আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন'
টাইমস অফ বাংলাদেশের খবর- Shahabuddin's resignation follows exit deal অর্থাৎ দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্ত নেন। ওই সমঝোতা অনুযায়ী, পদত্যাগের পর তিনি যেন কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন - এ বিষয়ে আশ্বাস পান।
সূত্রগুলো জানায়, বিএনপি শুধু সংবিধানের ৫১ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়।
বিএনপির নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে ১০ থেকে ১২ দিনের মধ্যে বিদেশে যাবেন।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আগামী ৯০ দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এ বিষয়ে দলের নীতিনির্ধারণী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ এবং এ-সংক্রান্ত সমঝোতার বিষয়টি জামায়াতে ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আগেই জানতেন।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন
বণিক বার্তা পত্রিকার আজকের শীর্ষ খবর- অন্তর্বর্তী সরকারের সময় 'মাল্টিমিলিয়নেয়ার' ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার!
সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ব্যাংকগুলোয় ব্যক্তি শ্রেণীর কোটি টাকার বেশি বা মাল্টিমিলিয়নেয়ার হিসাবের সংখ্যা (অ্যাকাউন্ট) অস্বাভাবিক হারে বেড়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার দায়িত্ব নেয়ার সময় ব্যাংকগুলোয় কোটি টাকার বেশি আমানত জমা থাকা ব্যক্তিগত হিসাব সংখ্যা ছিল ৩৩ হাজারের ঘরে।
কিন্তু মাত্র দেড় বছর পর এমন অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়। সে হিসাবে সাবেক অন্তর্বর্তী সরকারের অল্প সময়ের শাসনামলে দেশে মাল্টিমিলিয়নেয়ার ব্যাংক হিসাব সাত হাজারের বেশি বেড়েছে। অর্থাৎ এমন ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির হার ২১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা 'ব্যাংকিং সেক্টর আপডেট' শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোতে ১ কোটি বা তার বেশি পরিমাণ টাকা জমা থাকা ব্যক্তি শ্রেণীর হিসাব সংখ্যা ছিল ৩৩ হাজার ৬২৯। কিন্তু মাত্র দেড় বছর পর চলতি বছরের মার্চে এসে এ ধরনের হিসাব সংখ্যা ৪০ হাজার ৬৪৫-এ উন্নীত হয়।
সমকাল পত্রিকার খবর - গ্যাস সংকট আরও দুই সপ্তাহ। এ খবরে বলা হয়েছে, দেশে চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ লাগতে পারে।
সংশ্লিষ্টদের মতে, এলএনজি টার্মিনালের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রাংশ শর্ট সার্কিটে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ স্বাভাবিক ব্যাহত হচ্ছে।
এ কারণে আবাসিক, শিল্প, যানবাহন ও বিদ্যুৎ খাতে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।
গ্যাসের সংকটে অনেক এলাকায় রান্নায় বিকল্প হিসেবে কাঠ ও এলপিজির ব্যবহার বেড়েছে।
একই সঙ্গে গ্যাসের ঘাটতির প্রভাবে বিদ্যুতের লোডশেডিংও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের কাজ চলছে।
তবে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।
কালের কণ্ঠ পত্রিকার শীর্ষ খবর- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে। এই খবরে বলা হচ্ছে- আগামী দুই মাসের মধ্যেই বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন তা নির্ধারিত হয়ে যাবে।
সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
নির্বাচন কমিশনও আজ রবিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে।
আগামী সেপ্টেম্বরের অধিবেশন ঘিরেই রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা চলছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
তিনি কালের কণ্ঠকে বলেন, 'গত ৭ জুন শুরু হওয়া বাজেট অধিবেশন ১৫ জুলাই শেষ হয়েছে। ফলে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। ওই অধিবেশনেই নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করি।'
এদিকে আজ জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
এরপর তার বঙ্গভবনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গভবনে অফিস ও সংসদ ভবনে স্পিকারের বাসায় থাকবেন বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজই বঙ্গভবনের সরকারি বাসভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজের বাসায় ফিরতে পারেন বলে জানা গেছে।
যুগান্তর পত্রিকার খবর- গ্যাস সংকটে বাড়ছে উদ্বেগ- ভাসমান এলএনজি টার্মিনালে চীনা কোম্পানির নজর
দেশের দুটি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) মধ্যে একটিতে ত্রুটি দেখা দেওয়ায় সারা দেশে ভয়াবহ গ্যাস সংকট চলছে।
এ সংকটের মধ্যেই তৃতীয় একটি ভাসমান টার্মিনাল নিয়ে তৎপর জ্বালানি বিভাগসহ দেশি-বিদেশি কয়েকটি পক্ষ। এর মধ্যে রয়েছে চীনের একটি প্রতিষ্ঠান এবং দেশের আলোচিত-সমালোচিত সামিট গ্রুপ।
তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বসাতে আগ্রহ দেখিয়ে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) তাদের একটি প্রতিনিধিদল ঢাকায় পাঠিয়েছে। দলটি চলতি সপ্তাহে বাংলাদেশে তৃতীয় এফএসআরইউ বসানোর ব্যাপারে জ্বালানি বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে জানা গেছে।
অন্যদিকে সামিট গ্রুপও সরকারের সঙ্গে সমঝোতার জন্য জোড়জোড় শুরু করেছে।
সূত্র বলছে, প্রচলিত নিয়মের বাইরে এফএসআরইউ বসানোয় বিলিয়ন ডলারের এই কাজ পেতে দেশি-বিদেশি কোম্পানিগুলোর দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
বাতিল হওয়া তৃতীয় এফএসআরইউ-এর ব্যাপারে সমঝোতা করতে সরকারকে প্রস্তাব দিয়েছে সামিট গ্রুপ।
প্রথম আলো পত্রিকার খবর- রাষ্ট্রপতি পদে ভেবেচিন্তে সিদ্ধান্ত। খবরে বলা হয়েছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি বেছে নিতে আপাতত তাড়াহুড়ো করছে না সরকার ও ক্ষমতাসীন দল বিএনপি।
আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তার আগে দলীয় নাকি বাইরের কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এখন পর্যন্ত নেতা-কর্মীদের মুখে অনেকের নাম ঘুরে বেড়াচ্ছে।
সরকার ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি নির্বাচন কিছুটা সময় নিয়ে করার পেছনে সংবিধান সংশোধনের বিষয়টিও রয়েছে।
আগামী সেপ্টেম্বরে সংসদের পরবর্তী অধিবেশনে সংবিধানের অষ্টাদশ সংশোধনী বিল আনার প্রস্তুতি নিচ্ছে সরকার।
সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যসহ জুলাই জাতীয় সনদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত হতে পারে।
সে ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বে কোনো পরিবর্তন আসছে কি না, সেটি স্পষ্ট হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যুক্তিযুক্ত হবে।
নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর - গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন তীব্রতর হবে : ডা: শফিক।
খবরে বলা হয়েছে, গণভোটকে অপমান করতে দেবেন না জানিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা সারা দেশে ঘুরেছি।
মানুষের একটাই চাওয়া, গণভোটের গণরায় বাস্তবায়ন করা হোক। এটা নিয়ে কোনো ধানাইপানাই চলবে না। আমাদের কথা সাফ, গণভোটকে আমরা অপমান করতে দেবো না।
তিনি গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ বলেন।
জামায়াতের আমির বলেন, এখন যারা সরকারে আছেন, তারাও মজলুম ছিলেন, আমাদের সহযোদ্ধা ছিলেন। কিন্তু তারা এখন নির্লজ্জের মতো ফ্যাসিবাদের দিকেই যাচ্ছে।
গণভোটের গণরায়কে মেনে নিন, না মানলে এ দেশের মানুষ জানে, কিভাবে দাবি আদায় করতে হয়। বিরোধীদলীয় নেতা বলেন, প্রস্তুত হোন সিলেটবাসী, ঢাকার জন্য ডাক আসবে।
দুর্নীতি বন্ধ ও ফ্যাসিবাদ মুক্ত না করে আমরা থামব না। আমাদের আন্দোলন তীব্রতর থেকে তীব্র হবে। ১১ দলের সবাই ঐক্যবদ্ধ। দেশে সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।
নিউ এইজ পত্রিকার খবর- Hospitals turn breeding ground for deadly infections অর্থাৎ হাসপাতালেই ছড়াচ্ছে প্রাণঘাতী সংক্রমণ।
বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়েও অনেক রোগী নতুন করে সংক্রমিত হচ্ছেন, যার মধ্যে ওষুধ-প্রতিরোধী (ড্রাগ-রেজিস্ট্যান্ট) জীবাণুর সংক্রমণও রয়েছে। এতে যেমন মৃত্যুর ঝুঁকি বাড়ছে, তেমনি রোগীদের চিকিৎসা ব্যয়ও বেড়ে যাচ্ছে। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও রোগীর স্বজনরাও সংক্রমণের ঝুঁকিতে থাকছেন।
আইসিডিডিআর,বির দুটি গবেষণায় দেখা গেছে, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–তে ভর্তি হওয়া যেসব রোগীর শরীরে শুরুতে ওষুধ-প্রতিরোধী জীবাণু ছিল না, তাদের অর্ধেকেরও বেশি হাসপাতালে থাকার সময় এসব জীবাণুতে আক্রান্ত হন।
বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ প্রতিরোধে নির্দেশিকা ঠিকভাবে অনুসরণ না করা, অতিরিক্ত রোগীর চাপ, অপর্যাপ্ত পরিচ্ছন্নতা, অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার এবং হাসপাতালের দুর্বল অবকাঠামো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আজকের পত্রিকার খবর- ঢাকায় অচল ৩২০ বাস রুট বাতিল হচ্ছে।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ঢাকা মহানগরে চলমান বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় অচল বাস রুট বাতিল এবং ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস দ্রুত অপসারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিটিসিএর জরিপে দেখা গেছে, ঢাকায় অনুমোদিত ৪১৮টি বাস রুট থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র ৯৮টি। তাই বাকি ৩২০টি অচল রুট বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
সভায় জানানো হয়, রাজধানীর কার্যকর গণপরিবহন ব্যবস্থার জন্য প্রায় ৬০টি বাস রুটই যথেষ্ট। এর মধ্যে ৩২টি রুটের বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। বাকি রুটগুলোর তালিকাও দ্রুত চূড়ান্ত করা হবে।
এছাড়া ঢাকায় চলাচলকারী ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস দ্রুত অপসারণ করা হবে।
নতুন রুট তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রতিটি রুট একটি নির্দিষ্ট কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। রুটভিত্তিক বাসের সংখ্যা নির্ধারণ করে ফিটনেস, কাগজপত্রসহ প্রয়োজনীয় যাচাই শেষে বাস পরিচালনার অনুমতি দেওয়া হবে।
দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Public hospitals stretched far beyond capacity অর্থাৎ সক্ষমতার দ্বিগুণ চাপ সামলাচ্ছে সরকারি হাসপাতাল।
বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো তাদের ধারণক্ষমতার অনেক বেশি রোগীর চাপ সামলাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ২০২৪ সালের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, জেলা হাসপাতালগুলোতে গড় শয্যা দখলের হার (বেড অকুপেন্সি রেট) ১৭৮ শতাংশ। অর্থাৎ, ১০০ শয্যার হাসপাতালে গড়ে ১৭৮ জন রোগী ভর্তি রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এ হার ১৬৪ শতাংশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১১ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রোগীর চাপে অনেককে হাসপাতালের মেঝে ও করিডোরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের ওপরও বাড়তি চাপ পড়ায় প্রতিটি রোগী পর্যাপ্ত সময় ও সেবা পাচ্ছেন না।
এ ছাড়া হাসপাতালগুলোর খাদ্য, ওষুধ ও অন্যান্য সরঞ্জামের বরাদ্দ শয্যা সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হওয়ায়, ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি থাকলে এসব সেবায়ও ঘাটতি তৈরি হচ্ছে।