নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, জুলাই থেকে বাড়তি বেতন

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই বছরের জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।
শনিবার বিকালে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পহেলা জুলাই ২০২৬ থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতনের ৫০ শতাংশ এই জুলাই থেকে কার্যকর হবে।
গত ৩০শে জুন তারা সর্বশেষ যে বেতন পেয়েছিলেন, তার সাথে নতুন এই বর্ধিত বেতন যুক্ত হবে।
ফলে জুলাই থেকে এই পাওনা তারা বকেয়া হিসাবে পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালের পহেলা জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে।
নতুন বেতন কাঠামো এই বছরের জুলাই থেকে কার্যকর বলে ধরায় সরকারি চাকরিজীবীরা বাকি অংশ বাকি অংশ পহেলা জুলাই ২০২৬ থেকে থেকে বকেয়া হিসাবে বুঝে পাবেন।
বেতন কাঠামোর সাথে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বা মোবাইল ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক যেসব সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, সেগুলো ২০২৮ সালের পহেলা জানুয়ারি থেকে পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
যারা পেনশন গ্রহণ করছেন, তারাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সুযোগ সুবিধা পাবেন।
গত ৩১শে অগাস্ট নতুন বেতন কাঠামো ঘোষণা করে বাংলাদেশের সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে সেটি জানানোও হয়।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০০ শতাংশ থেকে শুরু সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়িয়ে দুই অর্থবছরে তিন ধাপে এই পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সর্বনিম্ন স্তর ২০তম গ্রেডের মূল বেতন আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এই গ্রেডে ১৪২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে।
সরকারি চাকরির সর্বোচ্চ স্তর প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৫৬ হাজার টাকা (সর্বোচ্চ নির্ধারিত) হয়েছে।
বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং প্রায় নয় লাখ পেনশনভোগী রয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ দেখানো হয়েছে।
পেনশন ও গ্র্যাচুইটিসহ এই পে-স্কেল বাস্তবায়নে ব্যয় হবে ১ লাখ ৪১ হাজার কোটি টাকারও বেশি।
এর মধ্যে ৪৪ হাজার কোটি টাকা চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো











