পত্রিকা: 'পুলিশের কাজে ধীরগতির কারণে নিখোঁজ শিশুদের লাশ পাওয়া যাচ্ছে'

পত্রিকা
Published
পড়ার সময়: ৮ মিনিট

আজ সোমবার- ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় আজও গুরুত্ব পেয়েছে কুমিল্লার কিশোর হত্যা ও এ নিয়ে পুলিশের বক্তব্য। এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর প্রায় সব পত্রিকার প্রথম পাতায় দেখা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরের খবরও আছে শীর্ষ সংবাদের তালিকায়।

নিউ এইজ পত্রিকার প্রধান শিরোনাম- Many missing children turn up dead as police slow to act অর্থাৎ পুলিশের ধীরগতির কারণে নিখোঁজ শিশুদের লাশ পাওয়া যাচ্ছে।

দেশে শিশুদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ বছরে নিখোঁজ হওয়ার পর অন্তত ২২০ শিশুর মরদেহ পাওয়া গেছে।

তাদের অনেকের মরদেহ পচে যাওয়া বা গুরুতরভাবে বিকৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করেছে।

তবে ওই সময়ে মোট কত শিশু নিখোঁজ হয়েছিল এবং তাদের মধ্যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে কোনো পরিসংখ্যান দেয়নি সংগঠনটি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সাত মাসে নিখোঁজ শিশুদের বিষয়ে ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৮ জন শিশু এখনো নিখোঁজ রয়েছে, যা মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ।

নিখোঁজ শিশুদের একটি অংশ পরবর্তী সময়ে মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় শিশুদের নিরাপত্তা এবং নিখোঁজের পর তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

নিউ এইজ
যুগান্তর
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

যুগান্তর পত্রিকার খবর - বন্ধুরাই নিয়ে যায় পাহাড়ে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা। খবরে বলা হয়েছে, কুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার বন্ধুরা।

পুলিশ জানায়, লালমাই পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। বয়সে বড় হলেও খুনিদের সঙ্গে অপ্রতিমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল; তারা নিয়মিত আড্ডা দিত ও একসঙ্গে টিকটক করত।

রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে বাড়ির পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে পুরো পরিবেশ।

এদিকে আদরের অপ্রতিমকে অশ্রুসিক্ত বিদায়ের পর ঘাতকদের ফাঁসি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকশ শিক্ষার্থী। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে মহাসড়ক।

আইফোনের জন্যই নির্জন পাহাড়ে খুন- পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার দিন শুক্রবার দুপুর ২টা থেকে সোয়া ২টার দিকে তুহিন অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা নামক স্থানে নিয়ে গিয়েছিল। লাশ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজে ঘটনাটি পর্যালোচনা করে তুহিনকে গ্রেফতার করা হয়।

দেশ রূপান্তর

দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম- স্বরাষ্ট্রমন্ত্রী বললেন- অপ্রতিম হত্যার বিচারও রামিসার মতো দ্রুত শেষ হবে

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে এবং তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

আইনানুগ প্রক্রিয়া শেষ করে দ্রুত অভিযোগপত্র দেওয়ার পাশাপাশি রামিসা হত্যা মামলার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে।

গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অপ্রতিম হত্যাকা-কে 'মর্মান্তিক ঘটনা' উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এরপর সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। প্রথমে তিনজন এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বয়স যাচাই করা হচ্ছে। কারও বয়স ১৮ বছরের নিচে হতে পারে। জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা হচ্ছে।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর - Familiar faces, deadly crimes অর্থাৎ পরিচিত মুখ, প্রাণঘাতী অপরাধ। খবরে বলা হয়েছে, একটি গবেষণায় দেখা গেছে, অর্ধেকেরও বেশি শিশু হত্যার শিকার হয় তাদের পরিচিত মানুষের হাতে। অনেক ক্ষেত্রে হত্যার ঘটনা ঘটে নিজেদের বাড়িতেই।

আবার নিখোঁজ হওয়ার পরও কিছু শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনা শিশু সুরক্ষা, দ্রুত ব্যবস্থা নেওয়া এবং বিচারপ্রক্রিয়ায় নানা ঘাটতির বিষয়টি সামনে আনছে।

তথ্য বলছে, পারিবারিক সহিংসতা, যৌন নির্যাতন ও নিখোঁজের ঘটনাগুলোর মধ্যেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। খুব অল্প বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আর অভিযুক্তদের মধ্যে প্রায়ই দেখা যায় বাবা-মা, স্বজন, প্রতিবেশী কিংবা অন্য পরিচিত মানুষকে।

১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনাটি শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধারের বিষয়টি নতুন করে সামনে এনেছে।

আইন ও সালিশ কেন্দ্রের (ASK) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে গেছে।

এখনও ২ হাজার ৩৮ শিশু নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে ৯ বছর বা তার কম বয়সী ৬৮ জন এবং ১০ থেকে ১৭ বছর বয়সী ১ হাজার ৯৭০ জন।

টাইমস অফ বাংলাদেশ

টাইমস অফ বাংলাদেশের প্রথম পাতার খবর - Tarique takes reform, Rohingya issues to UNGA অর্থাৎ জাতিসংঘে সংস্কার ও রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চার মন্ত্রীসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি হবে জাতিসংঘের এই বৈশ্বিক ফোরামে তার প্রথম উপস্থিতি।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম রোববার জানান, প্রতিনিধিদলে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ চারজন মন্ত্রী থাকছেন।

আগামী ২৪শে সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য দেবেন তারেক রহমান। একই অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করবেন।

তারেক রহমানের বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও তিনি বক্তব্য দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব।

সমকাল

আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৩৫ ও ১৬৫ টাকা করা হয়েছে।

পেট্রোলের দাম ২০ টাকা বেড়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ২০ টাকা বেড়ে ১৬৫ টাকা হয়েছে। এর ফলে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এর আগে ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, কেরোসিন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটার।

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি কৃষি ও পণ্য পরিবহনের খরচও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।

প্রথম আলো

প্রথম আলো পত্রিকার খবর - স্মার্টফোন আছে দেশের ৭৫ শতাংশ পরিবারে। খবরে বলা হয়েছে, দেশের ৭৫ শতাংশ পরিবারে স্মার্টফোন আছে।

এসব পরিবারের অন্তত একজন সদস্য স্মার্টফোন ব্যবহার করেন। কোনো কোনো পরিবারের একাধিক স্মার্টফোন আছে। একইভাবে ৫৮ শতাংশের বেশি পরিবারে ইন্টারনেট ব্যবহৃত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রয়োগ ও ব্যবহার নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে জরিপটি করা হয়। এটি গতকাল রোববার প্রকাশ করা হয়েছে।

জরিপে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের চেয়ে সর্বশেষ প্রান্তিকে পরিবারপ্রতি স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার ধারাবাহিকভাবে বেড়েছে।

জরিপে দেশের ২ হাজার ৫৬৮টি এলাকার ৬১ হাজার ৬৩২টি খানা (মূলত পরিবার) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিবিএসের হিসাবে, সারা দেশে সোয়া চার কোটি পরিবার আছে।

বিবিএস বলছে, জনসংখ্যার হিসাবে দেশের প্রায় ৬৬ শতাংশ মানুষের হাতে মুঠোফোন আছে। আর প্রায় ৯০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে মুঠোফোন ব্যবহার করে। আর প্রায় ৬০ শতাংশ মানুষ ইন্টারনেটের সুবিধা ভোগ করে।

মানবজমিন

মানবজমিন পত্রিকার খবর - ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী'র লাশ উদ্ধার, রহস্য। খবরে বলা হয়েছে, বিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের-৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তার এই মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। বিয়ে কাণ্ডের ঘটনায় গাজী নজরুলের বিরুদ্ধে পল্লবী থানায় তার গাড়িচালকের দায়ের করা মামলায় স্থায়ী জামিন নেয়ার দিনেই তার স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

মরিয়ম আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, আত্মহত্যা করে থাকলে নেপথ্যে কারণ কী এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

বণিক বার্তা

২০২৪-২৫ অর্থবছরে পরিচালন খাতে অনুদান পাওয়া ১৭৪টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টিরই নিজস্ব কোনো আয় ছিল না। অর্থাৎ পরিচালন খাতে অনুদান পাওয়া প্রতি দুই প্রতিষ্ঠানের প্রায় একটির নিজস্ব আয় নেই। অন্যদিকে বাকি ৮৬টি প্রতিষ্ঠানের সম্মিলিত আয় ছিল মাত্র ২ হাজার ৫২ কোটি টাকা।

ঢাকা লেদার কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে সরকারি মালিকানাধীন কোম্পানিটির যাত্রা শুরু হয়।

যদিও কাঁচামাল সংকটে চালুর মাত্র ছয়দিন পরই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ১৯৯৮ সাল থেকে ঢাকা লেদারের কার্যক্রম পুরোপুরি বন্ধ।

তবে প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় এবং কর্মচারীদের বেতন-ভাতা এখনো পরিশোধ করা হচ্ছে সরকারি অর্থে।

একই চিত্র ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডেরও। পাঁচ বছরের বেশি সময় ধরে সেখানে উৎপাদন বন্ধ। গত এক দশকে কারখানাটি সংস্কারে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করা হলেও এখনো উৎপাদনে ফিরতে পারেনি কোম্পানিটি।

ভারতের মেঘালয় থেকে চুনাপাথর এনে উৎপাদন চালুর উদ্যোগও এক রকম থমকে আছে। অথচ একই এলাকায় বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম ভারত থেকে চুনাপাথর এনে ক্লিংকার উৎপাদনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে।

নয়া দিগন্ত

নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম- নাশকতার ছক ঘরে-বাইরে

মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়কে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় রাজধানীজুড়ে ২৭৬টি চেকপোস্ট বসানো, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে।

কিন্তু এসব পদক্ষেপের মধ্যেও বিচ্ছিন্নভাবে নাশকতার ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে- আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কেন সব ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না।

গোয়েন্দা সূত্রের দাবি- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশে ও বিদেশে অবস্থান করে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে।

বিশেষ করে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের নির্দেশনা এবং অর্থায়নে ঢাকাসহ বিভিন্ন এলাকায় নাশকতা চালানোর অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই সম্ভব হয়নি।