আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, যুক্তরাজ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, কিয়ার স্টারমারের জন্য 'বড় ধাক্কা'

বিবিসি বাংলা লাইভ: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর "আস্থা হারিয়ে" পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এদিকে, বাংলাদেশে সামনের বছর, অর্থাৎ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সাতই জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. যুক্তরাজ্যে স্বসাথ্যমন্ত্রীর পদত্যাগের পরও নেতৃত্ব নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবেন স্টারমার

    যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের পর এখনও প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    তবে ডাউনিং স্ট্রিট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রধানমন্ত্রী তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

    প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন, স্টারমারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত সোমবার তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তা এখনও বহাল রয়েছে।

    উল্লেখ্য যে, যদি প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক চ্যালেঞ্জ শুরু হয়, তবে স্টারমার চাইলে সরাসরি সেই ব্যালট পেপারে নিজের নাম রাখতে পারবেন এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

    সোমবার নিয়মিত ক্যাবিনেট বৈঠকে লেবার পার্টির সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের জন্য ‘ব্যক্তিগত দায়’ স্বীকার করে নিয়েছিলেন স্টারমার। একইসাথে তিনি সাফ জানিয়েছিলেন যে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, তা এখনও শুরু হয়নি।

  2. শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

    বৃহস্পতিবার ক্রেমলিনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

    সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা না হলেও এই ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ।

    রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে।

    পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।

  3. শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪শে সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নিজের বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দেওয়া "অভূতপূর্ব ও রাজকীয় সংবর্ধনার" ভূয়সী প্রশংসা করে বলেন, তাকে এমনভাবে স্বাগত জানানো হয়েছে যার কোনো তুলনা হয় না।

    শি জিনপিংয়ের সাথে তার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, দিনের শুরুতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

    “আপনার সাথে সময় কাটানো ছিল বড় সম্মানের বিষয়,” বলেন ট্রাম্প।

  4. যুক্তরাজ্যে এবার পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং

    যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়েস স্ট্রিটিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ হিসেবে স্ট্রিটিং উল্লেখ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর তিনি "আস্থা হারিয়েছেন"।

    নিজের চিঠিতে তিনি লিখেছেন, "কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।"

    তার এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং স্টারমার প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

  5. আইসিসি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

    ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা।

    বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে আইসিসি।

    নাহিদ রানার ক্যারিয়ারে এটিই প্রথম আইসিসি মাসসেরা পুরস্কার। গত বছরের এপ্রিলে মেহেদী হাসান মিরাজ এই পুরস্কার জেতার পর প্রথম বাংলাদেশি হিসেবে নাহিদ রানা এই সম্মান অর্জন করলেন।

    আইসিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই ২০২৬ সালের এপ্রিল মাসের সেরা আইসিসি পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার।

    কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আটটি উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। এর আগে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজে আটটি উইকেট নিয়েছিলেন তিনি।

  6. বেইজিংয়ে ট্রাম্পকে এক পলক দেখতে উৎসুক জনতার ভিড়

    বেইজিংয়ের বিভিন্ন সড়কে কঠোর নিরাপত্তা সত্ত্বেও মানুষের ভিড় দমানো যায়নি। চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটর শোভাযাত্রাটি যখন শহর অতিক্রম করছিল, তখন তাকে এক পলক দেখার জন্য সাধারণ মানুষকে অধীর আগ্রহে অপেক্ষা করতে এবং হুড়োহুড়ি করতে দেখা গেছে।

  7. ঈদুল আজহায় টানা সাতদিন সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

    এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

    সরকারের ঘোষণা অনুযায়ী, ২৫শে মে সোমবার থেকে ৩১শে মে রবিবার পর্যন্ত সাত দিন দেশজুড়ে সাধারণ ছুটি কার্যকর থাকবে।

    সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান এই ছুটির আওতাভুক্ত থাকবে। তবে জরুরি পরিষেবা, হাসপাতাল ও জরুরি সেবা কাজে কর্মরতরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।

    ঈদের ছুটি সমন্বয় করতে অফিসের সময়সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ২৩শে মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এদিন অফিস খোলা থাকবে, অফিস চলবে পরদিন রবিবারও।

    অর্থাৎ, টানা ছুটি শুরুর আগে শনি ও রবিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮শে মে মুসলিমদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হতে পারে। গত সাতই মে মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হলো।

  8. ভারতে শুরু হবে তৃতীয় পর্যায়ের এসআইআর-এর কাজ

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে- এমনটাই জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

    এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহারসহ ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর-এর কাজ শেষ হয়েছে।

    এবার ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শীঘ্রই শুরু হবে। এই মর্মে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিও জারি করেছে কমিশন।

    কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তৃতীয় পর্যায়ে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বাদে বাকি অংশে এই কাজ সম্পন্ন করা হবে।

    ওই তিনটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আদমশুমারির দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।

    ওই রাজ্যগুলির পাহাড়ি এলাকা এবং তুষারাবৃত অঞ্চলে আবহাওয়ার কথা বিবেচনা করে এখানে পরবর্তী সময়ে এসআইআর-এর সময়সূচি ঘোষণা করা হবে।

    কমিশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের এসআইআর-এর কাজে তিন লক্ষ চুরানব্বই হাজার বুথ লেভেল অফিসার ও তিন লক্ষ বিয়াল্লিশ হাজার বুথ লেভেল এজেন্ট কাজ করবেন।

  9. হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু

    ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বৃহস্পতিবার অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে গেল দুই মাসে এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩৯ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সারাদেশে ১৪ই মে সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৫১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এই সময়ের মধ্যে ঢাকা জেলায় সব থেকে বেশি, চারজনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  10. কলকাতা হাইকোর্টে মামলা লড়তে মমতা ব্যানার্জী, উঠল 'চোর চোর' স্লোগান

    ভোটের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত অশান্তির অভিযোগ উঠেছে, তা নিয়ে হাই কোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই হাজির হয়েছিলেন।

    আদালত থেকে বেরিয়ে আসার সময় তাকে ঘিরে স্লোগান দেওয়া নিয়ে এক সময় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই সময় ‘চোর চোর’ বলে স্লোগান দেওয়া হয়েছিল। ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। উপস্থিত একাংশের দিকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জী বলেন, “ওরা আমাকে মেরেছে।”

    ওই মামলাটি দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী ও আইনজীবী শীর্ষাণ্য ব্যানার্জী।

    সেই মামলায় আইনজীবী হিসাবে আদালতে সওয়াল করেন মমতা ব্যানার্জী।

    এর আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা লড়তে সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল মমতা ব্যানার্জীকে। তারপর আবার বৃহস্পতিবার একই ভূমিকায় দেখা গিয়েছে।

    তাকে ঘিরে স্লোগান দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রসের তরফে ঘটনার নিন্দা করা হয় এবং বিজেপিকে দায়ী করা হয়।

    জবাবে বিজেপির শমীক ভট্টাচার্য বলেছেন, “এটা বিজেপির সংস্কৃতি নয়। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা। তাকে দেখলে মানুষ রাস্তায় চোর-চোর স্লোগান দেবে- এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা তৃণমূল।”

    বার্তা সংস্থা এএনআই-র তথ্য অনুযায়ী, মমতা ব্যানার্জী আদালতে বলেন, “ভোটের পরে শিশু, নারী, সংখ্যালঘু কাউকে রেয়াত করা হচ্ছে না। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কিছু করছে না।”

    পাশাপাশি বলেছেন, “রাজ্যের মানুষকে বাঁচান। এটা উত্তর প্রদেশ নয় বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, রাজ্যবাসীকে বাঁচান।”

    হাই কোর্টে সাবেক মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার অনেক কাজ জানেন তো। এসব নিয়ে ভাবার সময় নেই আমার কাছে। আর আমি এসব নিয়ে ভাবতেও রাজি নই।”

  11. ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আরাঘচি

    ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলেও জানা গেছে।

    ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ ও উত্তেজনা নিরসনের বিষয়টি সদস্য দেশগুলোর মধ্যে গুরুত্বের সাথে আলোচিত হতে পারে।

    বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট ব্রিকস। এই গোষ্ঠীর মূল সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

    দেশগুলোর ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়েই ব্রিকস নামকরণ করা হয়েছে।

  12. আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানালেন শিক্ষামন্ত্রী

    সামনের বছর, অর্থাৎ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সাতই জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    এছাড়া ওই বছরের ছয়ই জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

    মন্ত্রী জানান, ডিসেম্বর মাসেই এসএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হলেও এ নিয়ে আপত্তি থাকায় শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  13. লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপি সংলগ্ন আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, কয়েকজন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

    গুলিতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর জখম হয়। সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানিয়েছেন, সীমান্তে গুলিবিদ্ধ ওই যুবককে তার স্বজনরা রংপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

    এদিকে এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি বিএসএফএর কাছে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

  14. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন। সফরে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসহ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
    • বাংলাদেশের সুপরিচিত সেবা প্রকাশনী তাদের কার্যক্রম সাময়িক স্থগিতের নোটিশ দিয়েছে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, অডিটের জন্য সাময়িক বন্ধ করা হয়েছে এবং অডিট শেষে নতুন করে প্রতিষ্ঠানটি ফিরে আসবে। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করেছিলেন।
    • ভারতের মণিপুরে এক অতর্কিত হামলায় কুকি চার্চের তিনজন যাজকের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে ইম্ফল-তামেংলং মহাসড়কে যাজকদের বহনকারী গাড়িতে হামলায় এ ঘটনা ঘটেছে।
    • বাংলাদেশে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জনে পৌঁছেছে।
    • জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে।
    • পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসাবে বুধবার শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। যদিও নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর - দুটি আসন থেকেই জয়ী হয়েছেন মি. অধিকারী, তবে তিনি ভবানীপুরের বিধায়ক হিসাবেই তিনি শপথ নেন। এই আসন থেকেই মমতা ব্যানার্জী তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
    • বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধের সময় সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও কোনো ঘোষণা ছাড়াই ইরানে অসংখ্যবার হামলা করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসেছিল ।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে