ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫০০ কোটি ডলার, জানিয়েছে পেন্টাগন

বাংলাদেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাজেট বাড়িয়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব করায় আইন প্রণেতাদের প্রশ্নের মুখোমুখি ট্রাম্প প্রশাসন।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং আরো তিন জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।
    • বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। সেইসঙ্গে, লিটারে দুই টাকা করে বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম। এখন থেকে খোলা তেলের লিটার ১৭৯ টাকা দরে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।
    • জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
    • সাবেক অন্তর্বর্তী সরকারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিটি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
    • ভারী বর্ষণে সুনামগঞ্জের হাওড়াঞ্চলসহ তিন জেলায় যেসব কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র 'সামরিকভাবে বিজয় লাভ করেছে' বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন।
    • ইরান যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২৫০০ কোটি) মার্কিন ডলার খরচ হয়েছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।
    • ইরান যুদ্ধ শুরুর পর বাজেট নিয়ে প্রথমবার প্রশ্নের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য বুধবার তাকে যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নিতে হয়েছে।
    • গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান।
    • ইয়েমেনিরা বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করার অপেক্ষা করছে, দাবি করেছেন ইরানি একজন কর্মকর্তা।
    • উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে দু'জন ইহুদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
    • নাগরিকদের সরকারি জামানতে ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিয়েছে ইরান।
    • যুদ্ধের কারণে বন্ধ ঘোষণা করার প্রায় দু'মাস পর রাশিয়া ও চীনের সঙ্গে আবার বিমান চলাচল শুরু হতে যাচ্ছে ইরান।
    • ইরানি নেতাদের সতর্ক করে দ্রুত তাদের 'শুভবুদ্ধি উদয় হওয়ার' প্রত্যাশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। একই সঙ্গে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে চার হাজারেরও বেশি মানুষকে ইরানের সরকার গ্রেফতার করেছে বলেও জানানো হয়েছে।
    • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের গেজেট হবে বৃহস্পতিবার।
    • মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হবে বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে আবারও লাইভপাতা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. কারা স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করেছিল, সেটা প্রতিষ্ঠিত: সংসদে আইনমন্ত্রী

    সংসদ

    ছবির উৎস, BD National Parliament

    সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাস হওয়ার সময় জামায়াতে ইসলামী বিরোধিতা করেনি মন্তব্য করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ওই আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন।

    বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

    "বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২৬ এ নির্ধারিত করা হয়েছে, সেই সংশোধনীতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর- তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী, তৎকালীন নেজামে ইসলামী এবং আল বদর, আল শামস বাহিনী, রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের যে সমস্ত দামাল ছেলেরা, যারা সংগ্রাম করেছেন, তাদের বীর মুক্তিযোদ্ধা বলা হয়েছে। এ আইন এই সংসদে পাস হয়েছে।"

    "সেই আইনে জামায়াতে ইসলামী কার্যত বিরোধিতা করেনি। এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে," বলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

    "বাই অপারেশন অব ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাহলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন। কারা খুন, গুম, ধর্ষণের সাথে জড়িত ছিল। কারা বাংলাদেশের অসংখ্য, অগণিত মানুষের জীবন কেড়ে নেওয়ার সাথে জড়িত ছিল," যোগ করেন আসাদুজ্জামান।

  3. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

    পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট, ফাইল ছবি

    ইরান যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২৫০০ কোটি) মার্কিন ডলার খরচ হয়েছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।

    বুধবার যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে হাজির হয়ে তিনি এই তথ্য দেন।

    ২৫ বিলিয়ন ডলারের সিংহভাগই যুদ্ধাস্ত্র বাবদ খরচ হয়েছে বলে জানান তিনি।

  4. ইরান যুদ্ধ শুরুর পর বাজেট নিয়ে প্রথমবার প্রশ্নের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ড্যান কেইন

    ছবির উৎস, Getty Images

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাজেট বাড়িয়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন।

    বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য এখন যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হতে হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে।

    গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম মার্কিন আইনপ্রণেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন হেগসেথ।

    বুধবার শুনানিতে তার সঙ্গে অংশ নিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যান কেইন।

  5. দুই জেলায় বন্যার অবনতির শঙ্কা, তিন জেলা ঝুঁকিতে

    নেত্রকোনায় হাওরাঞ্চলের অনেক জমি বন্যায় তলিয়ে গেছে
    ছবির ক্যাপশান, নেত্রকোনায় হাওরাঞ্চলের অনেক জমি বন্যায় তলিয়ে গেছে

    বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং আরো তিন জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।

    একটি বিবৃতিতে তারা জানায়, নেত্রকোনা জেলার ভূগাই-কংস নদী জারিয়াজাঞ্জইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজার জেলার মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এছাড়া, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে।

    গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি-ভারী থেকে ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আগামী তিনদিন ভারী থেকে অভিভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

    বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। দুই জেলারই হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

    এছাড়া হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

  6. লন্ডনে ইহুদিদের ওপর হামলার ঘটনা 'গভীরভাবে উদ্বেগজনক', বললেন স্টারমার

    প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

    ছবির উৎস, PA Media

    উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে দু'জন ইহুদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

    বুধবারের ওই ঘটনার পর সংসদে দাঁড়িয়ে কথা বলেন তিনি। জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

    এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

  7. ভারী বৃষ্টিপাত কতদিন চলবে- যা বলছে আবহাওয়া অধিদপ্তর

    বৃষ্টিপাত

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এ সময়ে ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    এর ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে।

    এছাড়া চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলেও জানানো হয়েছে।

    তবে আগামী চৌঠা মে থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  8. নাগরিকদের সরকারি জামানতে ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিল ইরান

    ইরানের একটি বাজার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সরকারি জামানতের আওতায় নাগরিকদের বাকিতে কেনাকাটার সুযোগ দিচ্ছে ইরান সরকার

    ইরানি গণমাধ্যম জানিয়েছে, সরকার নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় নাগরিকরা বাকিতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন, আর ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে সরকার সহায়ক ভূমিকা রাখবে।

    পরিকল্পনা অনুযায়ী, যারা সরকারি সহায়তা পায়—এমন পরিবারগুলো প্রতি দুই মাসে একবার দোকান থেকে মৌলিক পণ্য বাকিতে কিনতে পারবে, যার মূল্য তাদের প্রাপ্ত সহায়তার অঙ্কের বেশি হবে না।

    প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার অর্থায়ন করা হবে বেসরকারি কোম্পানির মাধ্যমে।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে বহু পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    এদিকে তেহরানভিত্তিক পত্রিকা ‘ডোনিয়া-ই-ইকতেসাদ’ চলতি বছরে মূল্যস্ফীতির হার নিয়ে তিনটি সম্ভাব্য পূর্বাভাস তুলে ধরেছে।

    পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি কোনো সমঝোতায় পৌঁছানো যায়, তাহলে সর্বোত্তম পরিস্থিতিতে মূল্যস্ফীতি প্রায় ৪৯ শতাংশে সীমিত থাকতে পারে।

    যদি ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি অব্যাহত থাকে—যেমনটি গত বছর ১২ দিনের যুদ্ধের পর এবং এ বছর মার্কিন–ইসরায়েলি হামলার আগে দেখা গিয়েছিল—তাহলে মূল্যস্ফীতি ৬৭ শতাংশে পৌঁছাতে পারে।

    আর যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র আকার নিলে ইরান অতিমূল্যস্ফীতির পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে মূল্যস্ফীতির হার প্রায় ১২৩ শতাংশে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  9. দু'মাস পর রাশিয়া ও চীনের সঙ্গে বিমান চলাচল শুরুর ঘোষণা ইরানের

    যুদ্ধের কারণে বন্ধ ঘোষণা করার প্রায় দু'মাস পর রাশিয়া ও চীনের সঙ্গে আবার বিমান চলাচল শুরু হতে যাচ্ছে ইরান।

    প্রাথমিকভাবে তেহরান থেকে রাশিয়া ও চীন বিমান চলাচল করবে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

  10. উত্তর লন্ডনে ছুরিকাঘাতে দু'জন ইহুদি গুরুতর আহত

    উত্তর লন্ডনে ছুরিকাঘাতে দু'জন ইহুদি গুরুতর আহত হয়েছেন। শহরের গোল্ডার্স গ্রিনে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    সেইসঙ্গে, হামলায় আহত দুইজন পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    গত মাসে ওই একই এলাকায় একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  11. ইরানের ওপর দীর্ঘ অবরোধের প্রস্তুতি নিতে ট্রাম্পের নির্দেশ: ওয়াল স্ট্রিট জার্নাল

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

    মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি বৈঠক মি. ট্রাম্প এই নির্দেশ দিয়েছেন, কারণ তিনি ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখতে চান।

    এক্ষেত্রে ইরানের বন্দরগুলোর ওপর চলমান মার্কিন নৌ অবরোধ আরও দীর্ঘ হতে পারে বলে জানান কর্মকর্তারা।

    ট্রাম্প মনে করেন, ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার চেয়ে নৌ অবরোধ অব্যাহত রাখাটা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ।

  12. সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের গেজেট বৃহস্পতিবার

    সংসদ ভবন

    ছবির উৎস, BBC/MUKIMULA AHSAN

    বাংলাদেশের বর্তমান সংসদের সংরক্ষিত নারী আসনে বিভিন্ন দল থেকে মনোনিতদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায় ৪৯ জনের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার তাদের নামে গেজেট প্রকাশ করা হবে। এরপর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে সেটি পাঠানো বলে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন।

  13. সয়াবিন তেলের দাম বাড়ল

    সয়াবিন তেল

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। সেইসঙ্গে, লিটারে দুই টাকা করে বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম।

    এখন থেকে খোলা তেলের লিটার ১৭৯ টাকা দরে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

    তবে পাম তেলের দাম আগের মতোই রয়েছে।

    বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

  14. যুদ্ধ শুরুর পর থেকে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড: জাতিসংঘ

    জাতিসংঘের পতাকা

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়।

    এর মধ্যে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত নয়জন, বিরোধী দলের সদস্য অভিযোগে দশ জনকে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

    একই সঙ্গে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে চার হাজারেরও বেশি মানুষকে ইরানের সরকার গ্রেফতার করেছে বলেও জানানো হয়েছে।

    এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

    সংস্থাটি মনে করেন, যে বিচার প্রক্রিয়ায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে, সেটি যথাযথ হয়নি।

    বেশিরভাগ ক্ষেত্রে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করেন কর্মকর্তারা।

    ফলে গ্রেফতার ও মৃত্যুদণ্ডের ঘটনায় মানবাধিকারের লঙ্ঘন হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তারা।

  15. সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ছবির উৎস, Sangsad TV

    ছবির ক্যাপশান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় সেশনের শুরুতে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

    এসময় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাব করা হয়। এর মধ্যে সরকারি দল থেকে ১২ জন এবং বিরোধিদল থেকে পাঁচ জনের নাম আহ্বান করেন আইনমন্ত্রী।

  16. ইরানি নেতাদের সতর্ক করলেন ট্রাম্প

    ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবি

    ছবির উৎস, Truth Social

    ছবির ক্যাপশান, ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবি

    ইরানি নেতাদের সতর্ক করে দ্রুত তাদের 'শুভবুদ্ধি উদয় হওয়ার' প্রত্যাশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, "ইরান কোনো কিছু ঠিকভাবে করতে পারছে না"।

    "কীভাবে একটি পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তিতে স্বাক্ষর করতে হয়, তারা তা জানে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের হুঁশ ফেরা উচিত," যোগ করেছেন ট্রাম্প।

    সামাজিক মাধ্যমে তিনি নিজের একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে তার হাতে অস্ত্র এবং পেছনে গোলা বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে।

    ছবির শিরোনামে লিখেছেন- "নো মোর মি. নাইস গাই!"

  17. মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হবে: সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান

    ছবির উৎস, Sangsad TV

    ছবির ক্যাপশান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার, আল বদর এবং আল শামস বাহিনীর হাতে বাংলাদেশের মোট কত মানুষ হত্যা ও গণহত্যার শিকার হয়েছেন, সেটির সঠিক পরিসংখ্যান বের করতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।

    বুধবার সংসদে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

    স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা করা না হওয়ায় এ নিয়ে এখনও বিতর্ক হতে দেখা যায় বলে মন্তব্য করেন মন্ত্রী।

    "সরকার মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গণহত্যার শিকার ও সব শহীদের একটি ‘নির্ভুল ও গ্রহণযোগ্য’ তালিকা প্রণয়ন করা সম্ভব হবে," বলেন মি. খান।

  18. যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

    স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা

    ছবির উৎস, Sangsad TV

    সাবেক অন্তর্বর্তী সরকারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিটি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।

    রুমিন ফারহানা বলেন, মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। সে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাণিজ্যচুক্তিটির বিষয়ে বেশ কিছু কথা বলেছেন।

    সংসদ নির্বাচনের তিন দিন আগে হওয়া ওই চুক্তি নিয়ে মিজ ফারহানা বলেন, চুক্তির সময় দেশের 'সুশীল সমাজ ও থিংকট্যাংক মহল' থেকে বলা হয়েছিল যে, একটি অনির্বাচিত সরকার এ ধরনের চুক্তি সই করতে পারে না। এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে, যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী।

    "এই চুক্তি ৬০ দিনের মধ্যে যদি সরকার চায়, তারা এটিকে বাতিল করতে পারে। চুক্তিটি সংসদে আনা হোক," বলেন রুমিন ফারহানা।

    এ সময় রুমিন ফারহানাকে থামিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে।"

  19. হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

    বুধবার জাতীয় সংসদে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ভারী বর্ষণে সুনামগঞ্জের হাওড়াঞ্চলসহ তিন জেলায় যেসব কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

    "গত তিনদিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়," বলেন তারেক রহমান।

    বুধবার সকালে পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    "আজ সকালে অধিবেশন শুরু হওয়ার আগে আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়েছি, এ তিন জেলাসহ ময়মনসিংহের কিছু এলাকা প্রবল বর্ষণে সমস্যার সম্মুখীন হয়েছে।"

    "এসব এলাকার যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের লোকেট করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো," বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে একটি সমীক্ষা সমাপ্ত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

  20. ইয়েমেনিরা বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করার অপেক্ষা করছে- ইরানি কর্মকর্তার দাবি

    ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি

    ছবির উৎস, Corbis via Getty Images

    ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি বলেছেন, “আমাদের অবস্থান এখনো শক্ত” এবং “আমরা এখনো আমাদের নতুন তাস খেলিনি”।

    ইরানি টেলিভিশনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বাব এল-মান্দেবের গুরুত্ব হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম নয়, আর ইয়েমেনিরা এই প্রণালি অবরোধ করে আমেরিকাকে আরেকটি আঘাত দেওয়ার জন্য অপেক্ষা করছে”।

    এমন এক সময়ে এই বক্তব্য এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করছে।

    আলাউদ্দিন বোরুজেরদি আরও বলেন, আলোচনায় তার উপস্থিতি ছিল “সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী”।

    এর আগে, গত সপ্তাহে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলি খাজারিয়ান বলেছিলেন, ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাড়ানোর “বিরোধী”।

    এদিকে, বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত তাসনিম সংবাদ সংস্থা এর আগে এক ইরানি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, “বাব এল-মান্দেব প্রণালিকে বিশ্বের অন্যতম কৌশলগত প্রণালি হিসেবে বিবেচনা করা হয় এবং এ বিষয়ে বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ হুমকি তৈরি করার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা—দুটিই রয়েছে।”

    বাব এল-মান্দেব প্রণালিটি লোহিত সাগরের তীরে ইয়েমেন এবং আফ্রিকার তীরে জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত।

    ভারত মহাসাগর ও এডেন উপসাগর থেকে আসা সামুদ্রিক যানগুলোকে সুয়েজ খালে পৌঁছাতে এই প্রণালি দিয়েই যেতে হয়।

    ১১৫ কিলোমিটার দীর্ঘ ও ৩৬ কিলোমিটার প্রশস্ত এই প্রণালিটি বৈশ্বিক বাণিজ্যে এক অবিচ্ছেদ্য সংযোগস্থলে পরিণত হয়—যার মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ নিশ্চিত হয়।

    বাব এল-মান্দেব

    ছবির উৎস, Gallo Images via Getty

    ছবির ক্যাপশান, বাব এল-মান্দেব