বিএসএফের ঠেলে পাঠানো ১০-১৩ জন আটকে আছেন বেনাপোল সীমান্তের শূন্যরেখায়

বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছে ওই ব্যক্তিরা। বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এদিকে, ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানা এবং তার স্ত্রীর বিচার শুরু হয়েছে।

সরাসরি কভারেজ

  1. আজ সোমবার যা যা হলো:

    • বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির।
    • যুক্তরাষ্ট্র বলছে, তারা সপ্তাহান্তে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে, এর জবাবে তারা একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে।
    • বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন।
    • পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নব-নির্বাচিত দুইজন বিধায়ককে দল বহিষ্কার করেছে।
    • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
    • গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক হাজার ১৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
    • বাংলাদেশের যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ১০-১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
    • ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
    • পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার প্রায় তিন সপ্তাহ পরে তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন সোমবার।
    • বিএনপি সরকারের প্রায় সাড়ে তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।
    • ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  2. খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

    প্রতিদিন অনেক দর্শনার্থী এই দিঘিতে কুমির দেখতে আসেন

    ছবির উৎস, Inzamamul Haque

    ছবির ক্যাপশান, প্রতিদিন অনেক দর্শনার্থী এই দিঘিতে কুমির দেখতে আসেন (ফাইল ফটো)

    বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির।

    ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।

    ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক সাত বছর ছিল এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিলো।

    শিশুর সাথে অভিভাবক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, মা ছিল। তবে মা মানসিকভাবে সুস্থ নন। তাই হয়তো তিনি বুঝতে পারেননি। আর তারা (মা ও শিশু) দর্শনার্থী না, তারা মাজারেই থাকেন।

    উল্লেখ্য, এই ঘটনাটি ঘটে আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে।

    এর আগে গত আটই এপ্রিল একটি কুকুরকে পুকুরঘাট থেকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। সেই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়েছিল।

  3. ইরানের রাডার স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের, কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আঘাতের দাবি ইরানের

    যুদ্ধবিরতি আলোচনা চললেও হরমুজ প্রণালি এখনও বন্ধ। (ফাইল ছবি)

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুদ্ধবিরতি আলোচনা চললেও হরমুজ প্রণালি এখনও বন্ধ। (ফাইল ছবি)

    যুক্তরাষ্ট্র বলছে, তারা সপ্তাহান্তে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে, এর জবাবে তারা একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে।

    এর মাধ্যমে হরমুজ প্রণালি ঘিরে গত এক সপ্তাহে তৃতীয় দফায় উত্তেজনা বাড়লো।

    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার ওপর একটি মার্কিন ড্রোন ভূপাতিত করাসহ ইরানের চালানো "আগ্রাসী কর্মকাণ্ডের" জবাবে তারা "আত্মরক্ষামূলক হামলা" চালিয়েছে।

    অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন বাহিনীর একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে তারা আঘাত করেছে।

    সেন্টকম জানিয়েছে, কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া ইরানের দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো মার্কিন সদস্য হতাহত হয়নি।

    এর আগে কুয়েতও জানিয়েছিল, তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

    সোমবার সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমালোচকদের "ধৈর্য ধরতে" বলেন। তিনি লেখেন, "শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই মিটবে।"

    ট্রাম্প আরও বলেন, ইরান সত্যিই একটি চুক্তি করতে চায় এবং সেটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো একটি চুক্তি হবে।

  4. পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুই নবনির্বাচিত বিধায়ক বহিষ্কৃত

    তৃণমূল কংগ্রসের দলীয় পতাকা

    ছবির উৎস, DIPTENDU DUTTA/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, তৃণমূল কংগ্রস দুই নব-নির্বাচিত বিধায়ককে বহিষ্কার করেছে - প্রতীকী ছবি

    পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নব-নির্বাচিত দুইজন বিধায়ককে দল বহিষ্কার করেছে।

    নির্বাচনের পরে বিধানসভায় কে বিরোধী দলনেতা হবেন, তা ঠিক করতে মমতা ব্যানার্জীর বাড়িতে যে বিধায়কদের যে বৈঠক হয়েছিল, সেখানে যে প্রস্তাবনা গ্রহণ করা হয়, তাতে বিধায়কদের সইতে অসঙ্গতি আছে, এই অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে সোমবার বহিষ্কৃত দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জী ও সন্দীপন সাহা।

    ওই দুই বিধায়কই যে সেদিনের বৈঠকের ব্যপারে অভিযোগ করেছিলেন, এই কথা সোমবার প্রকাশ্যে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই তৃণমূল কংগ্রেস ওই দুই বিধায়ককে বহিষ্কার করে দিয়েছে।

    তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষরে অসঙ্গতি আছে, এই অভিযোগের তদন্ত করছে রাজ্য পুলিশের সিআইডি।

    অভিযোগ, বিধানসভায় বিরোধী দলনেতা, উপ-দলনেতা এবং মুখ্য সচেতকের নাম বেছে নেওয়ার প্রস্তাবে বিধায়কদের যে স্বাক্ষর রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা ইংরেজির ব্লক লেটারে।

    আরো অভিযোগ, বিধায়কদের অনেকে জানিয়েছেন, তারা না কি সই-ই করেননি। এই ঘটনায় কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। পরে মামলা সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়।

    ও্ই তদন্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকেও সোমবার ডেকে পাঠিয়েছিল সিআইডি। তবে 'শারীরিক অসুস্থতার' কারণ দেখিয়ে অবশ্য সোমবার অভিষেক ব্যানার্জী সিআইডি-র দফতরে যাননি।

    সই-সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ ওঠে এর নেপথ্যে বিজেপি রয়েছে।

    মুখ্যমন্ত্রী সোমবার জানান এই অভিযোগ বিজেপি তোলেনি, তুলেছেন “তৃণমূলের দু’জন বিধায়ক মাননীয় ঋতব্রত ব্যানার্জী ও সন্দীপন সাহা। স্পিকারের কাছে তারা লিখিত অভিযোগে জানান ছয়ই মে, কোনো রেজোলিউশানই হয়নি। ওই রেজোলিউশান ফ্যাব্রিকেটেড, ম্যানুফ্যাকচারড।”

    অভিষেক ব্যানার্জীর নাম না নিয়ে তিনি বলেছেন, “কেউ অসুস্থ থাকলে টাইম দেবেন কি না সেটা আইও বা অর্গানাইজেশন ঠিক করবে। সেটা আমার ডিপার্টমেন্ট নয়। সংবাদ মাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে তাতে মনে হতে পারে প্রতিহিংসা… কিন্তু আমরা কোনো প্রতিহিংসা নিতে চাই না। অভিযোগ করেছে আপনাদের দলের দুই বিধায়ক।”

  5. দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    তাতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব), অঞ্চল-৭ এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), মার্কেট নির্মাণ সেল-এর দায়িত্বে ছিলেন গোলাম কিবরিয়া।

    স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেট দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগ, অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

    অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বিবেচনায় এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বরখাস্ত থাকাকালীন তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

  6. গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু

    হাম হলে শিশুর গায়ে র‍্যাশ হয়

    ছবির উৎস, Getty Images

    গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক হাজার ১৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

    আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৮ শিশুর মৃত্যু হয়েছে। আর এই সময়ের মাঝে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯০ শিশু প্রাণ হারিয়েছে।

    গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা তিন রোগী সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের।

    মৃত তিন শিশুর অবস্থান ছিল সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে।

  7. বিএসএফের ঠেলে পাঠানো ১০-১৩ জন আটকে আছেন বেনাপোল সীমান্তের শূন্যরেখায়

    বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছেন কয়েকজন

    ছবির উৎস, Selim Reza

    ছবির ক্যাপশান, বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছেন কয়েকজন

    বাংলাদেশের যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ১০-১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

    তারা এখন বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

    আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিবিসি বাংলাকে বলেন, গতকাল রাত আনুমানিক সাড়ে তিনটা বা পৌনে চারটার দিকে ওই কয়েকজনকে কাটাতারের বেড়া পার করে দেয়। কিন্তু তারা এখনও আন্তর্জাতিক সীমান্ত পার হতে পারেনি।

    তিনি জানান, বিজিবি'র কাছে আগে থেকেই খবর ছিল যে বেনাপোল সীমান্তের কয়েকটি জায়গা থেকে পুশইনের চেষ্টা করা হতে পারে। তাই, আগে থেকেই মানচিত্র ধরে সতর্ক অবস্থানে ছিল বিজিবি।

    সেইসব জায়গাতেই "গতকাল আনুমানিক ১০০-১২০ জন লোক নিয়ে ট্রাকের মতো তিনটি গাড়ি বিভিন্ন জায়গায় জায়গায় কাটাতারের বেড়ার সাথে লাগানো লাইট নিভিয়ে দেয়, ইচ্ছে করে। গেটগুলো খুলে খুলে ভেতরে পুশইনের চেষ্টা করছিলো। কিন্তু আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম।"

    "আমরা আমাদের জনবল দুই থেকে তিনগুণ করে দিয়েছিলাম এবং ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট ইত্যাদি বাড়িয়ে দিয়েছি। তাদেরকে সফল হতে দেইনি। সেগুলোর ভিডিও ফুটেজও রেখে দিয়েছি। সারা রাত-ই তারা চেষ্টা করেছে। কিন্তু রাত সাড়ে ৩টার দিকে তারা আবারও লাইট বন্ধ করে দেয় এবং জোর করে ১০-১৩ জনের মতো লোককে কাটাতারের বেড়া পাড় করে দেয়। কিন্তু তারা এখনও আন্তর্জাতিক সীমান্ত পাড় হতে পারেনি।"

    আজ সোমবার সকাল থেকেই এই পরিস্থিতি চলমান জানিয়ে তিনি আরও বলেন যে বিভিন্নভাবে বিএসএফ-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে এবং "তাদেরকে আমরা বলেছি, এরা আমাদের লোক না। এরা যদি আসলেই বাংলাদেশের লোক হয়ে থাকে, তাহলে প্রোপার কূটনৈতিক চ্যানেল ফলো করে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে যেকোনো ইন্টারন্যাশনাল ক্রসিং বর্ডার দিয়ে পাঠান। সেভাবে আমরা তাদেরকে গ্রহণ করবো।"

    বেনাপোলের স্থানীয় সাংবাদিকরা জানান, শূন্যরেখায় অপেক্ষমান মানুষগুলোর মাঝে নারী-শিশুও রয়েছে।

  8. ব্রেকিং, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

    ২০১৫ সালে বাণিজ্যমন্ত্রী থাকাকালে বিবিসি বাংলার সংলাপ অনুষ্ঠা তোফায়েল আহমেদ
    ছবির ক্যাপশান, ২০১৫ সালে বাণিজ্যমন্ত্রী থাকাকালে বিবিসি বাংলার সংলাপ অনুষ্ঠা তোফায়েল আহমেদ

    বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন।

    সোমবার বিকাল সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

    দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে গত ২৪শে সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

    উনসত্তরের গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

    আওয়ামী লীগ সরকারের সময়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তোফায়েল আহমেদ। নয়বার তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

  9. ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না, জানাল বাংলাদেশ ব্যাংক

    ইসলামী ব্যাংকের লোগো

    ছবির উৎস, Islami Bank Bangladesh PLC

    ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

    এদিকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজ সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের ব্যানারে একদল ব্যক্তি ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

    পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    চলমান এই আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বপদে বদাল রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "আন্দোলনের সাথে (নিয়োগের) কোনো সম্পর্ক নেই। আজকে যদি বাংলাদেশ ব্যাংক এই আন্দোলনের কারণে কোনো সিদ্ধান্ত নেয়, তারপর যদি সেই সিদ্ধান্তের কাউন্টারে আরেক গ্রুপ আন্দোলন করে, তখন বাংলাদেশ ব্যাংক কী করবে? সুতরাং, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব গতিতে চলবে। আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। আন্দোলন দ্বারা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।"

    গত মাসের ২৪শে মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোঃ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

    তার আগে সেদিন দিনের বেলায় ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তির আন্দোলনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ দেওয়া চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। ব্যাংকের এমডিও দীর্ঘ ছুটিতে রয়েছেন।

    এদিকে, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ সোমবার এক বিবৃতিতে বলেন, ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে সাধারণ গ্রাহকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু কোনো উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করে।

    সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের যৌক্তিক দাবির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।

    এই বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পাওয়া যায়নি।

  10. পশ্চিমবঙ্গে বিজেপির আরও ৩৫ জন মন্ত্রী

    সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি

    ছবির উৎস, WB-BJP

    ছবির ক্যাপশান, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি

    পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার প্রায় তিন সপ্তাহ পরে তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন সোমবার।

    রাজ্যপালের বাসভবন 'লোকভবনে' আজ সকালে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। এদের মধ্যে পূর্ণ মন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনজন এবং প্রতিমন্ত্রী রয়েছেন বাকি ১৯ জন।

    এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন নয়ই মে।

    এখন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য সংখ্যা হল ৪১ জন।

    সোমবার যারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তাদের মধ্যে যেমন রয়েছেন তাপস রায়ের মতো প্রবীণ রাজনীতিবিদ, তেমনই আছেন দুজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, প্রবীণ সাংবাদিক ও লেখক স্বপন দাশগুপ্তর মতো ব্যক্তি, তেমনই আছেন গৃহ-পরিচারিকা থেকে রাজনীতিতে আসা কলিতা মাজিও।

    তবে কে কোন দপ্তরের দায়িত্বে থাকছেন সে বিষয়ে এখনো জানানো হয়নি।

    কলিতা মাজি

    ছবির উৎস, WB-BJP

    ছবির ক্যাপশান, কলিতা মাজি
  11. পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    দীপেন দেওয়ান

    ছবির উৎস, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

    বিএনপি সরকারের প্রায় সাড়ে তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।

    বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    তিনি আরো জানান, শারীরিক অসুস্থতাজনিত কারণে মি. দেওয়ান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

    গত ১৭ই ফেব্রুয়ারি মন্ত্রিসভার অন্য সদস্যদের সাথে দীপেন দেওয়ানও মন্ত্রী হিসেবে শপথ নেন।

    এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান।

  12. শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু

    প্রধান আসামী সোহেল রানাকে গত ২৪ শে মে আদালতে হাজির করার ছবি

    ছবির উৎস, ROMIZ HUSSEIN

    ছবির ক্যাপশান, প্রধান আসামী সোহেল রানাকে গত ২৪ শে মে আদালতে হাজির করার ছবি

    ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

    ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।

    এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়া।

    মঙ্গলবার দোসরা জুন এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

    গত ১৯শে মে ঢাকার পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

    ঘটনার পরদিন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে