সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট

'ক্রসফায়ার' নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। এদিকে, মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

সরাসরি কভারেজ

রিপোর্টিংয়ে তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. সোমবার সারা দিন যা যা ঘটেছে:

    • বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির। তার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
    • 'ক্রসফায়ার' নিয়ে আইজিপি'র বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। সেখানে দাবি করা হয়েছে যে, আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে মি. ফকির 'ক্রসফায়ার' শব্দটি উল্লেখ করেছেন।
    • ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা সোমবার তেহরানে একটি যৌথ বৈঠকে বসেছেন। সৌদি আরব জানিয়েছে, এই বৈঠকের লক্ষ্য- মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং যুদ্ধ অবসানে একটি চুক্তির পথ প্রশস্ত করা।
    • ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনার জেরে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া ফেরদৌসী আহমেদ মিষ্টির জায়গায় নতুন এমপি হতে যাচ্ছেন আরেক বিএনপি নেত্রী এলিজা জামান।
    • বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে সোমবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রাত থেকেই উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে 'গোপন বৈঠক' করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে এমন অভিযোগকে 'অসত্য ও আজগুবি' বলে উড়িয়ে দিয়েছেন জামায়াত নেতা মি. পরওয়ার।
    • বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • সার্বিয়ার নির্বাচনে দেশটির দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার ভুচিচকে পরাজিত করেছে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’।
    • ব্রাজিলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হওয়ার পর ফলাফল প্রত্যাখ্যান করেছেন দেশটির ডানপন্থি নেতা ফ্লাভিও বোলসোনারো। তিনি বামপন্থি প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন। এ নিয়ে মি. লুলা চতুর্থবারের মতো ব্রাজিলের ক্ষমতায় বসতে যাচ্ছেন।
    • সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় এবারও জামিন পেলেন না জামায়াত সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। ফলে আপাতত কারাগারেই থাকতে হবে থাকে।
    • কলকাতার সরশুনা এলাকায় এক তরুণ ও তার বাবাকে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ঘোরানোর অভিযোগে এক কিশোরীর বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে পুলিশ।
    • ভারতের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কথিত আপত্তিকর মন্তব্য-সংক্রান্ত মানহানির মামলায় খালাস দিয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে ইরানের প্রেসিডেন্ট

    সোমবার তেহরানে অনুষ্ঠিত বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই অংশ নেন
    ছবির ক্যাপশান, সোমবার তেহরানে অনুষ্ঠিত বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই অংশ নেন

    মক্কা চুক্তির তিন সদস্য দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শেষ হয়েছে। সেখানে ঠিক কী আলোচনা হয়েছে, সেটির বিষয়ে কোনোপক্ষই বিস্তারিত জানায়নি।

    বৈঠক চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তিনি বিশ্বাস করেন যে, বিভেদের ওপর জোর না দিয়ে বরং নিজেদের "সাদৃশ্য ও অভিন্ন স্বার্থের" ওপর গুরুত্ব দিলে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো "আরও সহজে ও কার্যকরভাবে কাটিয়ে উঠা সম্ভব হবে"।

    সোমবার তেহরানে অনুষ্ঠিত বৈঠকে মি. পেজেশকিয়ান ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

    ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীরা "আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষেত্রসহ চার দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা চালিয়ে যেতে" সম্মত হয়েছেন।

    বৈঠক শেষে রাতেই মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মি. পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাক্ষাৎ করবেন।

  3. ঘূর্ণিঝড় 'অর্ণবে'র প্রভাবে বৃষ্টি হতে পারে বাংলাদেশের যেসব এলাকায়

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে সোমবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

    ঝড়টির নাম রাখা হয়েছে ‘অর্ণব’, যা বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

    পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে জড়টি সোমবার মধ্যরাত নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা।

    এসময় সোমবার রাত থেকে পরবর্তী কয়েকদিন চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সোমবারের আবহাওয়ার বুলেটিনে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    এসময় ঝড়-বৃষ্টির প্রভাবে সারা দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

    তবে ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত হানার শঙ্কা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাদের ধারণা, আগামী কয়েকদিনে ঘূর্ণিজড়টি 'অতি প্রবল ঘূর্ণিঝড়' আকার ধারণ করে ২৮শে অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল আঘাত হানতে পারে।

  4. কলকাতায় বাবা ও ছেলেকে নগ্ন করে ঘোরানোর অভিযোগে গ্রেফতার তিন

    কলকাতা পুলিশ ভ্যান - ফাইল ছবি
    ছবির ক্যাপশান, কলকাতা পুলিশ ভ্যান - ফাইল ছবি

    কলকাতার সরশুনা এলাকায় এক তরুণ ও তার বাবাকে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ঘোরানোর অভিযোগে এক কিশোরীর বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরীর বাবা, মামা এবং মা ছাড়াও মামলায় অভিযুক্ত অন্যদের খোঁজে অভিযান চলছে। অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশের ভাষ্য, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং কয়েকজন স্থানীয় সাক্ষীকেও শনাক্ত করা হয়েছে।

    প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ১৮ বছর বয়সী এক তরুণ তার বন্ধুকে সঙ্গে নিয়ে সরশুনার খালপাড় মাঠ এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে দেখা করতে যায়।

    অভিযোগ, সেখানে তরুণটি ওই কিশোরীকে চুম্বন করেন, যা কিশোরীর এক আত্মীয়ের পরিচিত ব্যক্তি দেখতে পান। এরপর কিশোরীর বাবা ও মামা দুই তরুণকে খুদিরামপল্লিতে একটি বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ।

    সেখানে তাদের মারধর করা হয় এবং সেই তরুণের বাবাকে ডেকে পাঠানো হয়। পরে ওই তরুণ, তারা বাবা ও বন্ধু তিনজনকেই বন্দুক দেখিয়ে কাপড় খুলতে বাধ্য করা হয় এবং বাড়ির সামনের গলিতে প্রায় ৫০ মিটার নগ্ন অবস্থায় হাঁটানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।

    তবে এখন পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

  5. তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ

    নাহিদ ইসলাম, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, নাহিদ ইসলাম, ফাইল ছবি

    বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    সোমবার মুন্সীগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    "বিএনপি অতীতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছে। ২০০৬ সালে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছে। তারা তখন সফল হয়নি। আবারও তারা পাঁয়তারা করছে কীভাবে নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। এটার মানে খুবই সুস্পষ্ট যে বিএনপি আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে হতে দিবে না," বলেন মি. ইসলাম।

    এ বিষয়ে সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, "আমরা স্পষ্টভাবে বলছি, এ পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। র‍্যাঙ্ক চয়েস সিস্টেম আমরা প্রস্তাবনা দিয়েছিলাম তার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।"

  6. 'ক্রসফায়ার' নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির
    ছবির ক্যাপশান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

    'ক্রসফায়ার' নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

    সেখানে দাবি করা হয়েছে যে, আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে মি. ফকির 'ক্রসফায়ার' শব্দটি উল্লেখ করেছেন।

    বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে সোমবার দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

    এরপর সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় এবং মানবাধিকার সংগঠনগুলো নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিতে থাকে। এমন পরিস্থিতি আইজিপি'র বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এই ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর।

    সোমবার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে পুলিশ সদরদপ্তর বলেছে, অপরাধ দমন করতে গিয়ে পুলিশের সদস্যরা অনেক সময় হামলার মুখে পড়েন।

    গত ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত চারজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

    "দেশের প্রচলিত আইন বিশেষ করে আত্মরক্ষার অধিকার, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে। আইজিপি তার বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন"।

    "তিনি এক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে 'ক্রসফায়ার' শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের লক্ষ্যে 'ক্রসফায়ার' শব্দটি উল্লেখ করেননি," বিবৃতি বলেছে পুলিশ সদরদপ্তর।

    মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অনৈতিক সুবিধা বা টাকা না পেলেই সাংবাদিকদের একাংশ 'পুলিশ অকার্যকর’ বলে সংবাদ প্রকাশ করে বলে যে মন্তব্য আইজিপি করেছেন, সেটি 'অসাবধানতাবশত' হয়েছে বলে দাবি করেছে পুলিশ সদরদপ্তর।

    "প্রকৃত অর্থে তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি, এটি অসাবধানতাবশত হয়েছে। বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ," পুলিশের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  7. ইরানের সঙ্গে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের বৈঠক শুরু

    আলাচনায় অংশ নেওয়া পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিরা
    ছবির ক্যাপশান, আলাচনায় অংশ নেওয়া পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিরা

    ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি যৌথ বৈঠক তেহরানে শুরু হয়েছে।

    বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী আসিম মুনির, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

    ইরানের প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

    সৌদি আরব এর আগে এক বিবৃতিতে বলেছিল, এই আলোচনার লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধ করা এবং একটি চুক্তির পথ প্রশস্ত করা।

    ইরানের প্রতিনিধিরা
    ছবির ক্যাপশান, আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধিরা
  8. তেহরানের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য জানালো সৌদি আরব

    সৌদি আরব ও ইরানের পতাকা

    সৌদি আরব বলেছে, তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে তাদের যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তার লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি ঠেকানো এবং একটি চুক্তির পথ প্রশস্ত করা।

    সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আলোচনার পথ খোলা রাখার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির বৈঠকে অংশ নিতে আজ তেহরানে পৌঁছেছেন। সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনও বৈঠকে যোগ দেবেন।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আসিম মুনিরের উদ্যোগেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

    সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক ৭ই অগাস্ট একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে, যা ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত হয়।

  9. ব্রাজিলের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন ফ্লাভিও বোলসোনারো

    ফ্লাভিও বোলসোনারো
    ছবির ক্যাপশান, ফ্লাভিও বোলসোনারো

    ব্রাজিলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হওয়ার পর ফলাফল প্রত্যাখ্যান করেছেন দেশটির ডানপন্থি নেতা ফ্লাভিও বোলসোনারো।

    তিনি বামপন্থি প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন। এ নিয়ে মি. লুলা চতুর্থবারের মতো ব্রাজিলের ক্ষমতায় বসতে যাচ্ছেন।

    ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, লুলা প্রায় ৫১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, ফ্লাভিও বলসোনারু পেয়েছেন ৪৮ দশমিক ২৪ শতাংশ ভোট।

    তবে লুলার এই জয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ফল বাতিলের দাবি করেছেন মি. বলসোনারো।

    "এটি স্বীকৃতিযোগ্য নয়," বলেন ফ্লাভিও বোলসোনারো।

    এ ঘটনার পর দেশটির রাজধানী বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে।

    প্রথম দফার নির্বাচনে ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারো। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি।

    দক্ষিণ আমেরিকার বড় দেশগুলোর মধ্যে ব্রাজিলই একমাত্র দেশ, যার নেতৃত্বে কোনো ডানপন্থি সরকার নেই। লুলা ডা সিলভাকে সাধারণত চীনঘনিষ্ঠ নেতা হিসেবে বিবেচনা করা হয়।

    দক্ষিণ আমেরিকার বড় দেশগুলোর মধ্যে ব্রাজিলই একমাত্র দেশ, যার নেতৃত্বে কোনো ডানপন্থী সরকার নেই
    ছবির ক্যাপশান, দক্ষিণ আমেরিকার বড় দেশগুলোর মধ্যে ব্রাজিলই একমাত্র দেশ, যার নেতৃত্বে কোনো ডানপন্থী সরকার নেই
  10. 'ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠকের' অভিযোগ, বিবিসিকে যা বললেন জামায়াত নেতা পরওয়ার

    মিয়া গোলাম পরওয়ার
    ছবির ক্যাপশান, মিয়া গোলাম পরওয়ার

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে 'গোপন বৈঠক' করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

    তবে এমন অভিযোগকে 'অসত্য ও আজগুবি' বলে উড়িয়ে দিয়েছেন জামায়াত নেতা মি. পরওয়ার।

    "এটা পুরোপুরিভাব অসত্য ও আজগুবি একটা দাবি। এ ধরনের বৈঠক করার প্রশ্নই আসে না,” বিবিসি বাংলাকে বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মি. পরওয়ার।

    সোমবার ফেসবুকের এক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গত ১৬ই অক্টোবর ঢাকার বারিধারা এলাকায় ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়; বৈঠকে আরেক জামায়াত নেতা এটিএম মাছুমসহ মোট তিন জন অংশগ্রহণ করেন।

    মিয়া গোলাম পরওয়ার বৈঠকের বিষয়টি খোলাসা করবেন- দাবি করে তিনি লিখেছেন, "অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামীলীগকে সাথে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!"

  11. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি'র বক্তব্যে মানবাধিকার সংগঠনের 'উদ্বেগ ও নিন্দা'

    বাংলাদেশের অতীতে বিভিন্ন সময় ক্রসফায়ারের ঘটনা ঘটেছে

    সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে মর্মে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির যে মন্তব্য করেছেন, সেটি নিয়ে 'উদ্বেগ ও নিন্দা' জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি' (এইচআরএসএস)।

    একইসঙ্গে, আইজিপির বক্তব্যের বিষয়ে 'স্পষ্ট ও দ্ব্যর্থহীন' ব্যাখ্যা দাবি করছেন তারা।

    সোমবার বিকেলে আলাদা বিবৃতিতে এসব কথা জানিয়েছে আসক এবং এইচআরএসএস।

    "এ ধরনের বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মূল নীতির পরিপন্থী। কোনো নাগরিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তাঁকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অধিকার রাষ্ট্র বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই," বলছে আইন ও সালিশ কেন্দ্র।

    আরেক বিবৃতিতে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, "বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত হয়েছে। একইভাবে, আন্তর্জাতিক মানবাধিকার আইনও জীবনের অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা দেয়। তাই ‘ক্রসফায়ার’ কোনোভাবেই বিচারিক প্রক্রিয়ার বিকল্প হতে পারে না।"

    বিবৃতিতে আরও বলা হয়েছে, "আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সম্ভাবনাকে সরকারি অনুমোদনের সঙ্গে যুক্ত করা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য গুরুতর উদ্বেগজনক। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব; তবে তা অবশ্যই আইনসম্মত প্রক্রিয়া, নিরপেক্ষ তদন্ত এবং বিচার বিভাগের কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে করতে হবে।"

    আইজিপির বক্তব্যের বিষয়ে 'স্পষ্ট ও দ্ব্যর্থহীন' ব্যাখ্যা দাবি করে এইচআরএসএস বলছে, "সরকার কি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অনুমোদনযোগ্য মনে করে, নাকি এটি আইজিপির ব্যক্তিগত বক্তব্য- তা অবিলম্বে পরিষ্কার করতে হবে। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে বিরত রাখার বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান এবং জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার প্রত্যাশা করছে এইচআরএসএস।"

    উল্লেখ যে, সোমবার দুপুরে পুরনো ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি মি. ফকির বলেন, "আমাদের দায়িত্ব, আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেটাই করব।”

  12. তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

    গত কয়েক মাসের মধ্যে তেহরানে এটি তার ষষ্ঠ সফর
    ছবির ক্যাপশান, গত কয়েক মাসের মধ্যে তেহরানে এটি আসিম মুনিরের ষষ্ঠ সফর

    ইরানের সঙ্গে বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।

    গত কয়েক মাসের মধ্যে তেহরানে এটি তার ষষ্ঠ সফর। এর আগের সফরটি হয়েছিল গত ১৮ই অক্টোবর।

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন তেহরানে সোমবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকে অংশ নেবেন।

    এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

  13. দিল্লিতে সংসদ ভবনের কাছে নর্থ ব্লকে আগুন নিয়ে যা জানা গেল

    দিল্লিতে নর্থ ব্লক থেকে যখন ধোঁয়া উঠতে দেখা যায়
    ছবির ক্যাপশান, দিল্লিতে নর্থ ব্লক থেকে যখন ধোঁয়া উঠতে দেখা যায়

    সোমবার সকালে ভারতের সংসদ ভবনের কাছে নর্থ ব্লকের পাশ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়, যার জেরে ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    বিজেপি সংসদ সদস্য মিলিন্দ দেওরা এক্স-এ লিখেছেন, “সংসদে যাওয়ার সময় নর্থ ব্লকের পেছন দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেছি। মনে হচ্ছে সেখানে আগুন লেগে থাকতে পারে। আশা করি সবাই নিরাপদ আছেন এবং জরুরি পরিষেবাগুলো দ্রুত ব্যবস্থা নিচ্ছে।”

    ভারতের স্থানীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর তথ্য অনুযায়ী, নর্থ ব্লকে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় একটি স্ফুলিঙ্গ কাছাকাছি রাখা একটি এসির ট্যাংকে পৌঁছে গেলে আগুন ধরে যায়।

    তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কোনো কারণ এখনো জানানো হয়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সোমবার সকাল প্রায় ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় এবং দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে।

  14. সার্বিয়ার নির্বাচনে আন্দোলনকারী শিক্ষার্থী জোটের জয়, ফল মেনে নিয়েছেন ভুচিচ

    ছবিতে স্টুডেন্ট লিস্টের প্রধান প্রার্থী ইলিয়া স্রদানোভিচকে দেখা যাচ্ছে
    ছবির ক্যাপশান, ছবিতে স্টুডেন্ট লিস্টের প্রধান প্রার্থী ইলিয়া স্রদানোভিচকে জয় উদযাপন করতে দেখা যাচ্ছে

    সার্বিয়ার নির্বাচনে দেশটির দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার ভুচিচকে পরাজিত করেছে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’।

    মি. ভুচিচও নির্বাচনের ফল মেনে নিয়েছেন। এর মধ্য দিয়ে বলকান অঞ্চলের দেশটিতে তার দীর্ঘ শাসনের অবসান ঘটলো।

    জনতুষ্টবাদী জাতীয়তাবাদী নেতা আলেকজান্ডার ভুচিচ ২০১৪ সাল থেকে প্রথমে প্রধানমন্ত্রী, তারপর প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন।

    কিন্তু ওই সময়ে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। একপর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামেন শিক্ষার্থীরা।

    প্রায় ১৮ মাস ধরে সরকারবিরোধী আন্দোলন চলার পর গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তাফা দিতে বাধ্য হন ভুচিচ। সেইসঙ্গে, আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি।

    রোববার প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের জোট 'স্টুডেন্ট লিস্ট’ সার্বিয়ার পার্লামেন্টের ২৫০ আসনের মধ্যে ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে, ভুচিচের নিজের দল ‘সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি’ ১০৫টি আসন পেরে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

    "এটা পরিষ্কার যে, আমরা এই নির্বাচনে হেরে গেছি," প্রাথমিক ফলাফল প্রকাশ হওয়ার পর এক টেলিভিশন ভাষণে বলেন আলেকজান্ডার ভুচিচ।

    দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর এ দফায় প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে অংশ নেন মি. ভুচিচ।

    কিন্তু নির্বাচনে তার দল পরাজিত হয়েছে। সেই খবর জানার পর সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসে উৎসব করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

  15. অমিত শাহের বিরুদ্ধে 'আপত্তিকর মন্তব্যের' মামলায় খালাস পেলেন রাহুল গান্ধী

    রাহুল গান্ধী - ফাইল ছবি
    ছবির ক্যাপশান, রাহুল গান্ধী - ফাইল ছবি

    উত্তর প্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালত কংগ্রেস নেতা এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কথিত আপত্তিকর মন্তব্য-সংক্রান্ত মানহানির মামলায় খালাস দিয়েছে।

    আদালতের বিচারক শুভম বর্মা সোমবার, ২৬শে অক্টোবর এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রাহুল গান্ধী আদালতেই উপস্থিত ছিলেন। উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের চেয়ারম্যান কুনওয়ার সিং নিষাদ রাহুল গান্ধীর খালাস পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

    অভিযোগকারী বিজয় মিশ্রের আইনজীবী সন্তোষ কুমার পাণ্ডে জানান, আদালত রাহুল গান্ধীকে খালাস দিয়েছে। তবে আদালত আমাদের জমা দেওয়া সিডিটিকে সঠিক বলে মেনে নিয়েছে এবং তার বক্তব্যও গ্রহণ করেছে, কিন্তু সেই বক্তব্যকে মানহানিকর বলে মনে করেনি।

    এই মামলাটি ২০১৮ সালের, যখন কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন।

    এই মামলার শুনানিতে যাওয়ার সময়ে রাহুল গান্ধীর কনভয়ের কয়েকটি গাড়ি উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তবে দুর্ঘটনাটি ছিল সামান্য এবং এতে কেউ গুরুতর আহত হননি।

    সুলতানপুর জেলার হালিয়াপুর থানা এলাকার মধ্যে এক্সপ্রেসওয়ের ৯০ কিলোমিটার পয়েন্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় চারটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্স জড়িত ছিল।

    হালিয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতুল কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, রাহুল গান্ধীর গাড়ির পেছনে থাকা চারটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্স পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়েছিল।

  16. এবারও জামিন পেলেন না জামায়াতের আখতারুজ্জামান

    অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে
    ছবির ক্যাপশান, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে

    সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় এবারও জামিন পেলেন না জামায়াত সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। ফলে আপাতত কারাগারেই থাকতে হবে থাকে।

    সোমবার শুনানি শেষে আখতারুজ্জামানের জামিন আবেদন খারিজ করে দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

    এর আগে, একই মামলায় গত চৌঠা অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।

    উল্লেখ্য যে, গত দোসরা অক্টোবর ঢাকার শাহজালাল বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার হন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।

  17. কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু

    কেরাণীগঞ্জের নারিকেলবাগ এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন

    ঢাকার কেরাণীগঞ্জের নারিকেলবাগ এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

    এ ঘটনায় উদ্ধার আরেকজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা 'আশঙ্কাজনক' বলে জানিয়েছের চিকিৎসক।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সাতটি ইউনিটের চেষ্টায় বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    আগুনে ঘটনাস্থলেই একজন পুরুষ ব্যক্তি পুড়ে মারা গেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

    তবে তার নাম-পরিচয় সম্পর্কে এখনও পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।

    কারখানাটি থেকে উদ্ধার অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার চাঁনখারপুল এলাকায় অবস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

    আগুনে তার শরীরের বর্হিভাগের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তারা।

  18. পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের সফর নিশ্চিত করেছে তেহরান

    যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের একটি ভবনের সামনে অন্য ভবনে দেশটির একটি পতাকা উড়ছে

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকে অংশ নেবেন।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও জানিয়েছেন যে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে আজকের এই যৌথ বৈঠকের প্রস্তাবটি ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরের সময় দিয়েছিলেন।

    আলী বাঘেরি এর আগে জানান, সাম্প্রতিক যুদ্ধের সময় “ইরানের সফল জাতীয় নিরাপত্তা অভিজ্ঞতা” থেকে শিক্ষা নিয়ে ইরান ও এই তিন দেশ “আঞ্চলিক নিরাপত্তা” নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে পারে।

    বার্তা সংস্থা রয়টার্স দুটি অবগত সূত্রের বরাত দিয়ে জানায়, মক্কা চুক্তিভুক্ত দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ তেহরানে আঞ্চলিক সমন্বয়-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন।

    এমন এক সময় এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

    অক্টোবরের শুরুর দিকে রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মক্কা চুক্তির সদস্য এই তিন দেশের কর্মকর্তারা সৌদি আরবে সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের বিষয়ে সম্মত হন।

  19. মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

    বিএনপি নেত্রী এলিজা জামান
    ছবির ক্যাপশান, সোববার ঢাকায় নির্বাচন কমিশনে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেত্রী এলিজা জামান

    ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনার জেরে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া ফেরদৌসী আহমেদ মিষ্টির জায়গায় নতুন এমপি হতে যাচ্ছেন আরেক বিএনপি নেত্রী এলিজা জামান।

    দলের সমর্থন পাওয়ার পর সোববার তিনি নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    মিজ জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। একইসঙ্গে, তিনি পিরোজপুর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনে আগামী ১২ই নভেম্বর 'পরোক্ষ ভাট' হওয়ার কথা রয়েছে।

    সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী, আসনটি বিএনপি'ই পাচ্ছে।

    এক্ষেত্রে এলিজা জামানের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন।

    তার আগে, আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। কোনো কারণে মনোনয়নপত্র বাতিল হলে সিদ্ধান্তটির বিরুদ্ধে বুধবার পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৯শে অক্টোবর তারিখে।

  20. যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির আলোচনার প্রস্তাবে যা বললো ইরান

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনার আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, “ইউরোপ নিজেই সমস্যার অংশে পরিণত হয়েছে”।

    “গত দুই বছরে ইউরোপীয় দেশগুলো কোনো গঠনমূলক ভূমিকা পালন করেনি,”বলেন তিনি।

    উল্লেখ্য, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল ২৩শে অক্টোবর ইস্তানবুলে ইউরোপীয় ও আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন প্রস্তুত।

    এরই প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তখনও ইউরোপীয় দেশগুলো এসব হামলার নিন্দা জানায়নি। বরং তারা এমন বিবৃতি দিয়েছে, যা তার ভাষায় “মার্কিন সামরিক আগ্রাসনের প্রতি সমর্থনের” শামিল।