ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছে। সেই সাথে তিনি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নাশকতার আশঙ্কায় বাংলাদেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হয়েছে

    • বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চার দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত।
    • ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও তিনি পদত্যাগ করছেন। লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।
    • কিয়ের স্টারমারের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ডি বার্নহ্যাম নিশ্চিত করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
    • হাউস অফ কমন্সে লেবার পার্টির সংসদ সদস্যদের তুমুল হাততালির মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহাম।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নাশকতার আশঙ্কায় ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার থেকেই সেনা মোতায়েন করা হয়েছে।
    • জাতীয় সংসদের বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও প্রতিবাদকে একজন নারী সংসদ সদস্য ‘মবোক্রেসি’ বলায় অধিবেশনে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি কোনো অশ্লীল শব্দ নয়।
    • সিলেটের শাহজালাল মাজারে দান বাক্সে জমা পড়া টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে।
    • চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তের আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
    • পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।
    • বিয়ের অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।
    • আগামী তিন মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • দেশে গুম, খুন ও গণহত্যার বিচার দ্রুত করা, বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশের দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
    • রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ঢাকায় চার দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চার দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত আটটা ২৮ মিনিটে ঢাকায় কম্পন অনুভূত হয়।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস এ এই তথ্য উল্লেখ করা হয়েছে।

    এতে বলা হয়েছে, নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের ১০ কি.মি গভীরে এর উ'পত্তিস্থল।

    এছাড়া, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজিতে বলা হয়েছে, চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল।

  3. লেবার পার্টির সংসদ সদস্যদের তুমুল হাততালির মধ্যে অ্যান্ডি বার্নহামের শপথ গ্রহণ

    অ্যান্ডি বার্নহাম

    ছবির উৎস, House of Commons

    ছবির ক্যাপশান, অ্যান্ডি বার্নহাম

    হাউস অফ কমন্সে প্রবেশের সময় অ্যান্ডি বার্নহামকে লেবার পার্টির সংসদ সদস্যদের বেঞ্চ থেকে ব্যাপক হাততালির মাধ্যমে স্বাগত জানানো হয়।

    এসএনপির নতুন সংসদ সদস্য লারা বার্ড এবং কনজারভেটিভ পার্টির নতুন সংসদ সদস্য ডগলাস লামসডেনের পর তিনি শপথ গ্রহণ করেন।

    হাউস অফ কমন্সের কক্ষের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার সময় তিনি কয়েকবার মাথা নত করে অভিবাদনের উত্তর দেন এবং সমর্থক সংসদ সদস্যদের শুভেচ্ছার জবাবে হাসিমুখে সাড়া দেন।

    পরে মেকারফিল্ডের সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েলের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন মি. বার্নহাম।

    অ্যান্ডি বার্নহাম

    ছবির উৎস, House of Commons

    ছবির ক্যাপশান, হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েলের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন মি. বার্নহাম
  4. সংসদে 'মবোক্রেসি' শব্দ বলা নিয়ে বিতর্ক, শব্দটি অশ্লীল নয় বলেন স্পিকার

    বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান

    জাতীয় সংসদের বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও প্রতিবাদকে একজন নারী সংসদ সদস্য ‘মবোক্রেসি’ বলায় অধিবেশনে বিতর্ক সৃষ্টি হয়েছে।

    সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে একজন নারী সদস্য এমন মন্তব্য করেছেন।

    তার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মবোক্রেসি শব্দটিকে এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম।

    তিনি বলেন, “মাননীয় সংসদ সদস্য যথেষ্ট সুন্দর বক্তব্য দিয়েছেন। কিন্তু উনি ওনার বক্তব্যের মাঝে কথা প্রসঙ্গে বলেছেন যে, বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে সেটাকে তিনি মবোক্রেসি বলেছেন, আমি এই শব্দটিকে আপনার মাধ্যমে এক্সপাঞ্জ করার অনুরোধ জানাচ্ছি।”

    এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি কোনো অশ্লীল শব্দ নয়।

    “মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটার ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপাঞ্জ করার মতো কোনো কিছুই না” বলেন মি. আহমদ।

    এরপরই বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও এই শব্দটির অর্থ ভালো নয় উল্লেখ করে এক্সপাঞ্জ করার দাবি জানান।

    মি. রহমান বলেন, “আসলে মবোক্রেসি শব্দটা কোনো ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনিটলি এটা একটা অবজেকশনেবল শব্দ এবং আমার ধারণা তিনি খেয়াল করলে এটা বলতেন না। বেখেয়ালে বলে ফেলেছেন।”

    অতীতেও এমন প্রতিবাদ হয়েছে উল্লেখ করে সেইসব প্রতিবাদও মবোক্রেসি কিনা এমন প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা।

    তিনি বলেন, “কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করিনি প্রথম, এর আগে সেভারেল টাইমস আমরাও করেছি, বিএনপিও করেছে, অনেকেই করেছে। তাইলে কি সবকিছুই মবোক্রেসি ছিল? আমার মনে হয় যে, এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপাঞ্জ করাই উচিত।”

    মি. রহমানের বক্তব্যের পরে আবারও স্পিকার বলেন, এই শব্দটি অশ্লীল কোনো শব্দ নয়।

    “মাননীয় সদস্য মবোক্রেসি এখন একটা কমন টার্ম হয়ে গেছে। সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না। মবোক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ইউজ করতে পারেন। রাজনীতিতে এটা নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা এখনো অশ্লীল একটা শব্দ না।”

  5. প্রথমবারের মতো শাহজালাল মাজারে প্রকাশ্যে দানের টাকা গণনা

    সিলেটের শাহজালাল মাজার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সিলেটের শাহজালাল মাজার

    সিলেটের শাহজালাল মাজারে দান বাক্সে জমা পড়া টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে।

    সোমবার দুপুর আড়াইটা থেকে একটি দানবাক্স ও তিনটি দানের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়।

    এই মাজারের দানবাক্স ও ডেগগুলো থেকে পাওয়া যায় ১৭ লাখ ৬৪ হাজার ৫৪৯ টাকা। এছাড়া মাজারে দানের জন্য যে বড় পাতিলে সাত গ্রাম স্বর্ণ পাওয়া গেছে।

    শাহজালাল ও শাহপরান মাজারে কয়েকটি দানবাক্স বা দানের ডেগ থাকলেও সেখানে কি পরিমাণ দান জমা পড়ে, সেই অর্থ কোথায় বা কীভাবে ব্যয় হয়, সেসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। সম্প্রতি জেলা প্রশাসনের একটি বৈঠকে এই বিষয়টি উঠে আসে।

    এরপর গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারে এই তিনটি দানের ডেগ সিলগালা করা হয়। সেই সাথে জেলা প্রশাসন থেকেও একটি দানবাক্স স্থাপন করা হয়।

    তবে এ নিয়ে মাজারের খাদেমসহ স্থানীয় অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখান।

    এর কয়েকদিনের মধ্যেই জেলা প্রশাসককে বদলির নির্দেশও আসে।

    এর মধ্যেই আজ সোমবার বিদায়ী জেলা প্রশাসকের উপস্থিতিতে সিলগালাগুলো খুলে দেওয়া হয়। এসব ডেগে ও দানবাক্সে গত চারদিন ধরে জমা পড়া টাকা বের করে স্থানীয়দের উপস্থিতিতে গণনা শেষে ওই অর্থ ও গহনা পাওয়া যায়।

    পরে এসব টাকা জেলা প্রশাসন ও ওয়াকফ কমিটির যৌথ নামে একটি ব্যাংক হিসাবে রাখা হয়েছে। ভবিষ্যতে এই অর্থ মাজার সংশ্লিষ্ট ব্যবস্থাপনা ও উন্নয়নে ব্যয় হবে বলে এর আগে জানানো হয়েছিল।

  6. চট্টগ্রামের ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তের আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

    সোমবার বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    এতে বলা হয়েছে, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করে।

    ১৯ বছর বয়সী আটক ব্যক্তির নাম পুটন মোল্ল। তিনি ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

  7. পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট; ২০% মহার্ঘভাতা বৃদ্ধি-সহ একাধিক ঘোষণা

    অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    ছবির উৎস, Suvendu Adhikari/Facebook

    ছবির ক্যাপশান, বাজেট প্রস্তাব হাতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময়ে সরকারি কর্মীদের জন্য ২০% মহার্ঘভাতা বৃদ্ধি, পুলিশ, শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে কর্মী নিয়োগ, প্রাথমিক স্তরের পড়ুয়াদের দুপুরের খাবার বা 'মিড ডে মিল' এর বরাদ্দ বাড়ানো-সহ একাধিক ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

    বর্তমানে ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান রাজ্যের সরকারি কর্মীরা। সোমবারের ঘোষণার পর তা মোট বেড়ে ৩৮ শতাংশ দাঁড়িয়েছে। পহেলা অক্টোবর থেকে এই বর্ধিত পরিমাণ কার্যকর হবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিএ) বা মহার্ঘভাতা নিয়ে নানা অভিযোগ ছিল।

    তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন এই নিয়ে আন্দোলনও করেছিলেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। তারপর মহার্ঘভাতা কিছুটা বাড়ানো হয়।

    অন্যদিকে, গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে তৃণমূলস্তরে যারা কাজ করেন সেই 'আশা' ও 'অঙ্গনওয়াড়ি' কর্মীদের বেতন পাঁচ হাজার টাকা বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে।

    তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বেতন বাড়ানোর দাবিতে সোচ্চার হয়েছিলেন অনেক 'আশা' কর্মী। বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ঘটনার কথাও মনে করিয়ে দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    পাশাপাশি 'মিড ডে মিলে' প্রয়োজনীয় উপকরণের জন্য পড়ুয়া প্রতি বরাদ্দ বাড়ানো হয়েছে। বেকার যুবক, বিধবা নারী ও প্রবীণ নাগরিকদের জন্য বাজেটে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে।

    এক লক্ষ শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ করার কথাও ঘোষণা করা হয়েছে।

    পুলিশ, শিক্ষক ও শিক্ষাকর্মী, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস-সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের কথা বলা হয়েছে।

  8. নাচ-গানের নামে বিয়েতে খরচ কমাতে বললেন সংসদ সদস্য শাহাদাত হোসেন

    লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে মন্তব্য করেছেন শাহাদাত হোসেন

    বিয়ের অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সোমবার এই আহ্বান জানিয়েছেন তিনি।

    “আমাদের এ বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত-বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। সাতদিন, আটদিন, দশদিন একমাস আগে থেকে ক্যারিওগ্রাফার দিয়ে নৃত্য করে ..আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক” বলেন মি. হোসেন।

    বিয়ের অতিরিক্ত খরচ বন্ধ করার আহ্বান জানিয়ে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি জানান তিনি।

    মি. হোসেন বলেন, “এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।”

    প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করেন না বলেও উল্লেখ করেন তিনি।

  9. তিন মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    আগামী তিন মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ কথা বলেন তিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, “তিন মাসে আমরা ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। আমরা এনটিআরসির মাধ্যমে যেই সমস্ত শিক্ষকরা একেক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছেন এবং কষ্ট করছেন তাদেরকেও অটোমেশন ট্রান্সফারের ব্যবস্থা আমরা করবো।”

  10. সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াত-এনসিপির ১১ দলীয়

    জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ

    ছবির উৎস, JAMAAT-E-ISLAMI

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে কর্মসূচি দেন জোটের নেতারা

    দেশে গুম, খুন ও গণহত্যার বিচার দ্রুত করা, বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশের দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

    সোমবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

    ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, "জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে শত শত মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন। কিন্তু সেসব ঘটনার বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই।"

    একইসঙ্গে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় রাজধানীর বিজয় নগরে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন মি. আযাদ।

    এছাড়া আগামী চৌঠা জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

  11. প্রধানমন্ত্রী পদে লড়াই করার ঘোষণা অ্যান্ডি বার্নহ্যামের

    কিছুক্ষণ আগে ম্যানচেস্টার পিকাডিলিতে পৌঁছাচ্ছেন বার্নহ্যাম

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, কিছুক্ষণ আগে ম্যানচেস্টার পিকাডিলিতে পৌঁছাচ্ছেন বার্নহ্যাম

    কিয়ের স্টারমারের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ডি বার্নহ্যাম নিশ্চিত করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোশ্যাল মিডিয়ায় তিনি যা লিখেছেন তা হলো:

    "কিয়ের আমাদের দেশের জন্য বিশাল অবদান রেখেছেন এবং এই রকম একটি চ্যালেঞ্জিং সময়ে তার নেতৃত্ব ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।

    "তার এই সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন অধ্যায়ের (ট্রানজিশন) সূচনা করেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই প্রক্রিয়াটি যেন সুশৃঙ্খল ও দায়িত্বশীল উপায়ে সম্পন্ন হয়। আমি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে উপস্থাপন করব।''

    "দেশ এখন স্থিতিশীলতা, গুরুত্ব ও সবচেয়ে জরুরি বিষয়গুলোর ওপর ক্রমাগত মনোযোগ বজায় রাখার প্রত্যাশা করে, এবং দেশ ঠিক সেটাই পাবে। আমরা যত সামনের দিকে এগিয়ে যাব, আমাদের অগ্রাধিকার হতে হবে সবাই মিলে একসাথে কাজ করা, যাতে দেশকে আমরা সবাই যে অবস্থানে দেখতে চাই সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়।

    "মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়, জনসেবা, আবাসন এবং আগামী প্রজন্মের সুযোগ-সুবিধার ক্ষেত্রে অগ্রগতি দেখতে চায়। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার যে দায়িত্ব, রাজনৈতিক পরিবর্তন যেন কখনোই তা থেকে মনোযোগ সরিয়ে না নেয়।

    "লেবার মুভমেন্ট (লেবার আন্দোলন) তখনই সবচেয়ে শক্তিশালী হয়েছে, যখন এটি আত্মবিশ্বাস ও সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সামনের দিকে তাকিয়েছে।

    "এখান থেকে আমরা ঠিক এই কাজটিই করব এবং আমরা নিশ্চিত করব যেন এই অন্তর্বর্তীকালীন অধ্যায়টি আমাদের দল ও আমাদের দেশের জন্য একটি ইতিবাচক নবায়নের প্রক্রিয়া হয়ে ওঠে।"

    এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ঘোষণা করেছেন যে তিনি লেবার পার্টির নেতা হিসেবে অ্যান্ডি বার্নহ্যামকে সমর্থন করবেন।

    গত মে মাসের নির্বাচনের ফলাফলের পর স্ট্রিটিং সরকার থেকে পদত্যাগ করেছিলেন এবং সে সময় তিনি জানান যে স্টারমারের নেতৃত্বের ওপর থেকে তিনি আস্থা হারিয়েছেন।

    ওয়েস স্ট্রিটিং এই সমর্থন জানানোর ফলে অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেলো।

  12. হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০শে জুন

    হাসানুল হক ইনু
    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী ৩০শে জুন রায় ঘোষণা করা হবে

    জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আগামী ৩০শে জুন রায় ঘোষণা করা হবে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন নির্ধারণ করেছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলার সময়ে কুষ্টিয়ার ছয়জন নিহতের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র, প্ররোচনার আটটি অভিযোগ আনা হয়েছে।

    ওই বছরের ২৬শে অগাস্ট রাজধানীর উত্তরা থেকে মি. ইনুকে গ্রেফতার করা হয়। জাসদ নেতা হাসানুল হক ইনু শেখ হাসিনার মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী ছিলেন।

  13. ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফি

    রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১৩ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মি. চৌধুরী মারা গেছেন।

    কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, গত নয়ই জুন রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের আগে ইব্রাহিমপুরে তার চলন্ত মোটরসাইকেলে ইট ছোঁড়া হয়।

    ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    কাফরুল থানার ওসি মি. হোসেন জানান, ওই ঘটনার পর কাফরুল থানায় একটি হত্যাচেষ্টার মামলা করা হয়। তিনজন গ্রেফতার রয়েছে।

  14. সাধারণ নির্বাচনের দাবি তুলছে রিফর্ম পার্টি

    রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ

    রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ "যত দ্রুত সম্ভব" সাধারণ নির্বাচনের দাবি তুলছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শেয়ার করা একটি নিবন্ধে, ফারাজ স্টারমারকে যুক্তরাজ্যের ইতিহাসের "সবচেয়ে অযোগ্য প্রধানমন্ত্রী" বলে আখ্যায়িত করেছেন।

    তিনি দাবি করেন যে "রাজনৈতিক শ্রেণি" ভোটারদের সাথে আর এভাবে বিশ্বাসঘাতকতা চালিয়ে যেতে পারে না।

    লেবার পার্টি যে তাঁদের ক্ষমতায় আনা সাধারণ মানুষকে ঠকিয়েছে, তার উদাহরণ হিসেবে তিনি উইন্টার ফুয়েল পেমেন্ট (শীতকালীন জ্বালানি ভাতা) বাতিল করার সিদ্ধান্ত থেকে ইউ-টার্ন নেওয়া, অভিবাসনের উচ্চ হার এবং শ্যাগোস দ্বীপপুঞ্জ চুক্তি স্থগিত করার মতো বিষয়গুলো তুলে ধরেন।

    তিনি আরও বলেন, অ্যান্ডি বার্নহ্যাম যদি লেবার পার্টির নতুন নেতা হন, তবে তা হবে স্টারমারের নীতিগুলোরই একটি ধারাবাহিকতা মাত্র।

  15. অ্যান্ডি বার্নহ্যাম কি নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন?

    লেবার পার্টির জন্য ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করার মতো কিছুটা সুযোগ এখন তৈরি হয়েছে।

    স্টারমার ঘোষণা করেছেন যে তার উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে (ফোর্টনাইট) মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে।

    তাহলে কি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কেউ সরাসরি জয়ী হতে যাচ্ছেন?

    লেবার পার্টির ক্রমবর্ধমান সংখ্যক এমপি অন্তত তেমনই মনে করছেন। আর এই দৌড়ে সবচেয়ে ফেভারিট বা এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। তার বিরুদ্ধে আসলে অন্য কেউ কেনই-বা দাঁড়াতে যাবেন?

    ওয়েস স্ট্রিটিং অবশ্য আগে বলেছিলেন যে তিনি নির্বাচনে দাঁড়াবেন।

    তবে মজার ব্যাপার হলো, তার ঘনিষ্ঠ কয়েকজনও এখন স্বীকার করছেন যে তিনি হয়তো শেষ পর্যন্ত নাও দাঁড়াতে পারেন। এর বদলে বার্নহ্যাম কি তাঁকে কোনো বড় পদের প্রস্তাব দিতে পারেন?

    তবে বর্তমান যে সময়সূচি রয়েছে, তাতে অন্য কারও এই নির্বাচনী লড়াইয়ে নামার সম্ভাবনা কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    তবে সব হিসাব-নিকাশ কিন্তু এখন অ্যান্ডি বার্নহ্যামের দিকেই ইঙ্গিত করছে যে, তিনিই খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

  16. কবে ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী নিশ্চিত হবে?

    কিয়ের স্টারমার বলেছেন, তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির কাছে অনুরোধ করবেন যাতে আগামী ৯ই জুলাই দলের নতুন নেতা নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হয়।

    তিনি জানান, এটি এক সপ্তাহ পর-১৬ জুলাইয়ের মধ্যে অর্থাৎ "সংসদের গ্রীষ্মকালীন অবকাশের (সামার রিসেস) আগেই" সম্পন্ন করা হবে।

    তিনি বলেন, যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, তবে এই সময়সূচি নিশ্চিত করবে যে পহেলা সেপ্টেম্বর গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে সংসদ পুনরায় চালু হওয়ার আগেই নতুন নেতা তাঁর দায়িত্ব বুঝে নিয়েছেন।

    পরবর্তী লেবার নেতা কে হবেন তা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে কি না তা এখনো স্পষ্ট নয়।

    উদাহরণস্বরূপ, ৯ই জুলাই যখন প্রতিযোগিতা শুরু হবে, তখন যদি অ্যান্ডি বার্নহ্যাম কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচনে দাঁড়ান, তবে মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই তিনি লেবার পার্টির নেতা হয়ে যেতে পারেন।

    যতক্ষণ না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

  17. নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত সরকারের

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নাশকতা আশঙ্কায় দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে

    কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নাশকতার আশঙ্কায় দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার থেকেই সেনা মোতায়েন করা হবে।

    এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    সোমবার থেকে ৩০শে জুন, এই নয় দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

    যে ছয় জেলায় সেনা মোতায়েন করা হবে সেগুলো হলো: ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর।

    সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, "আজ থেকেই সেনা মোতায়েন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখছি তারা কিছু মিছিল-মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে দু’য়েকটা জায়গায়।''

    "তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি যা তারা সবসময়ই থাকে। তার বাইরে আমরা আজকে থেকে ৩০ তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে ইন এইড টু সিভিল পাওয়ার, আমরা আইন মোতাবেক ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুইটি জেলা তাতে আমরা ডেপ্লয় করেছি। যাতে যে কোন রকমের অপতৎপরতা এড্রেস করা যায়" বলেন মি. আহমেদ।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাঁচই অগাস্টের পরে গত দুই বছর সারাদেশে সেনা বাহিনী মোতায়েন ছিল। পরে গত ১৫ই জুন সারাদেশ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। এখন কেবলমাত্র কয়েকটি জায়গায় সেনা মোতায়েন করা হচ্ছে।

  18. ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও তিনি পদত্যাগ করছেন।

    সোমবার লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।

    স্টারমার বলেন, তার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না।

    তিনি বলেন, এই প্রশ্নের বিষয়ে তিনি তার দলের "উত্তর শুনেছেন" এবং "উদার মনে সেই উত্তর মেনে নিয়েছেন।"

    তিনি জানান, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল "আমার ভালোবাসার দেশকে সবার আগে স্থান দেওয়ার" বিষয়ে।

    "আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করব," তিনি বলেন।

    পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্টারমার বলেন, তিনি এমন এক লেবার পার্টি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন যা ছিল "রাজনৈতিকভাবে, আর্থিকভাবে এবং মানসিকভাবে দেউলিয়া"।

    তিনি বলেন, তাকে "বারবার" বলা হয়েছিল যে এই দল "শেষ হয়ে গেছে", কিন্তু তিনি "সেই মানুষদের ভুল প্রমাণ করেছেন।"

    তিনি বলেন, "ইহুদি-বিদ্বেষের (অ্যান্টি-সেমিটিজম) বিষ উপড়ে ফেলে" তিনি দলটিকে পরিবর্তন করেছেন।

    তিনি আরও যোগ করেন, "(এর মাধ্যমে) অর্থনীতি, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার ওপর আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।"

  19. বিবিসি বাংলা লাইভে স্বাগত

    বিবিসি বাংলা লাইভে আপনাকে স্বাগত।

    দেশ এবং বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা ও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে সরাসরি বিবিসি বাংলার প্ল্যাটফর্মে যুক্ত থাকুন।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে