আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান পাকিস্তানের

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের প্রতি 'উত্তেজনা হ্রাস' এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সাথে জড়িত 'সব পক্ষকে সংযম প্রদর্শনের' আহ্বান জানিয়েছেন। এদিকে, বাংলাদেশে টানা বর্ষণে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

    বাংলাদেশের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

    রোববার দুপুরে ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত ওই জানাজা তার পরিবার, আত্মীয়-স্বজন এবং সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন ছাড়াও আরও অনেকে অংশ নেন।

    প্রয়াতের বড় ছেলে নওশাদ জমির, যিনি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, তিনি এক বার্তায় জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার বাবার মরদেহকে নিজ এলাকা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

    বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে প্রয়াত মি. সরকারকে সংসদ প্রাঙ্গণে দাফন করার কথা রয়েছে।

    সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

    সাবেক এই স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের রোববার সকালে এক শোকবার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    আরও শোক প্রকাশ করেছেন বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আইনজীবী সমিতিসহ বিভিন্ন আইনজীবী সংগঠন।

    বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জমির উদ্দিন সরকার রোববার ভোরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৯৪ বছর।

    মি. সরকার ১৯৩১ সালের পহেলা ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্ম নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সময় তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন।

    পরে বিএনপিতে যোগ দেওয়া জমির উদ্দিন সরকার আমৃত্যু দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

    জীবদ্দশায় পাঁচবারের সংসদ সদস্য জমির উদ্দিন সরকার জিয়াউর রহমানের মন্ত্রিসভায় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন।

    পরে ২০০১ সালের ২৮শে অক্টোবর অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন। ২০০৯ সালের ২৫শে জানুয়ারি পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।

    এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১শে জুন থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত জমির উদ্দিন সরকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

  2. যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পাকিস্তান

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের সাথে 'উত্তেজনা হ্রাস' এবং 'যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের' আহ্বান জানিয়েছেন।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতির বিষয়ে পারস্পরিক মত বিনিময় করেছেন।

    বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, "বিরোধ নিষ্পত্তি এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ ও কূটনীতি।"

  3. সোমবারের এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

    ভারী বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এর মধ্যে সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কি-না, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে শিক্ষা মন্ত্রণালয়।

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, টানা বৃদ্ধির ফলে কোথায় কী ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেটির বিষয়ে জেলা প্রশাসক এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদেরকে তথ্য পাঠাতে বলেছে মন্ত্রণালয়।

    সেইসঙ্গে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও পর্যালোচনা করছেন কর্মকর্তারা।

    “গতকাল (শনিবার) থেকেই ৬৪ জেলার ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর আবারও বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে," ‎রোববার ঢাকায় সাংবাদিকদের বলেন শিক্ষামন্ত্রী মি. মিলন।

    কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড় ধসের কারণে ইতোমধ্যেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ই জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    এর মধ্যে অন্য বোর্ডে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, চট্টগ্রামে সেগুলো পরবর্তীতে পুনরায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।

    সোমবার পদার্থবিজ্ঞান, হিসাবিজ্ঞান, ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে।

    চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা শুরু হয়েছে গত দোসরা জুলাই।

  4. হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু করেছে ইরান এবং ওমান

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার স্থানীয় সময় রাতে ওমানের রাজধানী মাস্কটে আব্বাস আরাঘচি এবং ওমানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা প্রসঙ্গে বলেছেন, এ আলোচনার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালির উপকূলে অবস্থিত এই দুই দেশের মধ্যে জলপথে নৌযান চলাচল ও তার ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে সমন্বয় সাধন করা।

    তিনি বলেন যে, এ আলোচনায় উভয় দেশের লিগ্যাল ও টেকনিক্যাল দিকগুলো দেখেন এমন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, "উপকূলীয় দুই দেশের সার্বভৌম অধিকার এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানানোর পাশাপাশি ইসলামাবাদ সমঝোতা স্মারকের পাঁচ নম্বর অনুচ্ছেদের বিধানাবলি বিবেচনায় রেখে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে।"

    মি. বাঘাই আরও বলেন, ইরান স্পষ্ট করে দিয়েছে যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার জন্য নতুন কোনো পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণের কাজটি দুই উপকূলীয় দেশের মধ্যকার আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত।

    বিশেষ করে বিগত কয়েক মাসের বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং যুদ্ধ ও এ জলপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে এর নিরাপত্তা সংক্রান্ত প্রভাবের বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

    আরো পড়তে পারেন:

  5. কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

    কাতারের সরকার জানিয়েছে, দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

    তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের রাষ্ট্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন আধুনিক কাতারের অন্যতম প্রধান রূপকার, এবং তার শাসন আমলে দেশটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে।

    তারই ডিক্রি বা অধ্যাদেশের ওপর ভিত্তি করে ১৯৯৬ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'আল জাজিরা নেটওয়ার্ক' চালু করা হয়েছিল।

    আরো পড়তে পারেন:

  6. তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

    টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সাঙ্গু, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    এর মধ্যে সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে পানি বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ও চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

    অন্যদিকে, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি যথাক্রমে বিপৎসীমার ১৪ এবং ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এছাড়া সোমেশ্বরী নদীর পানি নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ফেনী জেলায় মুহুরী, ফেনী, সোনাগাজী এবং হালদা নদীর পানি কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    এর ফলে ওইসব নদীর দু'পাশের কিছু কিছু এলাকা প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা।

  7. টানা বৃষ্টিতে শহর-পাহাড় সবখানে ভোগান্তি

  8. ভারী বর্ষণে ঢাকা ও চট্টগ্রাম জলাবদ্ধতা, জনজীবন বিপর্যন্ত

    কয়েক ঘণ্টার টানা বর্ষণে ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরেও পানি উঠেছে কোথাও কোথাও। এতে ভোগান্তিতে পড়েছেন শহর দু’টির বাসিন্দারা।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় প্রায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ানবাজার, গ্রিন রোড, পান্থপথ, মণিপুর, বিজয় সরণি, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, বিজয়নগর, শাহজাদপুর, তেজগাঁও, রামপুরা, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় সড়ক ও অলিগলিতে পানি জমে গেছে।

    কোথাও কোথাও হাঁটু পর্যন্তও পানি জমেছে। এতে সড়ক, দোকানপাট এবং কিছু কিছু বাড়িঘরে পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে প্রায় ৯৮ মিলিমিটার। এতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, কাতালগঞ্জ, পতেঙ্গাসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে