পত্রিকা: 'আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে সতর্কতা'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
Published
পড়ার সময়: ৭ মিনিট

মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে সতর্কতা

এই খবরে বলা হয়েছে, 'কার্যক্রম নিষিদ্ধ' আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিলসহ কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে।

এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এ পরিস্থিতিতে দেশের সব পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মানবজমিন

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— PM orders renaming of two Bogura unions; অর্থাৎ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর।

এই সংবাদে বলা হয়েছে, বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় ইউনিয়ন দুইটির নামকরণে তার দুই ছেলের নামের মিল থাকা নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে এ নির্দেশনা এলো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে অসন্তুষ্ট ছিলেন সরকারপ্রধান।

নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, বিভিন্ন মহলে সমালোচনার কারণে বিষয়টি সরকারে ভাবমূর্তির ক্ষতি করেছে বলেও মনে করা হচ্ছে। এ কারণেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্য ডেইলি স্টার
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ— নয়া দিগন্তের প্রথম পাতার খবর এটি।

এই খবরে বলা হয়েছে, একসময় আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে উন্নয়নশীল অর্থনীতি, শ্রমবাজার কিংবা জলবায়ু ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখা হলেও বর্তমানের বাস্তবতা ভিন্ন।

বঙ্গোপসাগরকেন্দ্রিক ইন্দো-প্যাসিফিক কৌশল, ভারত মহাসাগরীয় বাণিজ্যপথ, আঞ্চলিক সংযোগ প্রকল্প এবং চীন-ভারত-যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার কারণে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

তিনি হামাসের প্রভাব বিস্তার এবং দক্ষিণ এশিয়ায় উগ্রপন্থি নেটওয়ার্কের সম্ভাব্য বিস্তার নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের নাম উল্লেখ করেন।

কূটনৈতিক ভাষায় এমন মন্তব্যকে সাধারণ কোনো বক্তব্য হিসেবে দেখার সুযোগ কম। কারণ আন্তর্জাতিক সম্পর্কে নিরাপত্তা-সংশ্লিষ্ট বয়ান প্রায়ই রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করে।

এই বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি না হলেও পরোক্ষভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা উদ্বেগ নিয়ে বিশেষ ধরনের বয়ান তৈরি করতে পারে।

নয়া দিগন্ত

টাইমস অব বাংলাদেশের প্রথম পাতার খবর— MPs debate privileges, public issues take back seat; অর্থাৎ সুযোগ-সুবিধা নিয়ে সংসদ সদস্যদের বিতর্ক, পেছনে পড়ে যাচ্ছে জনগণের কথা।

এই খবরে বলা হয়েছে, নতুন সরকারকে যেখানে নানা সংকট মোকাবিলা করে এগিয়ে চলতে হচ্ছে, সেখানে সাধারণ মানুষের সংকটের তো সীমা নেই।

জনগণের এসব সংকট নিয়ে সংসদে খুব একটা বেশি আলোচনা হয় না বলে অভিযোগ উঠেছে। অথচ নির্বাচনের আগে অঙ্গীকার ছিল, সব কাজের কেন্দ্রবিন্দু হবে সংসদ।

রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এখন এসব বিষয়ে মানুষের মাঝে চলছে আলোচনা। গ্রামের চায়ের দোকান, হাট-বাজার, গণপরিবহন, অফিস-আদালত এবং সামাজিক মাধ্যমে মানুষের প্রশ্ন— কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না, কর্মসংস্থানের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সংসদে এসব বিষয় গুরুত্ব পাচ্ছে না কেন?

রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তারাও বলছেন, জনগণের করের টাকায় পরিচালিত আইনসভায় গণমানুষের সমস্যা-সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনার চেয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের ব্যক্তিকেন্দ্রিক বিষয়ই বেশি প্রধান্য পাচ্ছে।

বিশেষ করে গত ৭ জুন বাজেট অধিবেশনের শুরু থেকেই এখন পর্যন্ত গণমানুষের কথা গুরুত্ব পেয়েছে কমই। অধিবেশনে বাজেট বিশ্লেষণও হচ্ছে না খুব একটা।

টাইমস অব বাংলাদেশ

এতে বলা হয়েছে, আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া থেকে বাংলাদেশের সরকারপ্রধান চার দিনের সফরে চীন যাবেন।

দুই দেশে তার এই সফরে অন্তত দুই ডজন সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের শীর্ষ বৈঠকের পর যৌথ ইশতেহার ঘোষণা করা হবে।

ঢাকা-বেইজিং সম্পর্কের পাঁচ দশক পূর্তির পর দুই দেশের মধ্যে তৃতীয়বারের মতো যৌথ ইশতেহার ঘোষণা করা হবে। এই সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির চারটি উদ্যোগের অন্যতম জিডিআই বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের যুক্ততার ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটিতে শ্রমবাজার পুনরায় চালু করা, প্রবাসী শ্রমিকদের কল্যাণ, শিক্ষা সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে ঢাকা।

প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হলে উভয় দেশ থেকে বেশি বিনিয়োগ আসবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

আজকের পত্রিকা

প্রথম আলোর প্রথম পাতার একটি প্রতিবেদনের শিরোনাম— টিকা ক্যাম্পেইনের পরও হাম নিয়ন্ত্রণে আসেনি

এই খবরে বলা হয়েছে, গত ২০ই মে, অর্থাৎ এক মাস আগে হামের টিকার জাতীয় ক্যাম্পেইন শেষ হয়েছে। তবু হাম নিয়ন্ত্রণে আসেনি।

মৃত্যু কমলেও হামের উপসর্গ নিয়ে এখনো প্রতিদিন গড়ে এক হাজার রোগী আসছে হাসপাতালে।

বিশেষজ্ঞরা বলছেন, তাদের পরামর্শ শুনছে না স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের অভ্যন্তরীণ বিশ্লেষণ বলছে, হামের উপসর্গ ও হামে আক্রান্তের সংখ্যা বাড়া-কমার মধ্যে আছে।

সংস্থাটির সর্বশেষ (৯ জুন বিতরণ করা) বিশ্লেষণ বলছে, ১ থেকে ৭ জুন— এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় (২৫-৩১ মে) হামের উপসর্গ নিয়ে ও নিশ্চিত হামে মৃত্যু কমেছে। তবে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ব্যক্তি বা নিশ্চিত হামের রোগী সামান্য বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, মে মাসের তুলনায় জুনে আক্রান্তের সংখ্যা কম।

জুনের শেষ নাগাদ সংক্রমণ আরও কমে আসবে বলে আশা করছেন তিনি।

যদিও হামের সংক্রমণ কমে আসা আর হাম নিয়ন্ত্রণে আসা এক কথা নয়।

প্রথম আলো

এই খবরে বলা হয়েছে, হকার ইস্যুতে শৃঙ্খলা ফেরাতে রাস্তা-ফুটপাতে রঙ দিয়ে বসার স্থান নির্ধারণ করে দিয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু নয়া পদ্ধতিতে এত বিপুলসংখ্যক হকারের বসার ব্যবস্থা করা যাচ্ছে না।

ঢাকা মহানগরীতে হকার সংখ্যা ছয় লাখের বেশি। খুব কম স্থানই আছে, যেখানে নীতিমালা অনুসরণ করে হকার বসার ব্যবস্থা করা যায়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক দায়িত্ব নেওয়ার পর হকারদের শৃঙ্খলায় আনতে সক্রিয় হয়ে ওঠেন। তাদের উদ্যোগে হকার নীতিমালা-২০২৬ প্রণয়ন করে সরকার।

নীতিমালা মেনে দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় এখন পর্যন্ত প্রায় চার হাজার হকারের জন্য স্থান পাওয়া গেছে।

সে নীতিমালা অনুসরণ করে ঢাকা দক্ষিণ সিটিতে এ পর্যন্ত এক হাজার ৯০০ হকার রাস্তা-ফুটপাতে বসার সুযোগ পেয়েছে। একইভাবে ঢাকা উত্তর সিটিতে দুই হাজার হকারের ব্যবস্থা করা সম্ভব।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে সর্বোচ্চ এক লাখ হকারের বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকি পাঁচ লাখ হকারকে বসানো এখন দুশ্চিন্তার বিষয়।

সমকাল

ফাঁদে ফাইলবন্দি পরোয়ানা— দেশ রূপান্তরের প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, গত পাঁচ বছরে প্রায় ৮০ হাজার আসামির বিরুদ্ধে পরোয়ানা-হুলিয়া জারি করেছে আদালত।

কিন্তু প্রকাশ্যে আসামি ঘুরে-বেড়ালেও আসামি ধরা না পড়ার ঘটনা রয়েছে। এক্ষেত্রে আসামিদের স্থান পরিবর্তন, নাম-পরিচয় ভুল এবং থানা পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ আছে।

আবার অনেক আসামি তদবির ও অর্থের বিনিময়েও গ্রেপ্তার এড়াতে পারছে। আর ফাইলবন্দি পরোয়ানার স্তূপ বাড়ছে।

এ সংক্রান্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ সদর দপ্তর সবকটি ইউনিটপ্রধানদের বিশেষ বার্তা দিয়েছে।

বার্তায় বলা হয়েছে, যেসব আসামির বিরুদ্ধে পরোয়ানা আছে, তাদের ধরতে না পারলে কারণসহ লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এর পাশাপাশি পুলিশের কোনো সদস্য বা কর্মকর্তার দায়িত্ব পালনের অবহেলার তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

দেশ রূপান্তর

এই খবরে বলা হয়েছে, এক দশক আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পুরো বিশ্বেই আলোড়ন তুলেছিল।

সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে এ অর্থ স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সুইফট নিজেও তাদের ব্যবস্থাপনায় সংস্কার আনে।

এবার বাংলাদেশ ব্যাংক সুইফটের সুরক্ষায় যুক্ত করতে যাচ্ছে অ্যান্টি মানি লন্ডারিং টুলস (এএমএল)। এ প্রযুক্তি সন্দেহজনক লেনদেন তাৎক্ষণাৎ স্থগিত করে দেবে। টুলস সক্রিয় থাকলে আন্তর্জাতিক লেনদেনে বাড়তি নজরদারি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত এগিয়ে নিতে গঠিত বিশেষ টাস্কফোর্সের সুপারিশে এ অ্যান্টি মানি লন্ডারিং টুলস যুক্ত হচ্ছে।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সুইফট কক্ষের পরিবেশ ও নিরাপত্তাগত কিছু পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে।

বণিক বার্তা

যুগান্তরের প্রধান সংবাদ— চালুর আগেই ঋণের ধাক্কা

এই খবরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কথা বলা হয়েছে।

এই টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও এখনো শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। কিন্তু এর নির্মাণে নেওয়া জাপানি ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে এসেছে।

চলতি বছরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) দুই কিস্তিতে ২২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে, যা সংস্থাটির এক বছরের উদ্বৃত্ত আয়ের প্রায় সমান।

এদিকে, টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি না হওয়ায় এটি কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু হবে, তা নিয়েও বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রাজস্ব আয় নিশ্চিত করতে না পারলে প্রায় ২২ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্পটি শেষ পর্যন্ত রাষ্ট্রের কাঁধে বিশাল এক আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে।

যুগান্তর