লাইভ, চার-পাঁচ মাসের ম‌ন্ত্রিত্বের অ‌ভিজ্ঞতায় দে‌খে‌ছি, কিছুই বদলায়নি: মির্জা ফখরুল

বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে।" অন্যদিকে, হবিগঞ্জে হামলার ঘটনার দুদিন পর আজ আবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলার অভিযোগ করেছে দলটি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. চার-পাঁচ মাসের ম‌ন্ত্রিত্বের অ‌ভিজ্ঞতায় দে‌খে‌ছি, কিছুই বদলায়নি: মির্জা ফখরুল

    স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    "আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিতো, তারা আটকে দিচ্ছে," বলেছেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "আমার বয়স অনেক। আমি তো সত্যিকারার্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমরা আমাদের মধ্যে দেখছি না।

    "কিন্তু আশাবাদী হই এই কারণেই যে, আমি একজন মানুষের মধ্যে পরিবর্তন দেখেছি। সেটা তারেক রহমান। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে সবাই মিলে সামনে নিয়ে গেলে হয়তো এই পরিবর্তনটা হবে।"

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে সকলে যদি মন-মানসিকতায় পরিবর্তন আনেন, তাহলে জুলাই আন্দোলন সফল হবে।

  2. এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলার অভিযোগ

    সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আবারও

    ছবির উৎস, Nahid Islam/Facebook

    ছবির ক্যাপশান, সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আবারও

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িতে আবারও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

    আজ দুপুর সোয়া তিনটার দিকে এনসিপি'র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

    তিনি লিখেছেন, সিলেটের গোলাপগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে এই ঘটনা ঘটেছে।

    "সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী বাহিনী," বলেন তিনি।

    সারজিস আলমও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, "২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?"

    এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে সারজিস আলম আরেকটি পোস্টে লেখেন, "সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি'র সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।

    এদিকে, সিলেটের পুলিশ জানিয়েছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষ করে সিলেটের কানাইঘাটে য়াওয়ার পথে সারজিস আলমের ঘাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির কাঁচ ভেঙেছে; কেউ হতাহত হয়নি।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। সে ব্যাপারে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এনসিপি। যদিও বিএনপি নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

  3. সিলেটে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে বিজিবি মোতায়েন, ছয় উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার

    সিলেট

    ছবির উৎস, Google

    সিলেটের দুইটি উপজেলায় আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে সিলেটের ছয় উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

    সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে জানিয়েছেন, এনসিপি'র কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেইসাথে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশও দায়িত্বরত আছে।

    সিলেটের ১৩টি উপজেলার মাঝে ছয়টি উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    সেগুলো হলো– কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা।।

    গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই হামলায় আহত হন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

    এর প্রতিবাদে এনসিপি বুধবার সমাবেশ ডাকলে ছাত্রদল একই স্থানে সমাবেশ ডাকে।

    পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা বাহুবল থেকে মৌলভীবাজার ফিরে যান।

    বুধবার রাতে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এনসিপি।

    শুক্রবার আরও তিন উপজেলায় এ পদযাত্রা করার কর্মসূচি রয়েছে এনসিপির।

  4. বুধবার সারাদিন যা যা হলো:

    • জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি। ওই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও ছাত্রদল। পরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
    • এনসিপির কর্মসূচিতে অংশ নিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ নেতারা হবিগঞ্জের পথে রওনা হলে মৌলভীবাজার ও হবিগঞ্জের অন্তত চার জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ করেছে দলটি।
    • আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।
    • চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভোরে যশোর পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়ক থেকে তাদেরকে আটক করে।
    • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া ও সদ্য নিয়োগকৃত নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
    • মৃত্যুর দেড় বছর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কয়লা কেলেঙ্কারি মামলা থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার তার বিরুদ্ধে চলা কয়লা কেলেঙ্কারি মামলার সমাপ্তি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
    • ভারতের বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ‘ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফর্মেশনম্যানেজমেন্ট সিস্টেমে’র তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় শিবসাগরে সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে