নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ ইয়াদব আটক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা সুমেধা পাল।
মঙ্গলবার বিকেলে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ শুরু করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন তারা।
কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া জানিয়েছেন, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না।
এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভকারী রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সাথে দেখা করেন। বৈঠকের পর তিনি এক্স-এ এই ঘটনা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন।
জিতেন্দ্র সিং দাবি করেছেন যে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পরে কথা থেকে সরে এসেছেন।
একই সাথে কংগ্রেস দল বলেছিল যে শিক্ষার্থী ও যুবসমাজ বিচার না পাওয়া পর্যন্ত দলের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরবেন না।
কংগ্রেস বলেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বাসভবন থেকে বেরিয়ে আসতে হবে।
বর্তমানে জিতেন্দ্র সিংয়ের দাবির বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৭ লোক কল্যাণ মার্গে উপস্থিত বিবিসি প্রতিনিধি সুমেধা পাল জানিয়েছেন যে বিক্ষোভস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ ইয়াদবকে আটক করা হয়েছে।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সোশাল মিডিয়া এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেস এমপিদের বিক্ষোভের কথা জানিয়েছিলেন।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদীর বাড়ির দিকে পদযাত্রা করেছি।"
"সরকার কোনো দায়বদ্ধতা নিতে বা সংসদে এ নিয়ে বিতর্ক করতে চায় না। ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।"
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও দলের সংসদ সদস্যদের নিয়ে বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে কংগ্রেস দল পাশে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ধর্নায় বসেছি।"
"এই কাপুরুষ একনায়কতন্ত্র সরকারকে লাঠিচার্জ ও শক্তি প্রয়োগের জবাব দিতে হবে। মোদী-শাহ আমাদের যুবসমাজের কাছে অপরাধী, তাদের পদত্যাগ করতে হবে।"
এই সময় পুলিশ পাঞ্জাব কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি এবং সুখজিন্দর সিং রানধাওয়াকে আটক করে।
চান্নি গণমাধ্যমকে বলেন, "এটি বিজেপির সন্ত্রাসবাদ। তারা শিক্ষার্থীদের কথা শুনছে না।"
রাহুল গান্ধীসহ বিক্ষোভরত কংগ্রেস নেতারা নিজেদের দড়ি দিয়ে বেঁধেছেন।
এদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি-র প্রতিবাদ কর্মসূচি যন্তর মন্তরে অব্যাহত রয়েছে।