রোববার সারা দিন যা যা ঘটেছে:
- সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে এনে বৈঠক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় প্রায় ১৮০০ জন বাংলাদেশি আটকে রয়েছেন বলে দাবি করেছে মানবপাচার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’। বিশেষ বিমানে করে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি করেছে সংগঠনটি।
- ঢাকার আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় ভবন তৈরি করা হবে, যেখানে ২০২৯ সালে অফিস করতে পারবেন কর্মকর্তা-কর্মচারিরা।
- ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।
- হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছুঁই ছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও অন্তত সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৩৪৮ জনে দাঁড়িয়েছে।
- দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করা হয়েছে।
- পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ, সাত পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছে তালেবান সরকারের কর্মকর্তারা।
- কানাডায় সামরিক ঘাঁটিতে 'ভয়াবহ অগ্নিকাণ্ড', ডজনেরও বেশি হতাহতের শঙ্কা।
- ধর্ম অবমাননার অভিযোগ তুলে সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।
- কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পায়নি পুলিশ। বাকি সাতজনের পরিবার যোগাযোগ করায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।











