পত্রিকা: 'সন্দেহজনক ভ্রমণে বিমানবন্দর থেকে ফেরত ৮১,৫০০ বিদেশগামী'

বণিক বার্তা পত্রিকার আজকের শীর্ষ খবর- সন্দেহজনক ভ্রমণে বিমানবন্দর থেকে ফেরত ৮১,৫০০ বিদেশগামী।
ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে বিদেশযাত্রা বাতিল বা ফেরত পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসনের ঘটনায় অন্তত ২৩টি দেশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে পৌঁছেও গন্তব্যে যেতে পারছেন না হাজার হাজার বাংলাদেশি।
ভিসা এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্সে অসংগতি, জাল কাগজপত্র, ভিসার শর্তভঙ্গ কিংবা ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের সময় তথ্যের গরমিলসহ নানা কারণে আটকে যাচ্ছে তাদের বিদেশযাত্রা।
কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের শ্রমবাজার বন্ধ বা সীমিত থাকার পরও বিকল্প পথে প্রবেশের চেষ্টা ধরা পড়ছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে দেশের বিমানবন্দর থেকে মোট ৮১ হাজার ৫০০ যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে।
একই সময়ে ২ কোটি ৯১ লাখের বেশি বিদেশে গেছেন। অর্থাৎ একদিকে বিদেশে কর্মসংস্থানসহ নানা কাজের জন্য বিপুলসংখ্যক বাংলাদেশী প্রতি বছর দেশ ছাড়ছেন, অন্যদিকে তাদের একটি অংশ বিমানবন্দরের শেষ ধাপেই আটকে যাচ্ছেন নানাভাবে প্রতারিত হয়ে।

মানবজমিন পত্রিকার সংবাদ- তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩।
খবরে বলা হয়েছে, রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'ইফতেহাদুল ইসলাম'-এর সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তাদের হেফাজতে নেন পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।
ডিএমপি'র তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। ঘটনাস্থলে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) প্রধান এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) কর্মকর্তারা ছুটে যান। তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:


যুগান্তর পত্রিকার খবর- নিষিদ্ধ দল ঠেকাতে ব্যাপক তৎপরতা।
খরটিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য গোপন তৎপরতা চালাচ্ছে-এমন তথ্যে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো বিভাগ। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।
গুলশানে পুলিশের নিষ্ক্রিয়তায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের একটি বড় ধরনের ঝটিকা মিছিল সরকারকে ভাবিয়ে তুলেছে। গোয়েন্দারাও ওই মিছিলের বিষয়ে আগাম কোনো তথ্য জানতে পারেননি।
এ কারণে মিছিলটি ঘিরে আওয়ামী লীগের গোপন বা প্রকাশ্যে যে কোনো কার্যক্রম নিয়ে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নতুন করে ভাবতে শুরু করেছে বলে জানা গেছে।
নিষিদ্ধ দলটির মিছিল ঠেকাতে ব্যর্থতার দায়ে এরই মধ্যে গুলশান জোনের ডিসি ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
সমকাল পত্রিকার খবর- পাঁচ বছরের মধ্যে এখন সর্বোচ্চ কারাবন্দি।
দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিন গড়ে এক-দেড় হাজার আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। এর ফলে গত পাঁচ বছরের মধ্যে এখন কারাগারে বন্দির সংখ্যা সবচেয়ে বেশি।
কারাগারগুলোতে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি রয়েছে, আর কোথাও কোথাও তা ধারণক্ষমতার পাঁচ থেকে সাত গুণ পর্যন্ত।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে কারাবন্দির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ১২৩ জনে, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে সর্বোচ্চ বন্দি ছিল ৮৩ হাজার ৭১৯ জন। ২০২৪ সালের জানুয়ারিতে ৭৫ হাজার ৯৫৮ জন, ২০২৩ সালের নভেম্বরে ৮৬ হাজার ৩০৬ জন, ২০২২ সালের অক্টোবরে ৮৭ হাজার ১৭৩ জন এবং ২০২১ সালের জানুয়ারিতে ৮৯ হাজার ৯১৪ জন বন্দি ছিলেন।
কারা কর্মকর্তারা বলছেন, আদালতের নির্দেশে অপরাধীদের কারাগারে পাঠানোর পাশাপাশি মাদকের মামলায় বন্দির সংখ্যাও বেড়েছে। আগে মোট বন্দির ২০-২২ শতাংশ মাদকের আসামি থাকলেও এখন তা প্রায় ৩২ শতাংশ, ফলে কারাগারগুলোতে চাপ বাড়ছে।

দেশ রূপান্তর পত্রিকার খবর- রাজধানীতে বাসে আগুন, কয়েক স্থানে ককটেল বিস্ফোরণ।
রাজধানীর কাফরুলে শুক্রবার রাতে মিরপুর সুপার লিংক নামে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। একই রাতে যাত্রাবাড়ী থানার সামনে ও থানা চত্বরে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এ ছাড়া মালিবাগ ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনায় ককটেলগুলো ফ্লাইওভার থেকে ছুড়ে মারা হয়েছে। যাত্রাবাড়ী থানার সামনে ও ভেতরে কয়েক মিনিটের ব্যবধানে একাধিক ককটেল বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ একজন আহত হয়েছেন বলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ডিএমপির কর্মকর্তা মীর মুহসীন মাসুদ রানা জানান, থানার প্রধান ফটকের সামনে চার থেকে পাঁচটি এবং থানা চত্বরে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তার দাবি, হানিফ ফ্লাইওভার থেকে এসব ককটেল ছোড়া হয়।
ঘটনাগুলোর পর আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রথম আলো পত্রিকার আজকের শীর্ষ খবর- ১৩ ব্যাংকে খেলাপি ঋণপাঁচ শতাংশের কম।
দেশের ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকা, অর্থাৎ ৩৩ শতাংশই এখন খেলাপি। গত জুন শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ছয় লাখ কোটি টাকার বেশি। এমন সংকটের মধ্যেও ব্যতিক্রম ১৩টি বেসরকারি ব্যাংক- এগুলোর প্রতিটিতে খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে।
ব্যাংকগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলছেন, নিয়মতান্ত্রিক ও স্বাধীন ঋণ অনুমোদন, গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই এবং বড় করপোরেট ঋণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) ও ভোক্তা ঋণে গুরুত্ব দেওয়ায় খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
গত জুনে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ শতাংশের নিচে খেলাপি ঋণ থাকা ১৩টি ব্যাংকের সব কটিই বেসরকারি খাতের।
এর মধ্যে নতুন প্রজন্মের ব্যাংক যেমন রয়েছে, তেমনি আছে প্রথম প্রজন্মের ব্যাংকও।
ব্যাংকগুলো হলো কমিউনিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটিজেনস ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক ও সীমান্ত ব্যাংক।

কালের কণ্ঠ পত্রিকার খবর- নারী শ্রমিকদের বিদেশে যাওয়া ১৪% বেড়েছে।
রেমিট্যান্সের আশায় প্রতিবছর হাজারো নারী শ্রমিক বিদেশে পাড়ি জমাচ্ছেন। এর মধ্যে বড় একটি অংশ যাচ্ছে গৃহকর্মী হিসেবে।
কিন্তু বিদেশ যাওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ, ভাষাজ্ঞান, চাকরির চুক্তিপত্র ও নিয়োগকর্তার বিষয়ে যথাযথ তথ্য না থাকায় গন্তব্য দেশে গিয়ে বিপদে পড়ছেন অনেকে।
শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, মজুরি বঞ্চনা, অতিরিক্ত কর্মঘণ্টা, পাসপোর্ট আটকে রাখা ও গৃহবন্দি করে রাখার মতো অভিযোগ রয়েছে। কেউ কেউ ফিরছেন কফিনবন্দি হয়ে।
ফলে বিদেশে নারী শ্রমিক পাঠানোর সংখ্যা বাড়লেও তাদের নিরাপত্তা ও অধিকার কতটা নিশ্চিত হচ্ছে, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।
নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি জাতীয় সংসদেও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজ ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন লাখের বেশি নারী কর্মীর বিদেশ যাওয়ার তথ্য উল্লেখ করে তাঁদের নিরাপত্তাহীনতা, মজুরি বঞ্চনা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তিনি সংসদে অভিযোগ করেন, গত আট বছরে প্রায় ৮০০ নারী কর্মীর মরদেহ দেশে ফিরেছে। অর্থাৎ প্রতিবছর ১০০ নারীকর্মীর মরদেহ দেশে ফিরছে।

নিউ এইজ পত্রিকার খবর- NCP demands review of laws to protect fundamental rights অর্থাৎ মৌলিক অধিকার রক্ষায় আইন সংশোধনের দাবি এনসিপির।
জাতীয় সংসদ ভবনের সামনে শুক্রবার আয়োজিত মানববন্ধনে সম্প্রতি সংশোধিত কয়েকটি আইনকে 'জনবিরোধী' দাবি করে তা দ্রুত পর্যালোচনা ও সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি বলেছে, নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম গুমসংক্রান্ত আইন সংশোধনের দাবি জানান। তার বক্তব্য, কোনো গুমের অভিযোগ পরে ভুল প্রমাণিত হলে অভিযোগকারীকে শাস্তির আওতায় আনার সুযোগ থাকায় ভুক্তভোগী বা তাদের স্বজনেরা মামলা করতে নিরুৎসাহিত হতে পারেন।
সরকারের আমলে কোনো গুমের ঘটনা ঘটেনি বলে সরকারের দাবিরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি মিরাজ শেখের উদাহরণ দিয়ে বলেন, তিনি পাঁচ মাস ধরে নিখোঁজ রয়েছেন।
মানববন্ধন থেকে গুম, মানবাধিকার ও সাইবার নিরাপত্তাসহ মৌলিক অধিকারসংশ্লিষ্ট আইনগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানায় এনসিপি।

আজকের পত্রিকার খবর- ফেন্সিডিলের বিকল্প ঢুকছে ভারত সীমান্ত দিয়ে।
ফেনসিডিলের চোরাচালান ঠেকাতে ভারত সীমান্তে নজরদারি ও অভিযান বাড়ালেও মাদক চোরাচালান পুরোপুরি বন্ধ হয়নি। ফেনসিডিলের বিকল্প হিসেবে এখন বিভিন্ন নামে কোডিনযুক্ত 'কাশির সিরাপ' বাংলাদেশে ঢুকছে।
চলতি বছর কয়েকটি সীমান্ত এলাকা থেকে ৪ থেকে ৫ লাখ বোতল এমন সিরাপ জব্দ করেছে বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফেনসিডিলের পরিবর্তে ফেয়ারডিল, এস্কাফ, ব্রোনোকফ সি, উইনকোরেক্স ও চোকো প্লাসসহ বিভিন্ন ওষুধের নামে কোডিনযুক্ত সিরাপ পাচার করা হচ্ছে। এর মধ্যে ব্রোনোকফ সি সিরাপে কোডিন ফসফেট থাকার তথ্যও ভারতীয় ওষুধসংক্রান্ত নথিতে পাওয়া গেছে।
বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্প্রতি ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোকে চিঠি দিয়ে সীমান্তের ওপারে অবৈধ কারখানা ও মাদক কারবারিদের তথ্য জানিয়েছে। চিঠিতে সীমান্তঘেঁষা ভারতের ১০টি এলাকায় অন্তত ৬২টি অবৈধ কারখানা এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ৩৭৪ জন ভারতীয় নাগরিকের তথ্য থাকার কথা উল্লেখ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেছেন, নতুন নতুন নামে নেশার সিরাপ সীমান্ত দিয়ে পাচার হচ্ছে। বিষয়টি ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

টাইমস অফ বাংলাদেশের খবর- Gazipur BRT turns into white elephant অর্থাৎ গাজীপুর বিআরটি যেন 'সাদা হাতি'।
১৪ বছরেরও বেশি সময় ধরে চলা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও এখনো কোনো বিআরটি বাস চালু হয়নি। এরই মধ্যে প্রকল্পের জন্য নেওয়া বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধ শুরু করেছে বাংলাদেশ।
ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার এই করিডোরটি একসময় যানজটমুক্ত, সিগন্যালমুক্ত, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। তবে এক দশকের বেশি সময় পরও সেই লক্ষ্য পূরণ হয়নি। প্রকল্পটি এখন দুর্বল পরিকল্পনা ও বাস্তবায়নের উদাহরণ হিসেবে সমালোচিত হচ্ছে।
এখন পর্যন্ত প্রকল্পে ৩ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। অথচ বিআরটি বাসের সেবা শুরু হয়নি। দুই বছর আগে গণঅভ্যুত্থানের সময় সরকারি স্থাপনায় হামলার পর বিভিন্ন স্টেশনের এসকেলেটরসহ বেশ কিছু সরঞ্জামও নষ্ট ও মরিচা পড়তে শুরু করেছে।
প্রকল্পের বিপরীতে নেওয়া ঋণের বোঝা এখন বাংলাদেশের ওপর রয়েছে। আগামী দুই দশক ধরে হাজার হাজার কোটি টাকার সেই ঋণ ও সুদ পরিশোধ করতে হবে।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- A mega project largely deserted অর্থাৎ বিশাল প্রকল্প, কিন্তু অনেকটাই পরিত্যক্ত।
গত ১৩ বছরে ১৫ হাজার ৬৯১ কোটি টাকা ব্যয় হলেও পায়রা বন্দর এখনো তার বাণিজ্যিক সম্ভাবনার তুলনায় অনেকটাই নিষ্ক্রিয়। বর্তমানে বন্দরে সীমিত পরিমাণ আমদানি হচ্ছে, যার বড় অংশই একটি স্থানীয় বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা।
বন্দরের প্রধান সমস্যা নাব্য সংকট। নিয়মিত নাব্য সমস্যার কারণে বড় আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা তৈরি হচ্ছে। পাশাপাশি আশপাশে পর্যাপ্ত শিল্পকারখানা ও বাণিজ্যিক কার্যক্রম গড়ে না ওঠায় আন্তর্জাতিক পণ্য পরিবহন ও রপ্তানিও বাড়ছে না।
২০১৩ সালে পটুয়াখালীর তিয়াখালীতে ধানখেত ও কাদামাটির মধ্যে পায়রা বন্দরের যাত্রা শুরু হয়। দক্ষিণাঞ্চলের শিল্পায়নের প্রধান কেন্দ্র হিসেবে বন্দরটিকে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল।
নতুন জেটি, স্মার্ট সিটি ও অর্থনৈতিক অঞ্চলসহ একটি বড় সামুদ্রিক বন্দরকেন্দ্রিক ১৭টি উচ্চাভিলাষী পরিকল্পনাও নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের মধ্যে মূল বন্দর ও আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিপুল অর্থ ব্যয়ের পরও সেই বাণিজ্যিক সম্ভাবনা এখনো বাস্তবায়িত হয়নি।








