বিদেশে কাজে যাওয়ার আগে কতটা প্রস্তুত করা হয় বাংলাদেশি শ্রমিকদের?

বিদেশে কর্মরত শ্রমিক

ছবির উৎস, Sean Gallup

ছবির ক্যাপশান, বিদেশে কর্মরত শ্রমিক
Published

সবার জন্য নিরাপদ অভিবাসন এই স্লোগান নিয়ে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে।

বাংলাদেশের এক কোটির উপর মানুষ এখন পৃথিবীর নানা দেশে অভিবাসী হিসেবে কাজ করছেন।

বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো বলছে শুধু চলতি বছরেই সাত লাখের বেশি লোক বিদেশে গেছেন, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ।

কিন্তু নতুন অভিবাসীদের বিদেশে কাজে যাওয়ার আগে কতটা প্রস্তুত করা হয়?

দীর্ঘদিন অভিবাসীদের নিয়ে কাজ করছেন সুমাইয়া ইসলাম, তিনি বলছেন বাংলাদেশে প্রশিক্ষণের তেমন কোনও সুযোগ নেই।

মিস ইসলাম বলছেন সরকারী বেসরকারি সকল পদ্ধতিতে পাঠানো শ্রমিকদের বাধ্যতামুলক কিন্তু মাত্র তিন দিনের একটি প্রশিক্ষণ দেয় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।

"এ প্রস্তুতি বিদেশে যেয়ে কাজ করার জন্য উপযুক্ত নয়। একজন শ্রমিক হিসেবে তাদের ন্যায্য প্রাপ্তি বা অধিকার সম্পর্কে কিছুই জানানো হয় না। শ্রমিক তার চুক্তির কাগজ হাতে পায় না। শুধু ভিসা আর টিকেট দেয়া হয়। এতে করে সে কি কাজ করবে বা কত টাকা আসলে পাচ্ছে এ ব্যাপারে তার ধারণা থাকে না। এ বিষয়গুলো খুব জরুরি যুক্ত করা"।

"এ কারণে শ্রমিকের অধিকার লংঘিত হয়" বলছেন সুমাইয়া ইসলাম।

তিনি বলছিলেন নারী ও পুরুষ সবাইকে একটা প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে এটা ভালো উদ্যোগ। কিন্তু এ প্রশিক্ষণগুলোর সবকিছু ঢাকাকেন্দ্রিক না হয়ে এগুলো বিভিন্ন অঞ্চলে আরও বেশি করে ছড়িয়ে দেয়া প্রয়োজন বলে মনে করেন মিস ইসলাম।

এই প্রশিক্ষণ অন্তত সাতদিনে উন্নীত করে শ্রমিকের অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন করা উচিত বলে উল্লেখ করেন সুমাইয়া ইসলাম।