বুধবার সারাদিন যা যা হলো
- ইরানের সঙ্গে সংঘাত একটি “অত্যন্ত বড় সামরিক সাফল্য” ছিল এবং এর ফলে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে তিনি ইরানের “এক নম্বর টার্গেট” বলেও মন্তব্য করেছেন।
- ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে এর জবাবে দেশটি অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
- আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান বুধবার জানিয়েছেন, পারস্য উপসাগরে এখনো প্রায় ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন।
- কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার অন্তত আটজন শিক্ষার্থীর মৃত্যুর খবর যাওয়া গেছে।
- প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে আইরিন খানকে নিয়োগ দিয়েছে সরকার।
- শিশুসহ চারজনকে বাংলাদেশে 'পুশইনের' এক বছর পর তাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে। তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছিল।
- তুরস্কে নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে “অশুভ মানুষদের” শাসন বলে বর্ণনা করেন এবং প্রশাসনকে “উন্মাদ” বলে অভিহিত করেন।
- ইরানের সঙ্গে যুদ্ধবিতরতি শেষ হয়ে গেছে এবং তাদের ওপর আজ রাতেই "কঠোর” হামলা হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
- ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার পর তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে যুদ্ধবিরতি “শেষ” বলে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর তেল ব্যবসায়ীরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন।
- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্টে লিখেছেন, "আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই।"
- সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
- চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি ও পানি না সরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ইরানে সেন্টকম পরিচালিত ৮০টি লক্ষ্যবস্তুর ওপর হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।















