পত্রিকা: 'নিরাপত্তা জোরদারের মধ্যেই ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে বেশি গুরুত্ব পেয়েছে কুমিল্লায় নিখোঁজ কিশোরের মৃত্যুর খবরটি। এছাড়া বিভিন্ন জায়গায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণওআওয়ামী লীগের ফেরাকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর এবং ১১ দলীয় জোটের লং মার্চ নিয়ে খবর রয়েছে আজকের পত্রিকাগুলোতে।
নিউ এইজ পত্রিকার খবর - Bus arson, crude bomb blasts in city amid beefed-up security অর্থাৎ নিরাপত্তা জোরদারের মধ্যেই ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ।
নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি ও অতিরিক্ত তল্লাশিচৌকি বসানোর মধ্যেই শনিবার রাজধানীতে অন্তত চারটি যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি চলন্ত বাস ছিল। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটে।
মহাখালীতে দুটি, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের কাছে একটি, মালিবাগে তিনটি এবং বাবুবাজার সেতুর নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার রাতে কাফরুল থানার সামনে একটি বাসেও আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মিন্টো রোডের সরকারি বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে বৈঠক হয়। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দুই শতাধিক তল্লাশিচৌকি স্থাপন করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথ, গুরুত্বপূর্ণ স্থান এবং উড়ালসড়কের আশপাশে এসব চৌকি বসানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপি ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে এবং ৪৭টি মামলা করেছে।

প্রথম আলো পত্রিকার খবর- অপ্রতিমকে হারিয়ে স্তব্ধ দেশ। খবরটি করা হয়েছে কুমিল্লার নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার নিয়ে।
বলা হয়েছে, কুমিল্লার কোটবাড়িতে পরিবারের সঙ্গে থাকা ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম গত শুক্রবার বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়।
বেলা আড়াইটার দিকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনায় দুই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানাতে রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিং করার কথা রয়েছে।
অপ্রতিমের নিখোঁজের পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে এবং তার মা নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে পোস্ট দেন। 'মুন অ্যালার্ট'-এর ফটোকার্ডও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এতে অপ্রতিমের নিখোঁজের খবর দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে যায়। মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে আসে শোকের আবহ। অনেকেই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
দৈনিক যুগান্তরের খবর - প্রাণ দিয়ে 'ভাতের দাম' দিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র। খবরে বলা হয়েছে, খুলনায় মেসে 'মিল' না দিয়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমল হোসেনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, মেসের কয়েকজন সদস্য তাকে পাঁচতলার ছাদে নিয়ে মারধর ও চুল কেটে দেন। পরে তিনি সেখান থেকে পড়ে গুরুতর আহত হন।
আজমল নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার রাতে মেসের নিয়ম অনুযায়ী খাবারের বিষয়টি আগে না জানিয়ে অন্য একজনের ভাত খাওয়ায় তাকে নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তাকে ছাদে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর আগে বাবাকে ফোন করে মারধরের কথা জানিয়েছিলেন বলে পরিবারের দাবি।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আজমল নিজে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, নাকি তাকে ফেলে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহেরও চেষ্টা চলছে।

মানবজমিন পত্রিকার খবর- নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন। খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে তৎপরতায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি হয়েছে।
গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
মেস, সস্তা হোটেল, আবাসিক ফ্ল্যাট ও আত্মীয়দের বাসায় ছদ্মবেশে থেকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছেন বলে সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে।
মিরপুর, উত্তরা, বাড্ডা, খিলগাঁও, মুগদা, শাহজাহানপুর, সবুজবাগ, ধানমণ্ডি, যাত্রাবাড়ী ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় তাদের গোপন বৈঠক ও যাতায়াতের তথ্য পাওয়ার দাবি করা হয়েছে।
বিদেশে অবস্থানরত দলীয় নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করে সংগঠিত করছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

নয়া দিগন্ত পত্রিকার খবর- শেখ হাসিনাকে ফেরাতে নীলনকশা পুলিশে। এ খবরে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এর মধ্যে শেখ হাসিনার সম্ভাব্য ডিসেম্বরের দেশে ফেরা নিয়ে ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি মো. রাকিবুল হাসানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে মাঠপর্যায়ের পুলিশের দুর্বলতা এবং শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিছু করতে পারবে না, এমন বক্তব্য শোনা যায় বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
অডিওটি ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং পরে অডিওটির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তবে রাকিবুল হাসান অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছেন। ফলে অডিওটির সত্যতা যাচাই এখনো গুরুত্বপূর্ণ বিষয়।
এর আগে ১১ সেপ্টেম্বর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর - PM heads to NY tomorrow for first UNGA address অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমবারের মত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।
এর মধ্য দিয়ে তিনি হবেন তার পরিবারের তৃতীয় সদস্য, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানিয়েছে বাসস।
এর আগে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬শে আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেন। তার মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে পাঁচবার সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।
তুলনামূলক ছোট একটি প্রতিনিধিদল নিয়ে তারেক রহমান নিউইয়র্ক সফর করবেন এবং শুক্রবার পর্যন্ত সেখানে থাকার কথা রয়েছে।
সফরে তিনি বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনা ও বিভিন্ন অগ্রাধিকারের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বণিক বার্তা পত্রিকার খবর- লংমার্চের মধ্যেও জামায়াতের ৩৪ এমপির একসঙ্গে বিদেশ সফর ঘিরে নানা আলোচনা।
খবরে বলা হয়েছে, মালয়েশিয়া সফর শেষে ১৭ই সেপ্টেম্বর জামায়াতের সফরকারী দলটি সিঙ্গাপুরে পৌঁছায় এবং সেখানে তারা একটি সিম্পোজিয়ামে অংশ নেন। এছাড়া দেশটির বিভিন্ন রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে, আট দফা দাবিতে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচি পালিত হয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর ৩৪ সংসদ সদস্য বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন।
সফরকারী দলে এমপিরা ছাড়াও জামায়াতের কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং এমপিদের পরিবারের সদস্যসহ মোট ৭১ জন রয়েছেন। জামায়াতের দলীয় সূত্রে এ সফরকে 'শিক্ষামূলক' বলা হচ্ছে।
তবে জাতীয় সংসদের বিরোধী দলের এতজন সংসদ সদস্যের একসঙ্গে এমন সফর ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল, নানা আলোচনা।

কালের কণ্ঠ পত্রিকার খবর- কয়লাবিদ্যুতে বড় বিনিয়োগ। খবরে বলা হয়েছে, গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, উচ্চমূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বাড়তি চাপ এবং ধারাবাহিকভাবে কমছে দেশীয় গ্যাসের মজুদও।
সব মিলিয়ে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আবারও কয়লার দিকে ঝুঁকছে সরকার।
নতুন করে দুই হাজার ৬৪০ মেগাওয়াট সক্ষমতার দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
কক্সবাজারের মাতারবাড়ী এবং পটুয়াখালীর পায়রায় এই দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হতে পারে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
এর মধ্যে মাতারবাড়ীতে এক হাজার ৩২০ মেগাওয়াটের কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার।
বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা সাম্প্রতিক সময়ে আরো প্রকট হয়েছে।

আজকের পত্রিকার খবর - সেপ্টেম্বরে মৃত্যু বেড়েছে ৩ গুণ। খবরে বলা হয়েছে, দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে।
সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রতিদিন গড়ে ১ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা আগস্টের দৈনিক গড়ের প্রায় দ্বিগুণ। একই সময়ে প্রতিদিন গড়ে চারজনের বেশি রোগীর মৃত্যু হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৬০ হাজার ৩৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৭৮ জন।
জানুয়ারি থেকে মে পর্যন্ত রোগী ভর্তি ছিল ৩ হাজার ১৯৭ জন। এরপর জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬, আগস্টে ২০ হাজার ৫৩৬ এবং সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে ২৪ হাজার ৫৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত্যুর সংখ্যাও মাসভেদে দ্রুত বেড়েছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ জন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনেই ৮১ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। আগস্টে দৈনিক মৃত্যুর গড় ছিল ১ দশমিক ৪ জন, যা সেপ্টেম্বরে বেড়ে চারজনের বেশি হয়েছে।
বৃষ্টির মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পাশাপাশি সংক্রমণের গতিও দ্রুত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণের কৌশল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

সমকাল পত্রিকার খবর- জুলাই থেকে পে স্কেল কার্যকর এ মাসে বকেয়াসহ বেতন। খবরে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন পে স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। ফলে জুলাই থেকে বকেয়া অর্থ চলতি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই পাবেন কর্মচারীরা। গত ৩১ আগস্ট মন্ত্রিসভা নবম পে স্কেল অনুমোদন দেয়।
নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন দ্বিগুণ হয়েছে, আর নিচের গ্রেডের মূল বেতন বেড়েছে রেকর্ড ১৪২ শতাংশ পর্যন্ত।
গতকাল শনিবার অর্থ বিভাগ "চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬" নামে প্রজ্ঞাপনটি জারি করে।
এতে বেতন বৃদ্ধি ধাপে ধাপে কার্যকরের কথা বলা হয়েছে। ১ জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোর মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতনের ৫০ শতাংশ পাবেন।
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এই হারে বেতন পাবেন তারা। ১ জানুয়ারি ২০২৭ থেকে জুন পর্যন্ত বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ (১ম থেকে ৯ম গ্রেড) এবং ৭৫ শতাংশ (১০ম থেকে ২০তম গ্রেড) কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির বাকি শতভাগ কার্যকর হবে।

টাইমস অফ বাংলাদেশের খবর - Navana's Shumon owns 13 luxury Toronto properties অর্থাৎ নাভানা গ্রুপের সুমনের টরন্টোতে ১৩টি বিলাসবহুল সম্পত্তি।
খবরে বলা হয়েছে, নাভানা গ্রুপের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের টরন্টো ও আশপাশের এলাকায় ১৩টি বিলাসবহুল সম্পত্তি রয়েছে বলে এক অনুসন্ধানে উঠে এসেছে।
সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে বিলাসবহুল বাড়ি, টাউনহাউস, কনডোমিনিয়াম এবং আবাসিক ও বাণিজ্যিক ইউনিট।
কানাডার সম্পত্তির নথি ও সাম্প্রতিক বাজারমূল্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৩টির মধ্যে ১২টি সম্পত্তির বর্তমান মূল্য প্রায় ১৩১ কোটি টাকা। অন্য একটি সম্পত্তির মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি।
সবচেয়ে দামি সম্পত্তিটি টরন্টোর স্কারবরো এলাকায় অবস্থিত একটি বিশেষভাবে নির্মিত স্বতন্ত্র বাড়ি। এর আনুমানিক মূল্য ২৫ কোটি ৫০ লাখ টাকা।
অনুসন্ধানে আরও প্রাথমিক তথ্য পাওয়া গেছে, টরন্টোসহ কানাডার অন্যান্য এলাকায় সুমন ও নাভানা পরিবারের আরও সম্পদ থাকতে পারে। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।









