্রমবাজারের সঙ্গে গুরুত্ব পাবে বিনিয়োগ-বাণিজ্য
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পুত্রজায়ায় আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। দুই দেশের সম্পর্ক জোরদারে শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃষি, শিক্ষা ও জনযোগাযোগের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে বিদেশে গেলেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি গতকাল স্থানীয় সময় রাত পৌনে নয়টায় কুয়ালালামপুরে পৌঁছান।
দুই দিনের সফরের দ্বিতীয় দিনে আজ তারেক রহমান আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রথমে একান্তে ও পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠকে বসবেন। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা স্মারকসহ বেশ কয়েকটি দলিল সইয়ের কথা রয়েছে। এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
কালের কণ্ঠ পত্রিকার খবর- ২৩১ গডফাদারের নিয়ন্ত্রণে ঢাকার কয়েক শ মাদক স্পট
রাজধানীর পল্লবী এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এক শিক্ষক। তাঁর অভিযোগ, মাদক ব্যবসায়ীরা শিক্ষার্থীদের মাদকাসক্ত করে পড়াশোনা ও স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের ফিরিয়ে আনার চেষ্টা করায় তিনি হুমকিও পেয়েছেন।
তদন্তে দেখা গেছে, এলাকায় একাধিক মাদক স্পট সক্রিয় এবং একটি বড় চক্রের অধীনে অনেক খুচরা বিক্রেতা কাজ করছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহজে মাদক পাচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীতে শতাধিক মাদক গডফাদার সক্রিয়। নিয়মিত অভিযান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও মূল নিয়ন্ত্রকেরা এখনো ধরা পড়ছে না। পুলিশ বলছে, মাদক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ এবং অভিযান অব্যাহত থাকবে।
বণিক বার্তার প্রথম পাতার সংবাদ- ছয় বছরে উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
বাংলাদেশ থেকে বিদেশগামী উচ্চ শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। যে কারণে প্রতি বছরই বিদেশে উচ্চ শিক্ষার জন্য দেশ থেকে বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণও রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই (জুলাই-এপ্রিল) বিদেশে উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের পাঠানো ব্যয় ৭৩ কোটি ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরের বাকি দুই মাসের তথ্য যুক্ত হলে এ ব্যয় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের কাছাকাছি পৌঁছবে।
বিপুল পরিমাণের এ অর্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক দেশের ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট বরাদ্দের চেয়েও বেশি।
ইউজিসির তথ্য অনুযায়ী, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লাখ।
টাইমস অফ বাংলাদেশের বিশেষ প্রতিবেদন- Another traffic experiment lost in Dhaka অর্থাৎ ঢাকায় আরও একটি ট্রাফিক পরীক্ষা ব্যর্থ।
ঢাকায় পথচারীদের জন্য সড়ক পার হওয়া এখনো ঝুঁকিপূর্ণ বলেই মনে করেন অনেকেই। এই পরিস্থিতি উন্নত করতে বিভিন্ন সময় প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হলেও বেশিরভাগই বাস্তবায়নের পর টেকসই হয়নি।
সর্বশেষ উদ্যোগ হিসেবে ২০২৫ সালের ২০ এপ্রিল মিরপুরে দুটি স্থানে- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে এবং মিরপুর ইউনিভার্সিটি কলেজের সামনে পুশ-বাটন পেডেস্ট্রিয়ান ক্রসিং চালু করা হয়। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট এর আওতায় ডিএমপি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় এই ব্যবস্থা চালু করা হয়।
এই ব্যবস্থায় পথচারীরা বোতাম চাপলে নির্দিষ্ট সময়ের জন্য গাড়ির জন্য লাল এবং পথচারীদের জন্য সবুজ সংকেত জ্বলে ওঠে, পরে আবার স্বাভাবিক ট্রাফিক চলাচল শুরু হয়।
উদ্বোধনের সময় কর্মকর্তারা এটি পথচারী নিরাপত্তা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং সফল হলে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও একই ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান। তবে অতীতের অনেক উদ্যোগের মতোই এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।
যুগান্তর পত্রিকার খবর- সুইস ব্যাংকে বাড়ছে পাচারের টাকা- তথ্য পায় ভারত-পাকিস্তান পিছিয়ে বাংলাদেশ
গোপনীয়তার দেওয়াল ভেঙে সুইস ব্যাংক থেকে নিজ দেশের নাগরিকদের তথ্য সংগ্রহ করছে ভারত-পাকিস্তানসহ বিশ্বের শতাধিক দেশ। এই তথ্য ব্যবহার করে দেশগুলো অর্থ পাচার ও করফাঁকি রোধ এবং অবৈধ সম্পদ অর্জন অনেকটা নিয়ন্ত্রণে এনেছে।
কিন্তু এক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। ফলে দেশ থেকে অর্থ পাচার ক্রমেই বাড়ছে। মাত্র এক বছরেই ব্যাংকটিতে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, সুইস ব্যাংক থেকে ওইসব দেশ দুই পদ্ধতিতে পাচারের তথ্য নিচ্ছে। প্রথমত, কোনো কোনো দেশ সুইজারল্যান্ডের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক চুক্তি করেছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম।